সবচেয়ে কম বেতনে খেলছেন দানি আলভেজ

বার্সেলোনায় ফিরেছেন দানি আলভেজছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় ক্লাবে খেলার জন্য মানুষ কত কিছুই না করে!


দানি আলভেজের কথাই ধরুন। ২০১৬ সালে যখন বার্সেলোনা ছাড়লেন, বিদায়টা মোটেও সুখকর ছিল না। আগের ক্লাবকর্তাদের নিয়ে মনে অনেক রাগ ও অভিমান পুষে বার্সেলোনা ছেড়েছিলেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। বার্সা ছাড়ার পরেও মাঠ মাতিয়েছেন পুরোদমে, জুভেন্টাস থেকে শুরু করে পিএসজি, সাও পাওলো— সফল সময় কাটিয়েছেন প্রত্যেকটা দলের হয়ে।  জাতীয় দলের হয়ে কোপা আমেরিকা জিতেছেন, জিতেছেন অলিম্পিক ফুটবলের সোনা।

বার্সেলোনায় ফিরেছেন আলভেজ
ছবি: বার্সেলোনা টুইটার

বার্সার বাইরে আলভেজের এই সাফল্য দেখে বার্সেলোনার মন পুড়েছিল কি না, কে জানে। তবে বার্সার প্রতি আলভেজের ভালোবাসা কমেনি একটুও। কমলে এই ৩৮ বছর বয়সে ক্লাবের ডাকে সাড়া দিতেন না। তবে আলভেজ বোঝেন, ক্লাবের অর্থনৈতিক অবস্থা ঠিক সুবিধার নয়। আর বোঝেন দেখেই সবচেয়ে কম বেতনে বার্সেলোনায় খেলার জন্য রাজি হয়েছেন এই রাইটব্যাক।


কিছুদিন আগে অসমর্থিত সূত্রের খবরে জানা গিয়েছিল, সপ্তাহে বার্সেলোনার কাছ থেকে মাত্র এক ইউরো করে বেতন নেবেন আলভেজ। এক ইউরো না হলেও, সম্ভাব্য সবচেয়ে কম বেতনই নিচ্ছেন আলভেজ। স্প্যানিশ গণমাধ্যম লা ভানগার্দিয়া জানিয়েছে, লা লিগায় অনুমোদিত সবচেয়ে কম বেতনে খেলতে রাজি হয়েছেন আলভেজ। লা লিগার নিয়ম অনুযায়ী প্রতি বছর খেলোয়াড়দের ন্যূনতম এক লাখ ৫৫ হাজার ইউরো করে বেতন দিয়ে হবে ক্লাবগুলোর।

জাভি, আলভেজ যখন সতীর্থ ছিলেন
ছবি : টুইটার

অর্থাৎ কোনো ক্লাবেই এর চেয়ে কম বেতনে খেলেন এমন কোনো খেলোয়াড় নেই। আলভেজও সর্বনিম্ন বেতনেই খেলতে রাজি হয়েছেন বার্সেলোনার হয়ে। এর আগে ২, ২০, ৬, ২২ নম্বর জার্সি পরে খেলা আলভেজ এবার পরবেন সাবেক সতীর্থ আন্দ্রেস ইনিয়েস্তার বিখ্যাত করা ৮ নম্বর জার্সি পরে।


প্রতি বছর এক লাখ ৫৫ হাজার ইউরো করে বেতন নেবেন আলভেজ। অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় ২ হাজার ৯৮০ ইউরো করে পাবেন এই তারকা। বাংলাদেশের হিসেবে প্রায় তিন লাখ টাকার মতো। ক্লাবগুলোর যুবদলের অনেক খেলোয়াড়ই এর চেয়ে বেশি বেতন পান। বোঝাই যাচ্ছে, প্রিয় ক্লাবে ফেরার জন্য, প্রিয় বন্ধু জাভির অধীনে খেলার জন্য আলভেজ কতটা মুখিয়ে ছিলেন!
এখন দেখার বিষয় প্রিয় বার্সেলোনার জন্য আলভেজের এই ত্যাগ, শেষ অবধি কতটা কার্যকর হয়!