সবচেয়ে পছন্দের দুজনকেই পাওয়া হলো না বার্সেলোনার
নতুন কোচ। নতুন পরিকল্পনা। নতুন দিনের আশা। আশা এক উজ্জ্বল ভবিষ্যতের।
উজ্জ্বল ভবিষ্যতের এই আশায়, বার্সেলোনাকে নতুন করে সাজানোর জন্য নতুন কোচ রোনাল্ড কোমান দলে এসেই দিয়েছিলেন পরিবর্তনের ডাক। বুঝেছিলেন, যে দল চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে ৮-২ গোলে হেরে বিদায় নেয়, সে দলের ভাগ্যবদলের জন্য আগপাশতলা পরিবর্তন করতে হবে। দলে আনতে হবে নতুন রক্ত, গাইতে হবে নবীনের জয়গান। যাদের নব্বই মিনিট সমানতালে খেলে যাওয়ার আগ্রহ আছে, আছে জয়ের অনিঃশেষ খিদে। সে লক্ষ্যেই লুইস সুয়ারেজ, ইভান রাকিতিচ, আর্তুরো ভিদালের মতো তুলনামূলক বয়স্কদের সঙ্গে নেলসন সেমেদো, রাফিনহা আলকানতারাদের মতো ফর্মহীনদেরও বিদায় করিয়ে দিয়েছেন ডাচ কোচ। এসেছেন সের্হিনিও দেস্ত, মিরালেম পিয়ানিচের মতো বেশ কিছু তারকা। তবে কোমান সবচেয়ে বেশি যে দুজন তারকাকে চেয়েছিলেন দলে, সে দুজনকেই শেষমেশ পাওয়া হয়নি তাঁর।
হ্যাঁ, এরিক গার্সিয়া আর মেমফিস ডিপাইয়ের কথাই বলা হচ্ছে। জেরার্ড পিকের কাছ থেকে আস্তে আস্তে রক্ষণভাগের দায়িত্ব নিজের কাঁধে নিতে পারেন এমন একজন ডিফেন্ডার দলে আসার পর থেকেই চাইছিলেন কোমান। পছন্দ হয়েছিল ম্যানচেস্টার সিটির স্প্যানিশ তারকা এরিক গার্সিয়াকে। ওদিকে লুইস সুয়ারেজের জায়গায় এমন একজন খেলোয়াড়কে চাইছিলেন কোমান, যিনি তাঁর কোচিং স্টাইল কিংবা খেলানোর ধরন বেশ ভালোভাবে বোঝেন। যে কারণে ডাচ তারকা ডিপাইকে মনে ধরেছিল বার্সার। কিন্তু শেষমেশ দুটো চুক্তির একটাও হয়নি।
কেন হয়নি? দুই ক্ষেত্রেই জড়িয়ে আছে টাকাপয়সার হিসাব। এরিক গার্সিয়ার প্রসঙ্গে সিটি প্রথম থেকেই জানিয়ে দিয়েছিল, আড়াই কোটি ইউরোর কমে এই খেলোয়াড়কে ছাড়তে রাজি নয় তাঁরা। ওদিকে গার্সিয়ার সঙ্গে সিটির চুক্তির আর মাত্র এক বছর বাকি। যার চুক্তির বাকি আছে মাত্র এক মৌসুম, ও যাকে চাইলেই এক বছর পর ‘ফ্রি’- তে দলে টানা যাবে, সে তারকার পেছনে আড়াই কোটি খরচ করার ব্যাপারটা বাড়াবাড়ি বলে মনে হয়েছে বার্সার কাছে। ফলে গত দেড় মাস ধরে বারবার এই তারকার দাম কমাতে চেয়ে তাঁরা। সিটিকে বারবার আলোচনার টেবিলে টেনে এনে কম দামে একটা দফারফা করতে চেয়েছে। কিন্তু সিটি সম্মত হয়নি। দলবদলের শেষ দিনে একটা চূড়ান্ত প্রস্তাব পাঠায় বার্সেলোনা। এক কোটি ইউরো, সঙ্গে বিভিন্ন শর্তপূরণ সাপেক্ষে আশি লাখ ইউরো - সিটির প্রস্তাবটা ছিল এমনই। দলবদলের শেষ দিনে এমন প্রস্তাব সিটি পাত্তাও দেয়নি। ফলে শৈশবের ক্লাব বার্সেলোনায় ফেরত যাওয়া হয়নি এই স্প্যানিশ তারকা।
ডিপাইয়ের সমস্যাটা আবার ট্রান্সফার ফি বিষয়ক না। লিওঁর সঙ্গে আড়াই কোটি ইউরোর সমঝোতা মোটামুটি হয়েই গিয়েছিল বার্সার। ডিপাইয়ের ক্ষেত্রে সমস্যা বেঁধেছে বেতন নিয়ে। বার্সেলোনার আক্রমণভাগে যারা খেলে, এমনিতেই তাঁদের প্রত্যেকের আকাশছোঁয়া বেতন। মেসি থেকে শুরু করে গ্রিজমান, কুতিনিও, দেম্বেলে— সবার একই অবস্থা। ফলে ডিপাইকে আলাদা করে অত বেশি বেতন দেওয়ার সাধ্য ছিল না বার্সার। এ ক্ষেত্রে সমাধান হতে পারত একটাই, দেম্বেলে যদি ক্লাব ছাড়তেন। সেটা হয়নি। এর আগে নেইমারকে আনার চুক্তিতে দেম্বেলেকে বার্সেলোনা ঢুকাতে চাইলেও ক্লাবের প্রতি ভালোবাসার খাতিরে সে প্রস্তাব মানতে রাজি হননি দেম্বেলে। এবারও সেটাই হয়েছে। ডিপাইকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য বার্সার জার্সি গা থেকে নামাতে চাননি এই ফরাসি উইঙ্গার। ম্যানচেস্টার ইউনাইটেড তাই শেষ দিন অনেক চেষ্টা-চরিত্র করেও পায়নি এই উইঙ্গারকে। ফলে ডিপাই-ও থেকে গেছেন লিওঁতে।
দেখা যাক, আগামী দলবদলকে এই দুজনকে বার্সা আবারও আনতে চায় কি না!