
ম্যাচ শুরু হতে তখনো ঘণ্টা দুয়েক বাকি। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক সোহেল রানাকে উদ্ধৃত করে ফেসবুকে একটা মিনি ঝড়। আম্পায়ারের চাতুর্যে ভারতের কাছে ক্রিকেটে হারের প্রতিশোধ নাকি ফুটবলে নিতে চায় বাংলাদেশ। ঘরের মাঠে সেই আকাঙ্ক্ষা ঠিকই আছে। কিন্তু মাঠের লড়াইয়ে ‘প্রতিশোধ’ জিনিসটা গেল কই!
নব্বই মিনিটেও তা খুঁজে পাওয়া গেল না। ভারত-বাংলাদেশ ম্যাচ মানে তো বারুদ ছড়ানোর কথা। জাতীয় দল না হোক, অনূর্ধ্ব ২৩ দলই বা কম কী। কিন্তু বারুদের গন্ধ ওড়েনি বাতাসে। বুটে বুটে সংঘর্ষ নয়। একে অন্যকে চেপে ধরে জয় তোলার শরীরী ভাষাও অনুপস্থিত। দ্রুতই ভুলে যাওয়ার মতো নিষ্প্রভ এক বাংলাদেশ-ভারত ম্যাচই।
দুই দলই আসলে নিরাপদ ফুটবল খেলেছে। আগের দুই ম্যাচেই হেরে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে দুই প্রতিবেশী। উজবেকিস্তানকে ২-১ গোলে হারিয়ে সিরিয়া হয়ে গেছে গ্রুপ চ্যাম্পিয়ন। উজবেকরা রানার্সআপ। নিচের দিকের দুই দল বাংলাদেশ-ভারতের লড়াইটা ছিল তৃতীয় হওয়ার। সেই লড়াই ড্র হওয়ায় ভারত গ্রুপে তৃতীয়। ঘরের মাঠে বাংলাদেশ দল সবার নিচে। হতাশার চেয়ে আত্মজিজ্ঞাসাই বড় হয়ে উঠেছে—এই পর্যায়ের ফুটবলের জন্য নিজেদের কবে তৈরি করবে বাংলাদেশ?
উত্তরটা একটু যেন পাওয়া যাচ্ছিল শেষ দিকে। শেষ মিনিট বিশেক একটু নড়াচড়া দেওয়ার চেষ্টা দৃশ্যমান ছিল বাংলাদেশ দলের, এই যা। কিন্তু ভারতকে হারাতে তা যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটা গোলশূন্য।
গোল আসতে পারত সোহেল রানার হাত ধরে। কিন্তু তাড়াহুড়ো করে তিনি নিখুঁত থাকতে পারলেন না। তকলিচ প্রতিপক্ষ ডিফেন্ডারের সঙ্গে টক্করে জিতলে একটা গোল পেতে পারত বাংলাদেশ। গোল করার লোকের অভাব এতই তীব্র যে, ডিফেন্ডারের সঙ্গে সামান্য ধাক্কা খেয়েই পড়ে যাচ্ছেন ওয়াহেদরা। বোঝা গেল, সহসাই স্ট্রাইকার তৈরির একটা পথ বের করা ছাড়া উপায় নেই। এটা বাফুফের জন্য কড়া একটা বার্তাই।
শুধু স্ট্রাইকার কেন, ‘নেই’য়ের তালিকা অকে বড়। ভালো গোলকিপারেরও তো অভাব। সবেধন লিটন আগের দুই ম্যাচে ৮ গোল খেয়েও কাল ভরসা। ভাগ্য ভালো যে ভারত অতটা আতঙ্ক ছড়াতে পারেনি। এমন আহামরি দলও নয় তারা। বাংলাদেশের মতো ধুঁকছে। তাই কালও এলোমেলা ফুটবল খেলেও পার পেয়েছে ডি ক্রুইফ অ্যান্ড কোং।
জড়তায় ভুগেছেন দলের প্রায় সব খেলোয়াড়ই। দলীয় সমন্বয়ের অভাব। দল হিসেবে গড়ে উঠতে এদের যে হিমালয়ে ওঠার মতো পরিশ্রম করতে হবে, তা এই তিনটি ম্যাচেই পরিষ্কার। ক্লাবে বসে বসে টাকা নেবেন শাহেদ–সজীবরা। মাঠে নামার সুযোগ মিলবে না, অথচ হঠাৎ লাল–সবুজ গায়ে আন্তর্জাতিক ম্যাচ খেলবেন এ তো হয় না!
আবাহনীর কোচ জর্জ কোটানের বিম্ময়টা যথার্থই। প্রথম দিনের একাদশ দেখে খুবই বিস্মিত তিনি। তাঁর দলের বেঞ্চে কাটানো তিন-চারজন কিনা হঠাৎ এসে সিরিয়ার মতো দলের সামনে! স্নায়ুচাপে ভেঙে পড়বেন এই খেলোয়াড়েরা তা আর নতুন কী। টুর্নামেন্টজুড়ে হলোও তাই।
সব দেখেশুনে ভারত ম্যাচে কোচ ডি ক্রুইফ গোটা তিনেক পরিবর্তন এনেছিলেন। কাজ হয়েছে কিছুটা। তবে এই স্তরে খেলতে যে সাহস, যে উদ্যম, যে শারীরিক সক্ষমতা প্রয়োজন, বাংলাদেশের খেলোয়াড়রা তা থেকে অনেক দূরে। ভারতের মতো সাধারণ প্রতিপক্ষের সঙ্গেই তা পরিষ্কার।
বিরতির পর পরই হঠাৎ ফ্লাডলাইট নিভে আঁধারে ঢাকল চারপাশ। আধা ঘণ্টা পর আলো জ্বললেও গোলের অপেক্ষা আর ফুরোল না। একটা ভালো ক্রস, শট, হেড...এসব যেন ডুমুরের ফুল হয়ে থাকল! দল তৈরির জন্য নতুন কোনো পথ কি এবার নেবে বাফুফে?