সপ্তম স্বর্গে জেমি ভার্ডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমি ভার্ডি
জেমি ভার্ডি

সার্জিও আগুয়েরো, ওয়েইন রুনি, অ্যালেক্সিস সানচেজদের মতো ফরোয়ার্ডরা আছেন। দশ ম্যাচ শেষে প্রিমিয়ার লিগের সেরা গোলদাতার তালিকায় এঁদের একজনেরই তো সবার ওপরে থাকার কথা! না, অন্তত এ মৌসুমে সেটা হয়নি। সর্বোচ্চ গোলদাতা কিনা জেমি ভার্ডি! দশ গোল করে সবার ওপরে লেস্টার সিটি স্ট্রাইকার। শুধু কি তাই, টানা সাত ম্যাচে গোল করে এই ইংলিশ স্ট্রাইকার নাম লিখিয়েছেন প্রিমিয়ার লিগের সেরাদের সঙ্গে একই বন্ধনীতে!
সেরাদের নামগুলো শুনে নিন। মার্ক স্টেইন, ইয়ান রাইট, অ্যালান শিয়ারার, থিয়েরি অঁরি, রুড ফন নিস্টলরয়, ইম্যানুয়েল আদেবায়োর ও ড্যানিয়েল স্টারিজ—এই সাতজনই এর আগে প্রিমিয়ার লিগে টানা সাত বা বেশি ম্যাচে গোল করতে পেরেছেন। সবচেয়ে বেশি টানা দশ ম্যাচে গোল নিস্টলরয়ের। ওয়েস্ট ব্রম, ওয়ার্টফোর্ড ও নিউক্যাসলের বিপক্ষে পরের তিনটি ম্যাচ ভার্ডিকেও সুযোগ দিচ্ছে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকারকে ছোঁয়ার।
ভার্ডির গোলে কোনো দলের বিপক্ষে জিতেছে বা পয়েন্ট বাঁচিয়েছে লেস্টার—প্রিমিয়ার লিগে এই মৌসুমে সবচেয়ে পরিচিত গল্প বোধ হয় এটিই। পরশুর ম্যাচেও ব্যতিক্রম হলো না। ঘরের মাঠ কিং পাওয়ার স্টেডিয়ামে পরশু ক্রিস্টাল প্যালেসকে ভার্ডির একমাত্র গোলেই হারিয়েছে লেস্টার সিটি। গোলে সহায়তা করেছেন উইঙ্গার রিয়াদ মাহরেজ। এই আলজেরিয়ানকে সঙ্গে নিয়ে ভার্ডিই লেস্টারকে টেনে নিয়ে গেছেন লিগের পঞ্চম স্থানে।
ক্যারিয়ারের শুরুতে কী এমনটা কল্পনা করেছিলেন ভার্ডি? পাঁচ বছর আগেও খেলতেন ইংলিশ নন-লিগ ফুটবলের দল হ্যালিফ্যাক্স টাউনে। জীবিকার প্রয়োজনে একই সঙ্গে কাজ করতেন মেডিকেল স্প্লিন্ট তৈরির টেকনিশিয়ান হিসেবে। সেই ভার্ডিই আজ টক্কর দিচ্ছেন বিশ্বসেরাদের সঙ্গে। এমনও শোনা যাচ্ছে, ২৮ বছর বয়সী স্ট্রাইকারকে কিনতে আগামী মৌসুমে বড় অঙ্কের প্রস্তাব দিতে পারে লিভারপুল ও টটেনহাম। সাবেক ইংলিশ স্ট্রাইকার ইয়ান রাইট ভার্ডির গল্পটাকে তুলনা করেছেন সালভাতোর শিলাচির সঙ্গে। ১৯৯০ বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা এই ইতালিয়ান স্ট্রাইকারও যে এমন নিচের স্তর থেকে উঠে এসে ক্যারিয়ারের শেষের দিকে জায়গা করে নিয়েছেন সেরাদের কাতারে।
জীবন কতভাবেই না রং বদলায়! গোলডটকম, দ্য গার্ডিয়ান।