সব আলো কাড়লেন ইব্রাহিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেষ মুহূর্তে তাঁর গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয়। গোলের পর তাই উল্লসিত মোহামেডানের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম  l শামসুল হক
শেষ মুহূর্তে তাঁর গোলেই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে জয়। গোলের পর তাই উল্লসিত মোহামেডানের তরুণ মিডফিল্ডার ইব্রাহিম l শামসুল হক

গ্যালারি হয়তো পুরোনো দিনের ছবিটা ফিরিয়ে আনতে পারেনি। ফুটবলাররাও রুদ্ধশ্বাস উত্তেজনায় ভরিয়ে তুলতে পারেনি ম্যাচটা। খুব চোখকাড়া ম্যাচের তকমাও দেওয়া যাবে না এটিকে। তারপরও কাল আবাহনী-মোহামেডান ম্যাচের আবহ এবং প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ ঠিকই ছড়াল বঙ্গবন্ধু স্টেডিয়ামে।
নিরুত্তাপ প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ম্যাচটা হঠাৎ ছুটতে শুরু করল এক্সপ্রেস গতিতে। আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচ থেকে চোখ ফেরানোর সুযোগ নেই হাজার কয়েক দর্শকের। আবাহনীর মরিসনের দুর্দান্ত একটা শট লাগল মোহামেডানের পোস্টে। ম্যাচজুড়েই আস্থার প্রতীক হয়ে থাকা আবাহনী গোলরক্ষক জিয়া এর আগে আটকে দিলেন মোহামেডানের ইসমাইল বাঙ্গুরার মাপা হেড।
ড্র-ই যখন সম্ভাব্য ফল মনে হচ্ছিল, আবাহনী ছিল বেশ ক্লান্ত। মোহামেডানের টগবগে তরুণেরা ঠিক এই সময়টাই বেছে নিলেন চলতি মৌসুমে আবাহনীকে প্রথম সাক্ষাতেই হারিয়ে জয়ীর বেশে ফিরতে। তাঁদের প্রাণ শক্তির ফসলই হয়ে এল ৮৯ মিনিটে দেখা দেওয়া ম্যাচের একমাত্র গোল।
সেই গোলটি করে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ১৬তম পেশাদার লিগ লড়াইয়ের নায়ক ইব্রাহিম নামের এক তরুণ। যাঁর বয়স মাত্রই ১৮। কক্সবাজারের চকরিয়ার অখ্যাত কিশোর গতবার মুক্তিযোদ্ধায় খেলে এবার গায়ে তুলেছেন সাদা-কালো জার্সি। ভুল করেননি, নিজেকে তুলে ধরতে বেছে নিলেন সবচেয়ে বড় ম্যাচটাই।
৯০তম মিনিটে প্রায় মাঝমাঠ থেকে ফ্রি-কিক করেছিলেন মোহামেডান গোলরক্ষক আশরাফুল। আবাহনী ডিফেন্ডার হেনরি বল ক্লিয়ার করতে দৃষ্টিকটুভাবে ব্যর্থ। গাছাড়া লাফ দিলেন, বল গেল ইব্রাহিমের পায়ে। ঠান্ডা মাথায় মাপা শটে বল জড়ালেন জালে।
এই গোল ‘ভাঙাচোরা’ মোহামেডানকে দিল নতুন প্রাণ। উচ্ছ্বসিত কোচ জসিমউদ্দিন জোসি সংবাদ সম্মেলনে ইব্রাহিমকে পাশে বসিয়ে কাঁদলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রাখলেন, তিনি যেন বিভক্ত মোহামেডানকে ঐক্যবদ্ধ করে দেন!
অতি সাদামাটা দল নিয়েও প্রথম পর্বে কয়েক কোটি টাকার আবাহনীর ওপরে মোহামেডান। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ২০ পয়েন্ট। আবাহনীর ১৭। মোহামেডানের চেয়ে মাত্র ৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে শেখ জামাল।
শিরোপার স্বপ্ন ছিল না শুরুতে, সেটি এখন উঁকি মারছে। মোহামেডান খেলোয়াড়েরা তাই ১-০ জয়ের পর আনন্দে মেতে উঠলেন, গমগমে প্রেসবক্সের পাশে দাঁড়িয়ে করতালিতে ভরিয়ে দিল সমর্থকেরা। হয়তো খুব বড় আওয়াজ ওঠেনি, কিন্তু যেটুকু হয়েছে তাতেই বা কম কী!
শক্তির পাল্লায় এগিয়ে ছিল আবাহনী, কিন্তু এমন দিনেই নিজেদের সেরা খেলা থেকে দূরে চারবারের পেশাদার লিগ চ্যাম্পিয়নরা। জর্জ কোটানের দলটি লিগে এত দিন পাসিং ফুটবল খেলে চোখ কাড়লেও কাল তাদের পায়ে ছিল ভুল পাসের ছড়াছড়ি। দুটি পাস খেলে লম্বা বল। এটা আবাহনীর খেলা নয়। সে অর্থে তেমন কোন সুযোগও তৈরি করতে পারেনি। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে রাইটব্যাক নাসির না থাকায়। ওভারল্যাপ করে আক্রমণে তাঁর বল জোগান এদিন খুব প্রয়োজন ছিল। কিন্তু আহত নাসির মাঠের বাইরে থাকলেন দলের সবচেয়ে বেশি প্রয়োজনের দিনেই।
মোহামেডান সেই সুযোগটাই নিয়েছে। এমনিতে কোচ হিসেবে জোসিরই মূল মন্ত্র, ‘বল পেয়ে ইতিবাচক খেল।’ সেই অনুযায়ীই তারা বল নিয়ে দ্রুত উঠেছে। রানিং বেশ ভালো। নিজেদের অর্ধে আবাহনীকে বল পায়ে রাখার কোনো সুযোগও দিতে চায়নি। জোনাল মার্কিংয়ের জালে আটকে গেছে আবাহনী।
প্রেসবক্সে বসে ম্যাচটা দেখছিলেন এবার ব্রাদার্সের নাম লেখানো গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য। আবাহনীর হয়ে ১০ বছরে গোটা পঁচিশেক আবাহনী-মোহামেডান ম্যাচ খেলার অভিজ্ঞতায় বলছিলেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচের সবই ঠিক আছে। শুধু নেই আগের মতো তারকা।’
তারকা তো তৈরি করে এই ম্যাচ। কে বলতে পারে আবাহনীকে হারিয়ে দিয়ে ইব্রাহিম আগামীর তারকা হবেন না!

দুদলে খেলেছেন
মোহামেডান
আশরাফুল, ফয়সাল, এলিটা, বেঞ্জামিন, মানসা সিলা, সোহেল রানা (মানিক), ইব্রাহিম (বিপুল), জনি, জুয়েল, সবুজ (মোবারক), বাঙ্গুরা।

আবাহনী
জিয়া, মামুন মিয়া, সামাদ, শাকিল, হেনরি, প্রাণতোষ, ইমন (তৌহিদ/ ফাহাদ), শাহেদ, কোমল, মরিসন, ওয়াহেদ (সজীব)।