সব ছাপিয়ে মাচেরানোর গোল
‘বার্সেলোনার হয়ে প্রথম গোলের জন্য অভিনন্দন, মাচেরানো! আশা করি, পরের গোলের জন্য ৩১৯ ম্যাচ অপেক্ষা করতে হবে না।’
বাঁকা চোখ আর হাসির ইমোজিসহ ইভান রাকিটিচের এই টুইটই বলে দেয়, হাভিয়ের মাচেরানোর গোল কতটা বিনোদন জুগিয়েছে। বিনোদনের অভাব পরশু এমনিতেও ছিল না বার্সেলোনার, ঘরের মাঠে ওসাসুনাকে তারা উড়িয়ে দিয়েছে ৭-১ গোলে। আট গোল হয়েছে রিয়াল মাদ্রিদের ম্যাচেও। মূল একাদশের প্রায় সবাইকে ছাড়াই দেপোর্তিভো লা করুনিয়ার মাঠে রিয়াল জিতেছে ৬-২ গোলে।
এত গোল, এদিকে মেসি, ওদিকে ইসকোর চোখ-ধাঁধানো পারফরম্যান্স...তবে সব ছাপিয়ে পরশু আলোচনায় পেনাল্টি থেকে মাচেরানোর গোলটিই। বার্সেলোনায় সাত মৌসুম কাটিয়ে অবশেষে গোল পেলেন আর্জেন্টাইন মিডফিল্ডার! ৬৭ মিনিটে পেনাল্টি থেকে তাঁর গোলটির আগেই অবশ্য ৫-১-এ এগিয়ে ছিল বার্সা। মেসি এল ক্লাসিকোর ফর্ম বয়ে নিয়ে করেছেন জোড়া গোল। মূল একাদশে অনিয়মিত আন্দ্রে গোমেস আর পাকো আলকাসারও করেছেন জোড়া গোল।
জিদানকেও তৃপ্তি দিয়েছেন মূল একাদশে অনিয়মিতরাই। হামেস রদ্রিগেজ করেছেন জোড়া গোল, একটি করে গোল মোরাতা, ভাসকেজ, ইসকো ও কাসেমিরোর। গোল ছাপিয়েও পরশু যেমন আক্রমণাত্মক ফুটবল খেলেছে দল, জিদান চাইলে প্রতি ম্যাচে এই দলই নামিয়ে দিলে পারেন! এএফপি।