এমন গোল দেখা যায় ইউরোপের লিগে, লাতিন আমেরিকার ফুটবলে। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ফুটবলে এমন অসাধারণ গোল! কাল আরামবাগের বিপক্ষে সারা কামারার বাইসাইকেল কিকে করা গোলটি যাঁরা দেখেছেন, তাঁরা মনে হয় নাতিপুতিদের কাছেও গল্প করার একটা খোরাক পেয়ে গেলেন।
ম্যাচের ৫৩ মিনিটে ডান প্রান্ত থেকে পাওয়া বলটি কামারা দারুণ দক্ষতায় প্রথমে বুক দিয়ে নামিয়ে আনেন। সেকেন্ডেই শরীর বাঁকিয়ে বাঁ পায়ে বাইসাইকেল কিক! ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামের হাজার খানেক দর্শক তখন মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে। কামারা ভাসলেন দর্শকদের তুমুল করতালি আর অভিনন্দনে। এই গোলেই ম্যাচে সমতা আনে বারিধারা।
কামারার জন্য এবারের লিগটা এত দিন যেন ছিল দুঃস্বপ্ন। প্রথম পর্বে খেলেছেন আবাহনীতে। কিন্তু সানডে-লি টাকের সঙ্গে লড়াই করে একাদশে জায়গা করে নেওয়াটা তাঁর জন্য ছিল কঠিন। দ্বিতীয় পর্বে তাই উত্তর বারিধারায় যোগ দেন সেনেগালের ফরোয়ার্ড। কিন্তু দুই ম্যাচেও কোনো গোল পাননি। অবশেষে কাল লিগে নিজের প্রথম গোলটি পেলেন। ম্যাচ শেষে কামারার কণ্ঠে উচ্ছ্বাস, ‘এমন গোল পাওয়া ভাগ্যের ব্যাপার। এটা যেকোনো ফুটবলারের জন্যই স্বপ্নের গোল। আমি আসলে ওই সময় শুধু চেষ্টা করেছি। গোলটি পেয়েও গেলাম। তবে এই ম্যাচে দল জিতলেই বেশি খুশি হতাম।’
চার মিনিটে প্রথমে সাজিদের গোলে এগিয়ে গিয়েছিল আরামবাগ। কিন্তু গোল করেও অগ্রগামিতা ধরে রাখতে পারেনি তারা। পেটের পীড়ায় ভুগতে থাকা ব্রাজিলিয়ান মিডফিল্ডার থিয়াগো টাইসন মাঠে নামলেও দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেছেন। রক্ষণ সামলে প্রতি-আক্রমণে যাওয়ার কোনো চেষ্টাও দেখা যায়নি আরামবাগের খেলায়। গোল শোধে মরিয়া উত্তর বারিধারা দ্বিতীয়ার্ধের কয়েকটি সুযোগ নষ্ট করে। অবশেষে ৫৩ মিনিটে কামারার ওই গোল। ম্যাচের অন্তিম মুহূর্তে অবশ্য আরামবাগের মিডফিল্ডার আবদুল্লাহর চমৎকার ভলি ঠেকিয়ে দেন বারিধারার গোলরক্ষক রাজীব। এই ড্রয়ে ১৪ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে পাঁচে রইল আরামবাগ। সমান ম্যাচে মাত্র তিনটি জয়ের সঙ্গে কালই বারিধারা ড্র করল প্রথম। ১০ পয়েন্ট পেলেও অবনমনের শঙ্কাটা এখনো কাটিয়ে উঠতে পারেনি তলানিতে থাকা দলটি। আজই ময়মনসিংহ পর্বের শেষ ম্যাচ।
আজকের খেলা: মুক্তিযোদ্ধা-ব্রাদার্স (বিকেল ৩টা, ময়মনসিংহ স্টেডিয়াম)