সবার পরীক্ষা নেবেন লোপেজ

নাম দেখে কোনো খেলোয়াড় দলে নেবেন না—জানিয়ে দিয়েছেন আগেই। প্রথম দিনের অনুশীলনে খেলোয়াড়দের ডেকেও সেটি বলে দিলেন ফাবিও লোপেজ। সব খেলোয়াড়কে তো আর একসঙ্গে দেখা সম্ভব নয়, তাই সবাইকে আলাদাভাবে দেখে তবেই দল চূড়ান্ত করতে চান বাংলাদেশ দলের ইতালিয়ান কোচ।
ফুটবলারদের তাই হঠাৎই দিতে হচ্ছে পরীক্ষা। দলে টিকে থাকা আর জায়গা পাওয়ার অলিখিত লড়াইও শুরু হয়ে গেল কাল প্রথম অনুশীলন সেশন থেকেই। তাঁদের স্কিলটাই প্রশ্নপত্রে মূল বিষয়, সঙ্গে ফিটনেস। প্রশ্নপত্র কোনোভাবেই শিথিল করতে চান না কোচ, ‘হাতে সময় কম। তবু সব খেলোয়াড়কে আমি দেখব। তাদের মধ্যে কী আছে, কী নেই, সব জেনে-বুঝেই দল গড়ব।’
সেই দল গড়ার প্রক্রিয়ায় লোপেজ আজ ১৭ জন খেলোয়াড় নিয়ে সকালে শেখ জামাল ধানমন্ডি মাঠে অনুশীলনে যাবেন। ক্যাম্পে থাকা বাকি ১৮ জনকে নিয়ে হবে বিকেলের সেশন। আলাদাভাবে খেলোয়াড়দের ‘দেখার’ মধ্যে একটা নতুনত্ব থাকছেই।
লোপেজের দুই স্বদেশি স্টাফ পরশু এসেছেন, তাঁদের নিয়েই কাল কাজে নামলেন। এঁরা দুজনই রোমের লাৎসিও ক্লাবে কাজ করেছেন। সহকারী কোচ কনস্তান্তিনো জুকারানির সঙ্গে আসা ট্রেনার অ্যাঞ্জেলো পাভিয়ার বয়স মাত্র ২৬। প্রথম দেখায় এঁকে নেহাত ছাত্র বলে মনে হয়!
তবে লোপেজ জানালেন, ‘ও এরই মধ্যে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে।’ সহকারী কোচেরও প্রশংসা করে পরিচয় করিয়ে দিলেন, ‘বয়সে একটু বড় হলেও সে আমার ছাত্র।’ বাংলাদেশের ফুটবলাররাও এখন তাঁর ছাত্র, সেই ছাত্ররা প্রথম দিনে গুরুকে খুশিই করতে পেরেছে, ‘ওরা বেশ আন্তরিক। আমি এটাই চাইছিলাম।’
খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর বাফুফে টার্ফে হালকা ওয়ার্মআপ হলো, এরপর বল পজেশন ও দুই গ্রুপে ভাগ করিয়ে ম্যাচ খেলিয়েছেন। অন্য খেলোয়াড়দের মতো ডিফেন্ডার নাসিরের কাছেও প্রথম সেশনটা ভালোই লেগেছে, ‘এখনই কিছু বলতে পারব না। কিন্তু শুরুতে মনে হলো, কোচ কিছু একটা করতে চান।’
কোচের চোখ ১৩ অক্টোবর কিরগিজস্তানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ। সাফ টুর্নামেন্টটা আপাতত তাঁর পেছনের পাতায়।