প্রথম পাঁচ ম্যাচে টানা ৫ গোল। তৌহিদুল আলম সবুজের সময়টা দারুণ যাচ্ছিল। দুই ম্যাচ বিরতি দিয়ে কাল আবার গোলের দেখা পেলেন সবুজ। মনসুরের চিপ আলতো টোকায় জালে ঠেলেছেন ব্রাদার্স রক্ষণকে ফাঁকি দিয়ে। ৮১ মিনিটে তাঁর এই গোলের পরই চট্টগ্রাম আবাহনী হাঁফ ছেড়ে বাঁচে। এর আগে ৩৯ মিনিটে ব্রাদার্স আত্মঘাতী গোল খেয়ে বসেছিল। তবু কাদামাঠে লিগের শীর্ষ দলটি নিশ্চিত হতে পারছিল না অষ্টম ম্যাচে সপ্তম জয়টা আসছেই। তবে শেষ পর্যন্ত ব্রাদার্স কাঁটা হতে পারেনি।
দুপুরে তুমুল বৃষ্টি নামায় কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শুধু দিনের প্রথম ম্যাচটা হয়েছে। আর এ ম্যাচে চট্টগ্রাম আবাহনীর নিয়মিত অধিনায়ক জাহিদ পুরো ফিট না থাকায় খেলেননি। ভারপ্রাপ্ত অধিনায়ক মামুনুল ইসলামকে কালই মৌসুমে প্রথম পুরো ৯০ মিনিটে মাঠে রেখেছেন কোচ সাইফুল বারী।
মামুনুল মানে বাঁ পা, একটা দারুণ কর্নার বা ফ্রিকিক। কালও সেই ঝলকটা দেখা গেল। চট্টগ্রাম আবাহনী প্রথম গোলটা পেয়েছে মামুনুলের বাঁ পায়ের ফ্রিকিকেই। ফ্রিকিকের আগে ব্রাদার্স কোচ নিকোলা ভিতোরোভিচ তাঁর স্ট্রাইকার সিও জুনাপিউকে রক্ষণে যেতে বলেন। আর সিও রক্ষণে যেতেই মামুনুলের কর্নার তাঁর মাথায় লেগে জালে!
জয় নিয়েই তিন সপ্তাহের ছুটিতে গেল চট্টগ্রাম আবাহনী। অনূর্ধ্ব-১৮ সাফের জন্য পরশু থেকে লিগ বন্ধ। বন্ধের সময়টা নিয়ে চট্টগ্রাম আবাহনীর কোচ টিটু বেশ চিন্তিত। হওয়ারই কথা। একটা লিগ হঠাৎ বন্ধ মানে খেলা শুরুর পর নতুন করে শুরুর চ্যালেঞ্জ। টিটু বলছিলেন, ‘এখন পর্যন্ত আমরা তিনবার প্রাক-মৌসুম অনুশীলন করেছি। খেলোয়াড়েরা ক্লান্ত। তাই এখন সাত দিনের বিরতি দেব।’ তবে তাঁর ভয়—সাত দিনের বিশ্রামে না ফিটনেস সমস্যা দেখা দেয় খেলোয়াড়দের।
চট্টগ্রাম আবাহনীর চিন্তা আছে আরেকটি। এখন পর্যন্ত আট ম্যাচে ১ গোল খেয়ে দলটি করতে পেরেছে মাত্র ১২ গোল। ৬টিই সবুজের। দলে বিকল্প গোলদাতা হিসেবে কেউ ভরসা দিতে পারছেন না। স্ট্রাইকার শাখাওয়াত রনিকে কোচ দেখলেন কাল। কিন্তু রনি কোচের প্রত্যাশা পূরণ করতে পারেননি। তবু জয়টাই বড় স্বস্তির শিরোপাপ্রত্যাশীদের কাছে।
আজকের খেলা: ঢাকা আবাহনী-মুক্তিযোদ্ধা (সন্ধ্যা ৬টা, বঙ্গবন্ধু স্টেডিয়াম)