সবার ওপরে হিগুয়েইন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেমি ভার্ডি ,লুইস সুয়ারেজ, পিয়ের–এমেরিক অবামেয়াং , গঞ্জালো হিগুয়েইন, ইব্রাহিমোভিচ
জেমি ভার্ডি ,লুইস সুয়ারেজ, পিয়ের–এমেরিক অবামেয়াং , গঞ্জালো হিগুয়েইন, ইব্রাহিমোভিচ

মৌসুম শুরুর আগে যদি বলা হতো, ইউরোপিয়ান গোল্ডেন শু কার পায়ে (পড়ুন হাতে) উঠবে, তাহলে কার নাম বলতেন? চোখ বন্ধ করে লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোকেই বেছে নিতেন নিশ্চয়ই। ২০০৯ সালের পর থেকে যে পুরস্কারটি প্রতিবারই মেসি-রোনালদোর কেউ না কেউ পেয়েছেন, সেটা নিয়ে অনুমান করতে ভাবতে হয় নাকি!
মৌসুমের অর্ধেকটা পেরিয়ে আসার পর মনে হচ্ছে, এবার হয়তো ইতিহাস নতুন করে লিখতে হবে। ইউরোপে দূরে থাক, লা লিগাতেই মেসি-রোনালদোর চেয়ে বেশি গোল করেছেন তাঁদের সতীর্থরা। রোনালদো তাও ১৬ গোল নিয়ে এখনো দৌড়ে আছেন, ১১ গোল মেসি অনেকটাই পিছিয়ে। তবে গোল্ডেন শুয়ের সুবাস কার নাকে সবচেয়ে বেশি লাগছে বলুন তো? গঞ্জালো হিগুয়েইনের নাম শুনে একটু চমকেই যেতে পারেন। ২১ গোল নিয়ে সিরি ‘আ’ তো বটেই, ইউরোপের শীর্ষ পাঁচ লিগেই শীর্ষে নাপোলির আর্জেন্টাইন স্ট্রাইকার! গোল্ডেন শুয়ের উয়েফা-সূচকে সবার ওপরে তাই হিগুয়েইন।
প্রায় অর্ধেক মৌসুমেই ২১ গোল করে ফেলা দুর্দান্ত ব্যাপার। তার ওপর কীর্তিটা যখন সিরি ‘আ’তে, তখন সেটাকে একটু ঝুঁকি নিয়ে ‘অবিশ্বাস্য’ বলে ফেলাই যায়। সিরি ‘আ’র ইতিহাসেই প্রথম ২১ ম্যাচ পর এত গোল করতে পেরেছেন মাত্র পাঁচজন। সর্বশেষ দুই মৌসুমে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন যে তিনজন, সেই লুকা টনি, মাউরো ইকার্দি, সিরো ইমমোবিলে পুরো মৌসুমে করেছিলেন ২২ গোল করে!
এই হারে গোল করলে ৩০ গোল হেসেখেলেই হয়ে যাবে হিগুয়েইনের। ইতালিয়ান ঘরোয়া লিগে সর্বশেষ এটা করতে পেরেছিলেন টনিই, সেই ২০০৫-০৬ সালে। ৩১ গোল নিয়ে ওইবার টনির হাতেই উঠেছিল গোল্ডেন শু।
শেষ পর্যন্ত হিগুয়েইন সোনালি জুতা পরতে পারবেন কি না, সেটা সময় বলে দেবে। ১৯ গোল নিয়ে সবচেয়ে কাছাকাছি পর্তুগিজ ক্লাব বেনফিকার ব্রাজিলিয়ান স্ট্রাইকার হোনাস। ১৮ গোল নিয়ে এর পরই বার্সেলোনার লুইস সুয়ারেজ ও ডর্টমুন্ডের পিয়েরে এমেরিক অবামেয়াং।
তবে শীর্ষ লিগের বাকি বেশ কয়েকটি নামই বিস্ময়ের। ইংলিশ লিগেই দেখুন, কে ভাবতে পেরেছিল সার্জিও আগুয়েরো, হ্যারি কেনদের ছাপিয়ে লেস্টারের জেমি ভার্ডি চূড়ায় উঠে যাবেন। রোমেলু লুকাকুকে সেভাবে চমক বলা যাবে না, ইংলিশ লিগে অনেক দিন থেকেই ধারাবাহিক। তবে ১৪ গোল নিয়ে তিনে থাকা ওয়ার্টফোর্ডের নাইজেরিয়ান স্ট্রাইকার ওডিওন ইঘালোকে চমক বলাই যায়।
জার্মানিতে অবামেয়াং-রাজও চমক হয়েই এসেছে। তবে প্রথম ৭ ম্যাচেই ৯ গোল করে যেভাবে ছুটছিলেন, এখন ডর্টমুন্ডের গ্যাবানিজ স্ট্রাইকার অনেকটাই স্লথ। গত চার ম্যাচে অবামেয়াং করেছেন মাত্র ১ গোল। এক ম্যাচে ৫ গোলের অবিশ্বাস্য কীর্তি গড়া রবার্ট লেভানডফস্কিও ‘ধীরে চলো’ নীতিতে চলছেন। নিজের প্রথম ৭ ম্যাচে ১২ গোল করলেও বুন্দেসলিগার সর্বশেষ ছয় ম্যাচে তাঁর গোল তিনটি।
লা লিগায়ও সুয়ারেজের ঘাড়ের ওপর নিশ্বাস ফেলছেন অনেকেই। ১৭ গোল নিয়ে করিম বেনজেমা সবচেয়ে কার্যকর, প্রতি গোলের জন্য শীর্ষ পাঁচ লিগে বেনজেমাই সবচেয়ে কম সময় নিয়েছেন (৬৮ মিনিট)। গতবারের গোল্ডেন শুজয়ী রোনালদো এবার এখন পর্যন্ত করেছেন ১৬ গোল, সমান গোল নিয়ে নেইমারও দৌড়ে আছেন ভালোমতোই। ওদিকে ফ্রেঞ্চ লিগে ১৭ গোল নিয়ে ইব্রাও আছেন লড়াইয়ে।
লিগ শিরোপার মতো এই লড়াইটাও তাই দারুণ জমজমাট!

ইংলিশ প্রিমিয়ার লিগ
১৬ জেমি ভার্ডি
(লেস্টার সিটি)
১৫ রোমেলু লুকাকু
(এভারটন)
১৪ ওডিওন ইঘালো
(ওয়াটফোর্ড)
লা লিগা
১৮ লুইস সুয়ারেজ
(বার্সেলোনা)
১৭ করিম বেনজেমা
(রিয়াল মাদ্রিদ)
১৬ ক্রিস্টিয়ানো রোনালদো
(রিয়াল মাদ্রিদ)
১৬ নেইমার (বার্সেলোনা)
বুন্দেসলিগা
১৮ পিয়ের–এমেরিক অবামেয়াং
(ডর্টমুন্ড)
১৭ রবার্ট লেভানডফস্কি
(বায়ার্ন)
১৪ টমাস মুলার
(বায়ার্ন)
সিরি ‘আ’
২১ গঞ্জালো হিগুয়েইন (নাপোলি)
১২ পাওলো দিবালা
(জুভেন্টাস)
১২ এডার মার্টিনস (সাম্পদোরিয়া)
ফ্রেঞ্চ লিগ ওয়ান
১৭ ইব্রাহিমোভিচ (পিএসজি)
১২ মিশি বাতশুয়াই
(মার্শেই)
১১ বেঞ্জামিন মুকান্দজো
(লঁরিয়ে)