সব সম্পত্তি জব্দ চেলসির রাশিয়ান মালিকের
চেলসি বিক্রি করে দিচ্ছেন রোমান আব্রামোভিচ। অন্তত গত এক সপ্তাহে এমন কিছুই শোনা গেছে। ইউক্রেনে রাশিয়া হামলা করার পর থেকেই চাপে ছিলেন এই ধনকুবের। রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ বলে আব্রামোভিচ এবং তাঁর সুবাদে চেলসিও বিপাকে পড়ে গিয়েছিল। এ অবস্থায় চেলসিকে বিক্রি করে দিয়ে বিতর্কের হাত থেকে ক্লাবকে বাঁচাতে চেয়েছিলেন রাশিয়ান মালিক।
কিন্তু সেটিও যে করা হচ্ছে না তাঁর। যুক্তরাজ্য সরকার আব্রামোভিচের সব সম্পত্তি জব্দ করেছে।
রাশিয়ান ধনকুবের আশা করছিলেন, তাঁর বিরুদ্ধে নানা প্রান্ত থেকে ওঠা আপত্তিগুলো নিষেধাজ্ঞায় রূপ নেওয়ার আগেই চেলসি বিক্রি করে দিতে পারবেন। চেলসির মতো ক্লাব যারা বর্তমান চ্যাম্পিয়নস লিগ বিজয়ী, তার মালিক হতে আগ্রহ দেখিয়েছিলেন অনেকেই। কিন্তু সে আলোচনা ফলপ্রসূ হওয়ার সুযোগ মেলেনি। যুক্তরাজ্য সরকারের এই নিষেধাজ্ঞা সবার পরিকল্পনাই ভেস্তে দিচ্ছে।
পুতিনের ঘনিষ্ঠ প্রভাবশালীদের বিরুদ্ধে যুক্তরাজ্য সরকার বিভিন্ন উপায়ে শাস্তির ব্যবস্থা করেছে। যুক্তরাজ্য সরকারের কোষাগারের আর্থিক শাস্তি বিভাগ আজ বৃহস্পতিবার এক বিবৃতি দিয়েছে, ‘রোমান আরকাদিয়েভিচ আব্রামোভিচ (এ ক্ষেত্রে আব্রামোভিচ) একজন বিশিষ্ট রাশিয়ান ব্যবসায়ী এবং ক্রেমলিনপন্থী গোষ্ঠী শাসক। আব্রামোভিচ এমন একজন ব্যক্তি, যিনি ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ। তিনি ইউক্রেনকে অস্থিতিশীল করা এবং ইউক্রেনের আঞ্চলিক অখণ্ডতা, সার্বভৌমত্ব এবং স্বাধীনতাকে ক্ষুণ্ন ও হুমকির মধ্যে ফেলে দেওয়া একজনের সঙ্গে কয়েক দশক ধরে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে চলেছেন।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই সম্পর্ককে ব্যবহার করে আব্রামোভিচ পুতিন এবং রাশিয়ান সরকারের কাছ থেকে আর্থিক সুবিধা বা অন্যান্য বৈষয়িক সুবিধাও পেয়েছেন। রাশিয়ান সরকারের কাছ থেকে আব্রামোভিচের প্রতিষ্ঠানগুলো করে ছাড় পাওয়া, অনুকূল হারে শেয়ার কেনার সুবিধা পেয়েছে। ২০১৮ ফিফা বিশ্বকাপেও বিভিন্ন বিষয়ে কাজ পুতিন সরকারের পৃষ্ঠপোষকতায় কাজ করেছে আব্রামোভিচের প্রতিষ্ঠান।’ মোটকথা, আব্রামোভিচ পুতিনের সরকারের কাছ থেকে ব্যাপক হারে আর্থিক সুবিধা গ্রহণ করেছেন।
এ ব্যাপারে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন একটি বিবৃতি দিয়েছেন, ‘যারা ইউক্রেনে পুতিনের ভয়ংকর আক্রমণকে সমর্থন করেছে, তাদের জন্য আর কোনো নিরাপদ আশ্রয়স্থল থাকতে পারে না। আজকের নিষেধাজ্ঞা ইউক্রেনের জনগণের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের সর্বশেষ পদক্ষেপ। যারা বেসামরিক মানুষ হত্যা, হাসপাতাল ধ্বংস এবং সার্বভৌম মিত্রদের দেশে অবৈধ দখলের মতো অপরাধে জড়াতে পারে, তাদের প্রতি আমরাও নির্দয় হব।’
এই নিষেধাজ্ঞার ফলে চেলসি বিপাকে পড়ে গেছে। কারণ, মালিকানা নিয়ে সৃষ্ট অস্থিরতার কোনো সমাধান মিলছে না। যুক্তরাজ্যের সংস্কৃতিসচিব নাদিন ডরিস বলেছেন, চেলসিকে ফুটবল-সংশ্লিষ্ট সব কাজের জন্য ‘বিশেষ লাইসেন্স’ দেওয়া হবে। আজ রাতে নরউইচের সঙ্গে চেলসির খেলায় তাই কোনো সমস্যা নেই। কিন্তু ম্যাচের দিনে টিকিট বিক্রি করতে পারবে না চেলসি। শুধু যারা পুরো মৌসুমের টিকিট কেটে রেখেছেন, তাঁরাই এখন মাঠে যেতে পারবেন।