সবারই থাকছে সুযোগ!
‘এ’ গ্রুপের খেলা আজই শেষ হচ্ছে। অথচ শেষ বাঁশি বাজার আগে বলা যাচ্ছে না কোন দল বিদায় নিচ্ছে আর কোন দল হচ্ছে গ্রুপ চ্যাম্পিয়ন। আজ লিওঁ এবং লিলের দুই ম্যাচে ভাগ্য নির্ধারিত হবে সবার।
দুই ম্যাচ জিতে আগেই নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে ফ্রান্স। তবু আজকের ম্যাচটি হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই দিদিয়ের দেশম ও তাঁর দলের। গত ইউরোতেও দুই ম্যাচ জিতে শেষ ম্যাচে তারা হেরে বসেছিল সুইডেনের কাছে। তাতে গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে পড়তে হয়েছিল স্পেনের সামনে। এবারও সুইজারল্যান্ডের কাছে হারলে গ্রুপ রানার্সআপ হতে হবে এবং তখন শেষ ষোলোতেই দেখা হয়ে যেতে পারে জার্মানি কিংবা পোল্যান্ডের সঙ্গে। নকআউট পর্বের শুরুতেই এত বড় পরীক্ষা কে দিতে চায়!
তবে সুইজারল্যান্ড সহজেই ফ্রান্সের জন্য রাস্তা ছেড়ে দিতে চাইবে না। এমনিতে তাদের সমীকরণ আজ খুব সহজ, ফ্রান্সের সঙ্গে ড্র করলেই চলবে। তবে সুইস স্ট্রাইকার আদমির পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁদের পরিকল্পনা, ‘নিশ্চিত থাকুন, আমরা এ ম্যাচ জিততে চাই। ড্রতে আমরা সন্তুষ্ট থাকব না।’
আগের মতো হলে আলবেনিয়া এতক্ষণে ব্যাগ গোছাতে শুরু করত। প্রথম দুই ম্যাচেই হেরে গেছে ইউরোতে প্রথম খেলতে আসা আলবেনিয়া। কিন্তু এবার তৃতীয় স্থানে থাকা সেরা চারটি দলেরও সুযোগ মিলবে নকআউট পর্বে খেলার। আজ রোমানিয়াকে বড় ব্যবধানে হারাতে পারলে তাই সুযোগ থাকবে আলবেনিয়ারও। কিন্তু এখানেই তাদের মূল সমস্যা। ফ্রান্স ও সুইজারল্যান্ডের বিপক্ষে রক্ষণভাগ দারুণ খেললেও দুই ম্যাচেই মনে হয়নি আলবেনিয়ার আক্রমণভাগ বলে কিছু আছে। কোচ জিয়ান্নি দি বিয়াসি তবু আশা ছাড়ছেন না, ‘আমি বিশ্বাস করি পরের পর্বে যেতে পারব, আগের দুই ম্যাচে যে গোলগুলো পাইনি সেটি করতে পারলেই হবে।’
কিন্তু রোমানিয়া কি সে সুযোগ দেবে? আলবেনিয়ার বিপক্ষে নিজেদের জয় ও সুইজারল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের দুই গোলের ব্যবধানে জয় যে তাদের নকআউট পর্ব নিশ্চিত করে ফেলবে, তাও গ্রুপ রানার্সআপ হিসেবেই! এএফপি।
আজকের খেলা
ফ্রান্স-সুইজারল্যান্ড
রাত ১টা
রোমানিয়া-আলবেনিয়া
রাত ১টা