সব ভেঙে গুঁড়িয়ে দেবে রিয়াল-রোনালদো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনচেলত্তির সঙ্গে রোনালদোর ‘জুটি’টা কতটা জমে উঠেছে, রিয়ালের সাম্প্রতিক ফলই প্রমাণ। ছবি: রয়টার্স
আনচেলত্তির সঙ্গে রোনালদোর ‘জুটি’টা কতটা জমে উঠেছে, রিয়ালের সাম্প্রতিক ফলই প্রমাণ। ছবি: রয়টার্স

সকালে মেঘ জমেছে ঈশান কোণে। দুপুর গড়াতেই সোনামাখা রোদ্দুর! এ কারণে প্রবাদ বলে, প্রভাত সব সময়ই দিনের সঠিক পূর্বাভাস দেয় না। এ প্রবাদের মাহাত্ম্য কালো আনচেলত্তির চেয়ে ভালো বুঝবে কে? মৌসুম শুরু করেছিলেন পরাজয়ের হতাশা নিয়ে। দুম করে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। ‘পরাজয়’ শব্দটা অভিধান থেকে সরিয়ে দুরন্ত গতিতে ছুটতে শুরু করল আনচেলত্তির দল। সেই জয়রথ যেন থামাতেই চাইছে না! একই গতিতে ছুটছেন ক্রিস্টিয়ানো রোনালদোও। ম্যাচের পর ম্যাচে গোলের প্লাবন বইয়ে দিচ্ছেন এ পর্তুগিজ ফরোয়ার্ড।
শুরুতেই স্প্যানিশ সুপার কাপে অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার। লা লিগায় রিয়ালের শুরুটা হলো ভুলে যাওয়ার মতোই। রিয়াল সোসিয়েদাদের কাছে ৪-২ গোলে হার, হার পরের ম্যাচেও। অ্যাটলেটিকোর কাছে ২-১ গোলের। সমর্থকদের যখন চিন্তার ভাঁজ বাড়তে শুরু করেছে, তখনই ঘুরে দাঁড়াল রিয়াল। ‘ইউটার্ন’ যাকে বলে! লিগে পরের ম্যাচে দেপোর্তিভো লা করুনাকে ৮-২ গোলে উড়িয়ে দিল। তখন থেকেই শুরু, জিতেই চলেছে রিয়াল।
এ পর্যন্ত ১৬ ম্যাচে রিয়াল গোল করেছে ৫০টি। প্রতি ম্যাচে গড়ে গোলসংখ্যা ৩ দশমিক ১২। কোপা ডেল রে , চ্যাম্পিয়নস লিগ ও ক্লাব বিশ্বকাপের ফাইনাল খেললে এ মৌসুমের সূচিতে আনচেলত্তির দলের মোট ম্যাচ সংখ্যা ৬৫। বর্তমান গোল গড় যদি ধরে রাখতে পারে রিয়াল, তবে মৌসুম শেষে মোট গোল সংখ্যা দাঁড়াবে ২০৩টি। গত ১০ ম্যাচে রিয়ালের গোল গড় ৪ দশমিক ২। পরবর্তী ম্যাচগুলোয় যদি এ গতি রাখতে পারে রিয়াল, মৌসুম শেষে গোল সংখ্যা দাঁড়াবে ২৫০টি। সত্যি যদি এ পরিসংখ্যান সম্ভব করেই রিয়াল, নিশ্চিত নতুন ইতিহাস লিখবে আনচেলত্তির দল। ২০১১-১২ মৌসুমে পেপ গার্দিওলার সর্বজয়ী পরাক্রমশালী বার্সেলোনা ৬৪ ম্যাচে করেছিল ১৯০ গোল।
দলীয় অর্জনের পাশাপাশি ব্যক্তিগত কিছু রেকর্ড হাতছানি দিচ্ছে রোনালদোকেও। রিয়াল তারকা লিগে করেছেন ৮ ম্যাচে ১৬ গোল। মৌসুমে এ পর্যন্ত ১৪ ম্যাচে করেছেন ২১ গোল। ম্যাচপ্রতি গোলের হার ১.৫। যদি এ গতি ধরে রাখতে পারেন, নিশ্চিত ২০১১-১২ মৌসুমে করা তার সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ড ছাড়িয়ে যাবেন। একই সঙ্গে হুমকির মুখে পড়বে ২০১১-১২ মৌসুমে লিওনেল মেসির করা ৭৩ গোলের রেকর্ডও।
২০১৪-১৫ মৌসুমে এখনো পর্যন্ত রিয়ালের মোট গোলসংখ্যার ৪২ শতাংশই এসেছে রোনালদোর কাছ থেকে। গত মৌসুমে রিয়ালের মোট ১৬০ গোলের ৫১টি অর্থাৎ ৩১ শতাংশ এসেছিল রোনালদোর কাছ থেকে। এবার যেভাবে ছুটছেন, তাতে রিয়ালে তার অবদান রাখার সুযোগ আরও বেড়েছে।
মৌসুম যদি চার ভাগ করা হয়, তাহলে তার এক ভাগই শেষ হয়েছে মাত্র। চিত্রনাট্যের মঞ্চায়ন শুরু হলো কেবল। এখনো বাকি ক্লাইম্যাক্স-অ্যান্টি ক্ল্যাইম্যাক্স। তবে চিত্রনাট্যের শুরুতে ভালোই খেল দেখিয়েছে রিয়াল। কিন্তু পরিণতি কোন দিকে যাবে, তা বলার উপায় নেই। ট্র্যাজেডি নাকি বিজয়—কোনটি অপেক্ষা করছে দর্শকদের জন্য, তা জানতে অপেক্ষা করতে হবে মৌসুমের শেষ অবধি। সূত্র: গোল।