সব শিরোপাই চায় আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নতুন ফুটবল মৌসুম শুরুর আগে আবাহনীর অনুশীলন। কাল আবাহনী মাঠে l প্রথম আলো
নতুন ফুটবল মৌসুম শুরুর আগে আবাহনীর অনুশীলন। কাল আবাহনী মাঠে l প্রথম আলো
১৩ মে ফেডারেশন কাপ দিয়ে মাঠে গড়াবে নতুন ফুটবল মৌসুম। শিরোপাপ্রত্যাশী দলগুলোকে নিয়ে শুরু হলো এই ধারাবাহিক। আজ প্রথম দিন গতবারের ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগজয়ী আবাহনী

দৃশ্য এক: অনুশীলনের শেষ পর্যায়ে খেলোয়াড়দের বেশ কয়েকবার ১০০ মিটার স্প্রিন্ট করালেন দ্রাগো মামিচ।
দৃশ্য দুই: অনুশীলন শেষ। খেলোয়াড়েরা কুলডাউন করছেন। একপাশে সোহেল রানাকে শোয়া অবস্থায়ই হেড করতে বলছেন মামিচ। নিজেই সোহেলকে বল ছুড়ছেন আর দৌড়াচ্ছেন। দ্রাগো মামিচ বলে যাচ্ছেন ‘কুইক’, ‘কুইক’। চক্রাকারে ঘুরে ঘুরে এই মিডফিল্ডারকে হেডিংয়ে শাণিত করছিলেন ক্রোয়েশিয়ান কোচ।

ধানমন্ডি মাঠে অনুশীলনের এই দ্রুতগতির আবাহনী দেখা দিতে চায় খেলার মাঠেও। ১৩ মে শুরু হতে যাওয়া নতুন ফুটবল মৌসুমের জন্য এটিই আবাহনী শিবিরের মূল থিম: ‘চলো দ্রুতগতিতে।’ গতিটা আবাহনী পেয়ে গেছে ৩ মে এএফসি কাপে আই-লিগের সাবেক চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসিকে ২-০ গোলে হারিয়ে। যদিও এই টুর্নামেন্টে প্রথম তিন ম্যাচে মালদ্বীপের মাজিয়া, কলকাতার মোহনবাগান ও বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছে। হারটা একপাশে রেখে এএফসি কাপে খেলার অভিজ্ঞতাকেই নতুন মৌসুমের জন্য বড় করে দেখছে আবাহনী। অন্যদের চেয়ে আকাশি-নীলরা এদিকটায় অনেক এগিয়ে।
এএফসি কাপে ঘরের মাঠে চতুর্থ ম্যাচে ভালো খেলা বাড়তি উজ্জীবনী শক্তি। তার ওপর আবাহনী ঘরোয়া ফুটবলে গত মৌসুমে তিনটি শিরোপার দুটিই জিতেছে—ফেডারেশন কাপ ও লিগ। এবার ফেডারেশন কাপ দিয়ে যখন মৌসুমের পর্দা উঠতে যাচ্ছে, এই দুটি ট্রফিই ধরে রাখাটাকে মনে করছে ‘দায়িত্ব’। এবার যোগ করতে চায় স্বাধীনতা কাপও। শিরোপার দাবিদার অন্য দলগুলোর চেয়ে আবাহনীকে কাগজে-কলমে এগিয়ে রাখছেন অনেকেই।
ইংলিশ প্লে-মেকার লি টাককে ধরে রাখা যায়নি। গতবারের সাফল্যের সবচেয়ে বড় কারিগরকে হারানো আবাহনীর জন্য বিরাট ক্ষতি। আরিফ, তপু বর্মণরা দল ছাড়ায় রক্ষণভাগও শক্তি হারিয়েছে। জুয়েল, হেমন্তরা না থাকায় ক্ষতিগ্রস্ত মাঝমাঠও। এএফসি কাপের প্রথম তিন ম্যাচে যা ভালোই টের পাওয়া গেছে। কিন্তু স্থানীয় খেলোয়াড়েরা উনিশ-বিশ হওয়ায় তাঁদের ঘাটতি পূরণ করা গেছে নাসির উদ্দিন, রায়হান, ইয়ামিন, রুবেল মিয়া, সোহেল রানাদের এনে।
বিশেষ করে রুবেলকে চট্টগ্রাম আবাহনী থেকে আনতে পারা ঢাকা আবাহনীর জন্য বড় পাওয়া। বেঙ্গালুরুর বিপক্ষে প্রায় মাঝমাঠ থেকে রুবেলের দেওয়া গোলটির কথা তুলে আবাহনীর সহকারী কোচ আলী ইয়াকুব ঝন্টু কাল বিকেলে ক্লাব মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘আমার মনে হয় এ মুহূর্তে দেশের সেরা উইঙ্গার এই ছেলেটা। নিজেকে গড়ে তুলতে পারলে দেখবেন ও “গুল্লি প্লেয়ার” হবে।’ শুধু রুবেল মিয়া নন, গোলরক্ষক সোহেলকে নিয়েও টিম ম্যানেজমেন্ট খুশি। এএফসি কাপে ভালো খেলছেন চট্টগ্রামের ছেলে।
আবাহনীর সিনিয়র খেলোয়াড় ওয়ালী ফয়সাল, প্রাণতোষদের কথায়, সমস্যা যা একটু মাঝমাঠ নিয়েই। তবে লি টাকের অভাব ঢাকার মাঠের পরিচিত ফুটবলার শেখ জামাল থেকে আসা ল্যান্ডিং দারবোয়ে পূরণ করতে পারবেন বলেই তাঁদের বিশ্বাস। তবে সত্যি হলো, লি টাক মানের ফুটবলার খুব বেশি পাওয়া যায় না। ইমন বাবুর চোট সারিয়ে ফেরাটা অবশ্য দলের জন্য সুখবর। একই সঙ্গে ল্যান্ডিংকে পেয়ে ওয়ালীরা একটু যেন নির্ভারও। অনুশীলনের ফাঁকে ঘর্মাক্ত শরীরে প্রাণতোষ তো বলেই দিলেন, ‘ল্যান্ডিং আসায় মিডফিল্ডে আমাদের সমস্যাটা কাটবে মনে হচ্ছে।’
তবে অনুশীলন দেখতে আসা এক সমর্থক আবাহনীর এই দলটাকে গতবারের চেয়ে বেশি নম্বর দিলেন না। পাশে দাঁড়ানো আরেক সমর্থকও একমত। দুজনেরই কথা, লি টাক না থাকায় আবাহনী গতবারের মানের দল হয়নি। যদিও অভিজ্ঞদের সঙ্গে রুবেল মিয়া-সাদদের মতো তারুণ্যের শক্তিতে আবাহনী ভালো করবে নতুন মৌসুমে, এই বিশ্বাস তাঁদের আছে। মাঠে আবাহনী সেটা করে দেখাতে পারলেই মাঠে ফিরবে দর্শক-সমর্থক। ফুটবলের এই ক্রান্তিকালে যেটি বড় জরুরি।
যাঁরা এলেন
নাসির উদ্দিন, ইয়ামিন মুন্না, রায়হান, সোহেল রানা, রুবেল মিয়া, জিতু, দিদার, এমেকা, ল্যান্ডিং
যাঁরা গেলেন
আরিফ, হেমন্ত, তপু বর্মণ, শাকিল, জুয়েল রানা, ফয়সাল মাহমুদ, লি টাক, সানডে
পুরোনো মুখ
ওয়ালী ফয়সাল, প্রাণতোষ, সোহেল, টিটো, সুলতান, সামাদ ইউসুফ, জীবন, ইমন বাবু, বাদশা, ফাহাদ, ছোট শাহেদ, সাদ

দ্রাগো মামিচ
দ্রাগো মামিচ

দ্রাগো মামিচ, কোচ
ইমন আমাদের প্লে-মেকার
আমাদের প্রস্তুতি ভালো হচ্ছে। এএফসি কাপের জন্য আগেই অনুশীলন শুরু করায় দলটা সম্পর্কে ভালো ধারণা হয়েছে আমার। এএফসি কাপের হতাশাও কাটিয়ে উঠেছি। তবে বাংলাদেশের ঘরোয়া ফুটবল আগে দেখা হয়নি বলে এ নিয়ে কিছু বলতে পারব না। সবার মুখে শুনেছি, পাঁচ-ছয়টি দল কাছাকাছি মানের। তাই লড়াইটা বেশ জমবে বলেই মনে হচ্ছে। আমাদের মাঝমাঠ দুর্বলতা নিয়ে অনেকে বলছেন। তবে চোট সারিয়ে ইমন বাবু ফিরেছে। আমি মনে করি, ইমন হবে আমাদের প্লে-মেকার।

মামুন মিয়া
মামুন মিয়া

মামুন মিয়া, অধিনায়ক
লি টাকের অভাব পূরণ করবে ল্যান্ডিং
ট্রফি জয়ের লক্ষ্যেই দল গড়ে আবাহনী। এবারও আমাদের দৃষ্টি ঘরোয়া সব শিরোপায়। আমার চোখে আবাহনীই সেরা দল গড়েছে। যারা চলে গেছে, তাদের জায়গাও পূরণ হয়েছে। লি টাককে নিয়ে অনেক কথা হচ্ছে। লি টাক ব্যতিক্রমী ফুটবলার। তবে ওর জায়গায় শেখ জামাল থেকে আসা ল্যান্ডিং ভালো করবে বলেই আমার বিশ্বাস। গত মৌসুমের সেরা তিন ফুটবলারের মধ্যে ল্যান্ডিংকে রাখতে হবে। তাই চিন্তার কিছু দেখছি না। এএফসি কাপ খেলার কারণে আমাদের দলটা এরই মধ্যে গুছিয়ে উঠেছে, এটাও বড় এক ইতিবাচক দিক।