
গ্যালারিতে দর্শক নেই বলে হাপিত্যেশ অনেকের। থাকবে কীভাবে! সময়টা যে প্রতিকূল। একদিকে ক্রিকেটের বিপিএল, অন্যদিকে স্থানীয় সংগঠকেরা সব ডুমুরের ফুল। এমনকি আয়োজক সাইফ গ্লোবাল স্পোর্টস লিমিটেডেরও কারও ছায়া দেখা যাচ্ছে না এম এ আজিজ স্টেডিয়ামে। কোথায় যে তাঁরা হারালেন, কে জানে!
তবে প্রিমিয়ার ফুটবল লিগে মাঠের উত্তেজনা ষোলো আনাই আছে। কাল যেমন মনে হচ্ছিল, রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে ফেনী সকার বুঝি ফরাশগঞ্জের রাস্তায় হেঁটে খেলতেই অস্বীকৃতি জানিয়ে বসবে। কিন্তু শেষমেশ নিজেদের নিয়ন্ত্রণ করে চার মিনিট পর খেলায় ফিরেছে দলটি।
৭৬ মিনিটে শেখ জামালের এমেকার বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজাননি রেফারি। দূর থেকে দেখা গেল রেফারি বাঁশিটা মুখে নিয়েছেন ফুঁ দেবেন বলে। কেন তা দিলেন না, তিনিই ভালো জানেন। এই ফাঁকে বল নিয়ে বক্সে ঢুকে গড়ানো শটে ২-১ করলেন শেখ জামালের ল্যান্ডিং। মাত্র ১০ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে থাকা সকার শেষ পর্যন্ত হেরে গেল ওই গোলেই।
ফেনী সকারের কোচ লাডিবাবা লোলার কাঠগড়ায় তাই রেফারি ভারত চন্দ্র গৌড়। ম্যাচের পর ক্ষোভেই ফেটে পড়লেন তিনি, ‘এমন ফাউলেও রেফারি বাঁশি বাজাননি, বাঁশি মুখে নিয়েও ফিরিয়ে নিলেন। যে কারণে গোলটি হয়েছে। রেফারিই আমাদের হারিয়ে দিলেন।’ কাকতালীয়ভাবে বাফুফের রেফারিজ কমিটির চেয়ারম্যান ইকবাল হোসেন তখন প্রেসবক্সে ল্যান্ডিংয়ের পাশেই দাঁড়ানো। পরে যিনি জানালেন, ভিডিও দেখে ব্যবস্থা নেবেন।
২৫ মিনিটে মাহবুবুলের গোলে সকারই এগিয়ে গিয়েছিল। ৪৫ মিনিটে এমেকা সেটি শোধ করায় জয়ের রাস্তাটা খুলে যায় চ্যাম্পিয়নদের সামনে। চট্টগ্রামে টানা দ্বিতীয় ও শেষ চার ম্যাচে তৃতীয় জয়ে শেখ জামালের পয়েন্ট এখন ১৬ ম্যাচে ২৮। আপাতত লিগ টেবিলের দুইয়ে উঠে কোচ জোসিমউদ্দিন জোসি বেশ ফুরফুরে।
তবে পয়েন্টের হিসাব ছাপিয়ে দিনের দ্বিতীয় ম্যাচেও আলোচনার কেন্দ্রে রেফারি। শেখ রাসেল-বিজেএমসি দুই দলই রেফারি ভুবন মোহনের সমালোচনার এককাট্টা। প্রায় প্রতিটি ম্যাচের পরই সব দলের সমালোচনা রেফারিং নিয়ে। এটা মনে হয় সবার অভ্যাসই হয়ে গেছে।
এটা অবশ্যই মানতে হবে, রেফারিদের মধ্যে ধারাবাহিকতার অভাব আছে। কিছু ফাউল কখনো ধরছেন, কখনো ধরছেন না। তাই বলে বিজেএমসির ম্যানেজার আরিফুল হক লিয়নের অপরাধ একটুও কমছে না। ম্যাচ চলাকালেই তিনি চতুর্থ রেফারিকে ধাক্কা মারলেন। শেষ বাঁশির পরও তাঁর মেজাজ এতটুকু কমেনি।
জেতা ম্যাচ ১-১ গোলে ড্র করেও অবশ্য মেজাজ হারাননি শেখ রাসেলের কোচ শফিকুল ইসলাম মানিক। আধিপত্য ছড়িয়েই খেলেছে তাঁর দল। যদিও শেখ রাসেল গোলটি পেয়েছে উপহার। ৭২ মিনিটে নিরীহ একটা বল বিজেএমসির গোলরক্ষক পলাশের হাত ফসকালে ইকাঙ্গার টোকায় ১-০ হয়ে যায়। ৮৭ মনিটে স্যামসন ইলিয়াসু মহামূল্যবান গোল করে একটা পয়েন্ট দিলেন বিজেএমসিকে। শেষ মিনিটে রাসেলের পোস্টে বল না লাগলে জিতেই যেতে পারত বিজেএমসি!
১ পয়েন্ট পেলেও বিজেএমসির কোচ জাকারিয়া বাবুও রেফারিং নিয়ে একচোট নিলেন ম্যাচের পর, ‘সঠিকভাবে ম্যাচ পরিচালনা করতে পারছেন না। এটা স্বীকার করতেই হবে।’
এ আর নতুন কী! বাংলাদেশে রেফারির সমালোচনা করার দিক থেকে কোনো দলই পিছিয়ে নেই।
আজকের খেলা: মোহামেডান-মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী-উত্তর বারিধারা। (বেলা ৩-৩০ মি. ও সন্ধ্যা ৬-১৫ মি., এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম)।