
মালাগার সঙ্গে লা লিগায় আগের ম্যাচটায় গোল পাননি। এই মৌসুমের ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য যেটি বড়ই বেমানান। কোচ কার্লো আনচেলত্তিই তো বলেছেন, এখন রোনালদো মাঠে নামার আগেই আমরা ওর নামের পাশে ১ গোল ধরে রাখি। সেই রোনালদোকে কর্নেয়ার বিপক্ষে কোপা ডেল রেতে পরের ম্যাচটাতে নামালেনই না কোচ! সব মিলিয়ে কয়েকটা গোল তাই পাওনাই হয়ে গিয়েছিল রোনালদোর কাছে। কী দারুণভাবেই না সেই পাওনা শোধ করলেন পর্তুগিজ উইঙ্গার! একটি নয়, দুটি নয়, করলেন তিনটি গোল। পরশু রাতে লা লিগার ম্যাচে সেল্টা ভিগোকে রিয়াল হারিয়েছে রোনালদোর ওই ৩ গোলেই। লা লিগায় ২৩তম হ্যাটট্রিকে রোনালদো পেরিয়ে গেলেন দুই কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো আর তেলমো জারাকে। লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের মালিক এখন পর্তুগিজ উইঙ্গার।
সান্তিয়াগো বার্নাব্যুতে পরশু তাঁর প্রথম গোলটি ছিল পেনাল্টি থেকে। যদিও ওই পেনাল্টিটি আদায় করতে গিয়ে রোনালদো ‘ডাইভ’ দিয়েছেন বলে একটু-আধটু বিতর্ক উঠেছে। তবে ৬৫ মিনিটে বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে দ্বিতীয় এবং ৮১ মিনিটে মার্সেলোর পাস থেকে অসাধারণ তৃতীয় গোলটি নিয়ে কোনো বিতর্কের অবকাশ রাখেননি সিআর সেভেন। ৩ নম্বর গোলটি দিয়ে রোনালদো ছুঁয়েছেন লা লিগায় ২০০তম গোলের মাইলফলকও। এ পথ পাড়ি দিতে রিয়াল উইঙ্গারকে খেলতে হয়েছে মাত্র ১৭৮টি ম্যাচ। তাঁর চেয়ে দ্রুত লা লিগায় গোলের ‘ডাবল সেঞ্চুরি’ করতে পারেননি অন্য কেউ। গত বছরই সেপ্টেম্বরে লা লিগায় দ্রুততম ১৫০ গোলের রেকর্ডটা গড়েছিলেন ১৪০ ম্যাচ খেলে। ১৫০ থেকে ২০০ পর্যন্ত আসতে খেলতে হয়েছে মাত্র ৩৮টি ম্যাচ। বোঝাই যাচ্ছে কী দারুণ ফর্মে আছেন ফিফা বর্ষসেরা ফুটবলার!
রোনালদোর এমন রেকর্ডময় রাতে একটা কীর্তি গড়েছে রিয়াল মাদ্রিদও। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে রিয়ালের এটি টানা ১৮তম জয়। কার্লো আনচেলত্তির দল স্পর্শ করেছে ২০০৫-০৬ মৌসুমে ফ্রাঙ্ক রাইকার্ডের বার্সেলোনার গড়া টানা সবচেয়ে বেশি জয়ের রেকর্ড।

কাল চ্যাম্পিয়নস লিগে লুদোগোরেৎসের বিপক্ষে জয় পেলেই এ রেকর্ডটা শুধুই নিজেদের করে নেবে আনচেলত্তির দল। তবে দলীয় এ রেকর্ডের চিন্তা বাদ দিয়ে রিয়ালের ইতালিয়ান কোচ পরশু মেতে থাকলেন রোনালদো-বন্দনায়, ‘ওর মতো একজন খেলোয়াড়কে পাওয়া যেকোনো কোচের জন্য বিশাল ব্যাপার। আর এ মুহূর্তে সে খেলছেও অসাধারণ। মানসিকভাবে সে তুঙ্গে, শারীরিকভাবেও সবচেয়ে ফিট।’ কোচের চেয়ে আরেকটু বেড়ে বলেছেন রোনালদোর সতীর্থ সার্জিও রামোস, ‘সে যেসব পরিসংখ্যান গড়ে চলেছে সেগুলো অস্বাভাবিক। সত্যিটা হচ্ছে, তার মতো একজন খেলোয়াড়কে পাওয়া রিয়াল মাদ্রিদের সৌভাগ্য। ওকে বর্ণনা করতে নতুন শব্দ খুঁজতে হচ্ছে।’
১৪ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষস্থানটাও ধরে রেখেছে রিয়াল। চ্যাম্পিয়নস লিগেও অনেক আগেই নিশ্চিত করে রেখেছে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে খেলা। কাল লুদোগোরেৎসের বিপক্ষে ম্যাচটায় তাই চাইলে রোনালদোকে আবারও বিশ্রাম দিতে পারেন আনচেলত্তি। অবশ্য রোনালদো যদি বিশ্রাম নিতে রাজি থাকেন! চ্যাম্পিয়নস লিগে ৭১ গোল হয়েছে তাঁর, ৭৪ গোল নিয়ে একটু এগিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা লিওনেল মেসি।
এখন কি রোনালদোর বিশ্রাম নেওয়া মানায়? এএফপি, রয়টার্স।