সবাই যদি পালিয়ে বাঁচে, রুখে দাঁড়াবে কে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতালের বিছানায় ‘পালাতে’ শিখছেন ল্যার্নের। ছবি: টুইটার
হাসপাতালের বিছানায় ‘পালাতে’ শিখছেন ল্যার্নের। ছবি: টুইটার

উগ্র আচরণের কারণে মিলওয়াল ফুটবল ক্লাবের সমর্থকদের ভয় পায় সবাই। মারামারি, হট্টগোলের সুযোগ পেলেই পোয়াবারো। কখনোই ছেড়ে কথা বলে না দক্ষিণ লন্ডনের এ ক্লাব। এ নিয়ে গর্বও করে তারা, ‘কেউ আমাদের পছন্দ করে না, আমরাও সেটা পাত্তা দিই না!’

তবে গত তিন-চার দিনে পরিস্থিতি পাল্টেছে। ইংল্যান্ডের দ্বিতীয় ও তৃতীয় স্তরের ফুটবলে ঘোরাঘুরি করা মারকুটে এই ক্লাবকেই এখন প্রশংসার দৃষ্টিতে দেখছে সবাই।
সবকিছু বদলে দিয়েছেন রয় ল্যার্নের। ৪৭ বছর বয়সী এই ভদ্রলোক মিলওয়ালের সমর্থক। ৩ জুন লন্ডন ব্রিজ হামলার দিনে হঠাৎ করেই নায়ক হয়ে গেছেন। সেদিন ৩ হামলাকারীর বিপক্ষে খালি হাতেই লড়েছেন ল্যার্নের। শুধু তাঁর কারণে সন্ত্রাসীদের হামলা থেকে রক্ষা পেয়েছেন অন্তত গোটা বিশেক মানুষ। তবে তিনি বেশি আলোচনায় এসেছেন ছুরিকাহত হওয়ার মুহূর্তে দেওয়া রণ চিৎকারের কারণে। জীবন-মরণের সামনে দাঁড়িয়ে কাউকে এমন চিৎকার দিতে শোনেননি কেউ, ‘ভাগো এখান থেকে, আমি কিন্তু মিলওয়াল সমর্থক!’
সেদিন শরীরের আট জায়গায় ছুরির খত নিয়েও লড়ে গেছেন। হাসপাতালের নিবিড় পরিচর্যা থেকে বের হয়ে ট্যাবলয়েড দ্য সানকে সেই মুহূর্তের বর্ণনা শুনিয়েছেন ল্যার্নের। ইসলামের ভুল ব্যাখ্যা ও স্লোগান দিয়ে হামলাকারীরা যখন বোরো মার্কেট রেস্তোরাঁয় ঢুকছিল, তখনই এগিয়ে গেছেন ল্যার্নের, ‘বোকার মতো আমি ওদের দিকে চিৎকার করে উঠলাম “ভাগো, আমি মিলওয়াল!” ওরাও আমার দিকে এগিয়ে এল।’
সে সুযোগে রেস্তোরাঁর বাকি লোকজন পেছনের দরজা দিয়ে পালানোর সুযোগ পেয়েছে। চাইলে ল্যার্নেরও পালিয়ে যেতে পারতেন। কিন্তু তাঁর সহজাত প্রবৃত্তি তাঁকে রুখে দাঁড়াতে বলেছে। সেদিনের ঘটনা নিয়ে ল্যার্নের বলেছেন, ‘আমি সামনে গিয়ে ওদের সঙ্গে মারামারি বাধালাম। অন্যরা সবাই পেছন দিয়ে পালাল। ওদের তিনজনের বিপক্ষে একা ছিলাম—এ কারণেই এত আহত হয়েছি। খালি হাতেই একবার ছুরি আটকাচ্ছি, আরেকবার হাত ঘোরাচ্ছি। ওরা আমার মাথা, বুক ও দুই হাতই জখম করেছে। রক্ত গড়াচ্ছিল সবখানে। ভাগ্যিস কোনোটাই সরাসরি লাগাতে পারেনি, না হলে তো মরেই যেতাম।’
ল্যার্নেরের এমন যুদ্ধংদেহী আচরণ দেখে পিছু হটে তিন হামলাকারী। এমন সাহসী আচরণে এখন সবার শ্রদ্ধার পাত্র তিনি। মিলওয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী আর্সেনালের পাঁড় ভক্ত, বিখ্যাত সঞ্চালক পিয়ার্স মরগানও আছেন সে তালিকায়। এক অনুষ্ঠানে প্রশংসা করে বলেছেন, ‘মিলওয়ালের ফ্যানদের কুখ্যাতি আছে, সেটার কারণও আছে। তবে এখন মিলওয়াল সমর্থকদের চাইবেন আপনি। ইনি (ল্যার্নের) তেমনই একজন।’
এক সন্তানের জনক ল্যার্নেরকে ডাকা হচ্ছে ‘লন্ডন ব্রিজের সিংহ’ নামে (মিলওয়াল ক্লাবের ডাকনাম সিংহ)। তবে এরপর এমন ঘটনা আবার ঘটলে কী করতে হবে, বন্ধুরা সে ব্যাপারে একমত। হাসপাতালে তাঁকে দেখতে গিয়ে ল্যার্নেরকে একটা সাময়িকী উপহার দিয়েছে বন্ধুরা। সেটার প্রচ্ছদে লেখা: ‘লার্ন টু রান’।
তবে মিলওয়ালের কোনো ভক্তের পক্ষে এমন কিছু করা কঠিন। সবাই যদি পালিয়ে বাঁচে, রুখে দাঁড়াবে কে! সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট।