সব প্রশ্নের উত্তর দেবেন ব্ল্যাটার

ফিফা সভাপতি নির্বাচন নিয়ে ফুটবল-বিশ্বে গত কয়েক মাসে বয়ে যাওয়া ঝড়ে কয়েকটা প্রশ্ন সবার মনেই আসে। সভাপতি পদে নির্বাচিত হওয়ার দিন কয়েক পরেই কেন সেপ ব্ল্যাটার পদত্যাগের ঘোষণা দিলেন? ফিফার শীর্ষ কর্মকর্তাদের এত এত দুর্নীতির কেচ্ছাকাহিনি কি কিছুই জানতেন না তিনি? পেছন থেকে কেউ কি নাড়ছে কলকাঠি? ব্ল্যাটার এত দিন এসব নিয়ে মুখ খোলেননি। তবে প্রতিজ্ঞা করেছেন, সামনের ফেব্রুয়ারিতে সভাপতির দায়িত্ব ছাড়ার পরেই হাঁড়ির খবর ফাঁস করবেন।
ডাচ পত্রিকা ডি ভক্সক্রানকে দেওয়া সাক্ষাৎকারে ব্ল্যাটার দুই মাস আগের সেই সময়ে ফিরে গেছেন, ‘এ বিষয়টা এখনো আমি নিজের মধ্যেই রাখতে চাই (পদত্যাগের ঘোষণা দেওয়ার কারণ)। যা হয়েছে, সেটা এখন আমার জীবনের অংশ। ওই সময় আমি খুবই অস্বস্তিকর অবস্থায় ছিলাম। যা-ই হোক, সেটা তো কাটিয়ে উঠতেই হবে। আমি নিশ্চিত, ফিফার জন্য এটাই সবচেয়ে ভালো ও সঠিক সমাধান হয়েছে।’ কিন্তু এখনই কিছু না বলে সঠিক সময়েই বলতে চান, ‘এ মুহূর্তে আমি আসলে বিস্তারিত কিছু বলতে চাই না। কারণ এখনো তদন্ত চলছে। তাতে আমি কোনো ব্যাঘাত ঘটাতে চাই না। আপাতত ব্যাপারটা নিজের কাছে রাখাই ভালো।’
ব্ল্যাটার দাবি করেছেন, ফিফার ভালোর জন্যই সব সিদ্ধান্ত নিয়েছেন, ‘আমি নিজের প্রতিষ্ঠানকে ও পরিবারকে রক্ষার জন্যই সবকিছু করেছি। নিজেকে রক্ষার জন্য কিছু করিনি। নিজের ব্যক্তিগত সম্মান রক্ষার জন্য আমার কারও সাহায্যের প্রয়োজন নেই।’ ব্ল্যাটার নির্বাচিত হওয়ার পরেই অবশ্য প্লাতিনি তাঁকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছিলেন। এখন ব্ল্যাটার দাবি করছেন, পদত্যাগের ঘোষণার সঙ্গে প্লাতিনির এই অনুরোধের কোনো সম্পর্ক নেই।
ফিফায় তোলপাড় ওঠে জুরিখের হোটেলে এফবিআইয়ের অভিযান দিয়ে। কেঁচো খুঁড়তে সাপ বের করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাটিই। দুর্নীতির দায়ে অভিযুক্ত ফিফার সাত কর্মকর্তার বিচার চলছে যুক্তরাষ্ট্রের আদালতে। ব্ল্যাটার এসব নিয়েও প্রশ্ন তুলেছেন, ‘লরেটা লিনের (যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল) সংবাদ সম্মেলন কি দেখেছিলেন? সেখানে এফবিআই সভাপতিও ছিলেন। এমনভাবে তাঁরা ফিফাকে তুলে ধরছিলেন যেন এটা কোনো মাফিয়া সংগঠন।’
পুরো ব্যাপারটিতে যুক্তরাষ্ট্র যেভাবে জড়িয়ে গেছে তাতেও অন্য রকম একটা গন্ধ খুঁজে পাচ্ছেন বর্ষীয়ান সুইস ফুটবল সংগঠক, ‘ব্যাপারটা সুনামির মতো। কিন্তু কংগ্রেসের ঠিক দুই দিন আগেই কেন এমনটা হলো তা নিয়েও তদন্ত হওয়া উচিত। ওই দিন সকাল ছয়টায় বাউর আ লেক হোটেলের (জুরিখের) লবিতে নিউইয়র্ক টাইমস-এর সাংবাদিকেরা কেন ছিলেন? আমি তো এসবের
কোনো উত্তর খুঁজে পাচ্ছি না।’ ইএসপিএন।