সবচেয়ে আবেদনময়ী রদ্রিগেজ!

এলাম, দেখলাম, জয় করলাম—হামেস রদ্রিগেজের জন্য ব্রাজিল বিশ্বকাপটা ছিল এমনই। কলম্বিয়ান স্ট্রাইকারের গোলগুলো যেমন সুন্দর, তেমনি তাঁর চেহারাটাও! বালকসুলভ চেহারার মধ্যে কেমন এক নিষ্পাপ চাহনি! চলন-বলন, ফিটনেস, ফ্যাশন—সব মিলিয়ে এ মুহূর্তে রদ্রিগেজই সবচেয়ে আবেদনময়ী পুরুষ! এটি রীতিমতো জরিপের ফল।
স্প্যানিশ ম্যাগাজিন পিপল এন এসপানোল-এর জরিপ অনুযায়ী ২০১৪ সালে রদ্রিগেজই সবচেয়ে আবেদনময়ী পুরুষ। আগের বছরগুলোয় ইংরেজি সংস্করণে এ খেতাবে ভূষিত হয়েছেন হলিউড তারকা ব্রাড পিট, জর্জ ক্লুনি, জনি ডেপ, ম্যাট ড্যামন ও রায়ান রেনল্ডস।
পতিপ্রবরের অনন্য এ খেতাবে স্ত্রী দানিয়েলা অসপিনার অনুভূতি কী? কলম্বিয়ান তারকার স্ত্রী অবশ্য মনে করেন, রদ্রিগেজের বালকসুলভ অসাধারণ চেহারার চেয়েও তাঁর ব্যক্তিত্ব অনেক বেশি মুগ্ধতাজাগানিয়া। অসপিনা বললেন, ‘ও খুবই আকর্ষণীয়। তবে আমি ওর ব্যক্তিত্বকেই বেশি পছন্দ করি। আর ওকে তো ভালোবাসিই।’
ছেলের এ খেতাবে তারিফ করলেন মা মারিয়া দেল পিলার রুবিও। মাত্র ২৩ বছর বয়সে জগদ্বিখ্যাত হওয়ার পরও রদ্রিগেজের মাথা ঘুরে যায়নি, বরং সে আগের মতোই আছে বলেই জানালেন মা। রুবিও বললেন, ‘হামেস নিরহংকারী আর ভীষণ নম্র স্বভাবের।’ সূত্র: গোল ডটকম