সব আলো রোনালদোর ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের সেরা দুই ফুটবলার। কিন্তু লিওনেল মেসি দেশের হয়ে কিছু জিততে পারেননি বলে যতটা সমালোচনা হয়, ততটা হয় না ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে। দেশের হয়ে কিছু জিততে পারেননি তো তিনিও! কারণটা অননুমেয় নয়। মেসির আর্জেন্টিনা বিশ্ব ফুটবলেরই এক পরাশক্তি, জেতার মতো দল তো তিনি অনেকবারই পেয়েছেন। কিন্তু রোনালদোকে নিয়ে এটা বলা যাবে না। তিনি ছাড়া তাঁর দলটা খুব আহামরি কিছু নয়।
সেই মেসিকে ঘিরে এবারও কোপা আমেরিকায় অনেক প্রত্যাশা আর্জেন্টিনার। অনেক আরাধ্য শিরোপার জন্য আর্জেন্টিনাকে নিয়ে মেসির অভিযান শুরু হয়েছে কিছুদিন আগে। এবার পর্তুগালকে নিয়ে শুরু হতে যাচ্ছে রোনালদোর ‘মিশন ইউরো’। সেঁত এতিয়েনে ‘এফ’ গ্রুপের ম্যাচে আজ পর্তুগিজদের প্রতিপক্ষ আইসল্যান্ড।
শুধু দুই দল মিলিয়ে নয়, বিশ্ব ফুটবলেরই এ সময়ের মহাতারকাদের একজন রোনালদো। খুব স্বাভাবিকভাবেই আজকের ম্যাচেও সব আলো থাকছে তাঁর ওপর। ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে কিছুদিন আগে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছেন। এবার ইউরোতেও তাঁর কাছে বাড়তি প্রত্যাশা পর্তুগালের।
এমনিতে আইসল্যান্ডের বিপক্ষে পর্তুগালের পরিসংখ্যান বেশ ভালো। এর আগে দুই দল দুবার মুখোমুখি হয়েছে। দুটি ম্যাচই ছিল ২০১২ ইউরোর বাছাইপর্বে, দুটিতেই জিতেছে পর্তুগাল। দুই ম্যাচে আইসল্যান্ডের জালে গেছে ৮ গোল! এএফপি, রয়টার্স।
গতকালের ফল
স্পেন ১ : ০ চেক প্রজাতন্ত্র
আয়ারল্যান্ড ১ : ১ সুইডেন