সন্তুষ্ট সিমিওনে

সেভিয়ার বিপক্ষে কাল দারুণ খেলেই জয় পেয়েছে স্প্যানিশ লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ। ৪-০ গোলের এই জয়কে ‘দারুণ’ হিসেবে অভিহিত করেছেন খোদ অ্যাটলেটিকো কোচ ডিয়েগো সিমিওনেই। বলেছেন, ছোট-খাট দুর্বলতাগুলোকে ঢেকে দেওয়া এই জয় নাকি তাঁকে মৌসুমের শুরুতে রিয়াল মাদ্রিদকে হারিয়ে সুপার কাপ জয়ের মুহূর্তটিকে স্মরণ করে দিচ্ছে।
খেলার প্রধমার্ধেই কোকে ও সাউলের গোলে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ভিসেন্তে ক্যালদরনের দলটি। দ্বিতীয়ার্ধে দুই ‘রাউল’ গার্সিয়া ও জিমেনেজের গোলে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় তুলে নেয় সিমিওনের শিষ্যরা।
সেভিয়ার বিপক্ষে খেলাটিকে এই মৌসুমে অ্যাটলেটিকোর অন্যতম ‘সেরা ম্যাচ’ হিসেবে অভিহিত করেছেন সিমিওনে, ‘নিঃসন্দেহে এটি আমাদের সেরা ম্যাচ। তবে আমি এই মৌসুমের শুরুতে রিয়ালের বিপক্ষে সুপারকাপের ফাইনালকেও সেরা ম্যাচের তালিকা থেকে বাদ দিতে পারছি না।’
তাঁর দলের খেলোয়াড়দের কাছ থেকে যে ‘ধারাবাহিকতা’ খুঁজে ফেরেন সিমিওনে, সেভিয়ার বিপক্ষে নাকি সেই ধারাবাহিকতা পুরোপুরিই লক্ষ্য করেছেন তিনি। এই ম্যাচে পুরো ৯০ মিনিট জুড়ে একই ছন্দে খেলার ব্যাপারটিই তাঁকে দিচ্ছে সবচেয়ে বড় সন্তুষ্টি, ‘মূল ব্যাপার হলো পুরো ৯০ মিনিট একই ছন্দে ধারাবাহিকতার সঙ্গে খেলে যাওয়া। সেভিয়ার বিপক্ষে সেই ধারাবাহিকতা, সেই ছন্দ আমি লক্ষ্য করেছি। ছন্দ ধরে রাখাটাই সবচেয়ে বেশি কঠিন।’
সুযোগ তৈরি করা আর ম্যাচে আধিপত্য বজায় রাখার বিষয়টিও সিমিওনের সন্তুষ্টির অন্যতম কারণ, ‘এই ম্যাচে অ্যাটলেটিকো যথেষ্ট সুযোগ তৈরি করেছে, বল হারালে আমরা খুব দ্রুতই তা খুঁজে নিয়েছি। সেভিয়া মাঠে যখনই আমাদের জায়গা করে দিয়েছে তখনই আমরা সেই সুযোগ কাজে লাগিয়েছি। পুরো খেলাটাই এই মৌসুমে আমাদের জন্য পাথেয় হয়ে থাকবে।’
স্প্যানিশ লিগে পয়েন্ট তালিকায় এই মুহূর্তে বার্সেলোনার পরেই অর্থ্যাৎ দ্বিতীয় স্থানে আছে অ্যাটলেটিকো। ছয় ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৪ পয়েন্ট। সূত্র: এএফপি।