সন্ত্রাস ০: ১ ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

যাঁরা তখনো জানতেন না, টিভি খুলে একটু হকচকিয়েই গেলেন। বাংলাদেশে এক চ্যানেলে জুভেন্টাস-বার্সেলোনার ম্যাচ দেখানোর কথা ছিল, অন্য চ্যানেলে বরুসিয়া ডর্টমুন্ড-মোনাকো। ইউরোপের তরুণতম, ও সবচেয়ে আক্রমণাত্মক দলগুলোর দুটির ম্যাচ নিয়ে অনেকে উচ্ছ্বসিতও ছিলেন। কিন্তু টিভি চ্যানেল খুলতেই ধাক্কা—এ কী! দুই চ্যানেলেই জুভ-বার্সার ম্যাচ! ডর্টমুন্ড-মোনাকো ম্যাচের কী হলো!

.
.

কী হলো সেটি ততক্ষণে অনেকেই জেনে গেছেন। খবরটা ছড়িয়ে পড়তে শুরু করেছে সারা বিশ্বে। রীতিমতো দুঃস্বপ্ন! স্টেডিয়ামে যাওয়ার পথে ডর্টমুন্ডের বাসের আশপাশে সন্ত্রাসী হামলা! তিন-তিনটি বোমা ফেটেছে। সৌভাগ্যবশত কোনো খেলোয়াড় বা কারও তেমন বড় কোনো ক্ষতি হয়নি। তবে বোমার কারণে সৃষ্ট কাঁপুনিতে ডর্টমুন্ডের বাসের জানালা ভেঙে গেছে। ডিফেন্ডার মার্ক বার্ত্রার হাতে আঘাত লাগায় তাঁকে সঙ্গে সঙ্গেই হাসপাতালেও নিয়ে যাওয়া হয়।
তাৎক্ষণিক আতঙ্ক তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত সন্ত্রাসীদের পরাজয়ই হয়েছে। দিন শেষে জয় হয়েছে ফুটবলের। ভ্রাতৃত্বের, বন্ধুত্বের, শান্তির।

.
.

হামলার পরই ঘোষণা করা হয়, ম্যাচটি হবে পরদিন (আজ)। তা মোনাকো সমর্থকদের জন্য অপরিকল্পিতভাবে ডর্টমুন্ডে এক দিন বাড়তি থাকা, হঠাৎ করে হোটেল বা মাথা গোঁজার ঠিকানা বের করে নেওয়া কঠিনই হতো। তখনই বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল ডর্টমুন্ড। এমনিতে জার্মান ক্লাবটির সৌজন্য, ভদ্রতাবোধ অনেক প্রশংসিত। কাল আরও একবার নিজেদের সৌজন্যবোধ দেখাল ডর্টমুন্ড।
ম্যাচ গতকালের বদলে আজ হবে, এই ঘোষণার পরপরই ডর্টমুন্ডের আনুষ্ঠানিক টুইটার পেজে থেকে টুইট আসে মোনাকো সমর্থকদের উদ্দেশে। হ্যাশট্যাগে ‘বেড ফর অ্যাওয়ে ফ্যানস’ দিয়ে লেখা হয়, যাঁরা থাকার জায়গা খুঁজছেন, তাঁরা এই হ্যাশট্যাগ দিয়ে দয়া করে টুইট করুন। ডর্টমুন্ড সমর্থকেরাও যে যার মতো করে এই হ্যাশট্যাগ দিয়ে টুইট করতে থাকেন, কার বাসায় কতজন থাকার মতো জায়গা আছে, তা জানিয়ে।

.
.

মোনাকো সমর্থকেরাও তো বন্ধুত্বের জয়গান শুনিয়েছিলেন। ডর্টমুন্ডের স্টেডিয়ামে বোমা হামলার খবরটা এসে পৌঁছাতেই মোনাকো সমর্থকদের অংশও একসঙ্গে স্লোগান দিয়ে ওঠে ‘ডর্টমুন্ড, ডর্টমুন্ড’ বলে, জার্মান ক্লাবটির সঙ্গে সংহতি জানিয়ে। অনুচ্চারে সন্ত্রাসের বিরুদ্ধে জয়ের গানও হয়ে এল তাঁদের স্লোগানটা।

.
.

ডর্টমুন্ড-মোনাকো ম্যাচটা হয়তো হয়নি, তবে কাল দুঃস্বপ্নের ওই ঘটনার পরই একটা স্কোরলাইন লেখা হয়ে গেছে। জয়টা সন্ত্রাসের বিরুদ্ধে ফুটবলের। বন্ধুত্বের। সন্ত্রাস ০: ১ ফুটবল।
এই ছবিগুলোকে সেই জয়ের উদযাপনই ধরে নিতে পারেন। মোনাকোর সমর্থকেরা ডর্টমুন্ডের অনেক সমর্থকের বাসায় আতিথ্য নেওয়ার পরের এই ছবিগুলো টুইটারে ওই একই ‘বেড ফর অ্যাওয়ে ফ্যানস’ হ্যাশট্যাগসহ শেয়ার করেছেন।