সবুজ-রুবেলরা গোলের রাস্তায়

ব্রাদার্সের বিপক্ষে গোল করেই কোচ কামাল বাবুর পা ছুঁয়ে সালাম করেছিলেন রহমতগঞ্জের মিডফিল্ডার মোহাম্মদ ইলিয়াস। টাঙ্গাইলের তরুণ গত মৌসুমে খেলেছিলেন চ্যাম্পিয়নশিপ লিগে কারওয়ান বাজার প্রগতি সংঘের হয়ে। এবার তাঁকে প্রিমিয়ারে সুযোগ দিয়েছেন রহমতগঞ্জের কোচ কামাল বাবু। প্রথম দুই ম্যাচে একাদশেই ছিলেন না ইলিয়াস। কিন্তু তৃতীয় ম্যাচে নেমেই তিনটি পয়েন্ট এনে দেন রহমতগঞ্জকে। প্রিমিয়ার লিগে অভিষেকে গোল পেয়ে সেকি আনন্দ ইলিয়াসের! অথচ ওই ম্যাচে রহমতগঞ্জের বড় ভরসা ছিলেন গিনিয়ান ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরা।
ঘটনাটিকে প্রতীকী হিসেবে দেখা যেতে পারে। বিদেশি ফুটবলারদের সঙ্গে সমানতালে লড়ে এবার গোল পাচ্ছেন স্থানীয় খেলোয়াড়েরা। আর দেশি ফুটবলারদের পায়ে গোল আশাবাদী করে তুলছে কোচদের।
গতকাল পর্যন্ত প্রিমিয়ার লিগে ম্যাচ হয়েছে ১৯টি। মোট গোল হয়েছে ৩৭টি। দুটি গোল আত্মঘাতী। ১৯টিই করেছেন স্থানীয় ফুটবলাররা। ৩টি করে গোল করে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল আলম সবুজ এবং রহমতগঞ্জের ইসমাইল বাঙ্গুরা।
গত মৌসুমে মাঠে নামতে পারতেন তিন বিদেশি ফুটবলার। পেশাদার লিগ কমিটি নিয়মটা বদলে এবার দুজন বিদেশিকে খেলানোর অনুমতি দিয়েছে। এতে বেশি বেশি খেলার সুযোগ মিলছে স্থানীয়দের।
যদি গোল করাটাকেই পারফরম্যান্সের অন্যতম মানদণ্ড ধরা হয়, তাহলে গতবারের তুলনায় এই সময় পর্যন্ত এবার স্থানীয়দের অর্জন কম। গত মৌসুমে ১৮ ম্যাচে ৪৪ গোলের মধ্যে দেশি ফুটবলারদের গোল ছিল ২৩টি।
তবে এবার দেশি ফুটবলারদের গোলের ধরন দেখে খুশি কোচরা। বিজেএমসির সঙ্গে তৌহিদুল আলম সবুজের প্রায় শূন্য ডিগ্রি কোণ থেকে দূরের পোস্টে গোল অথবা শেখ জামালের বিপক্ষে শেখ রাসেলের খালেকুজ্জামানের বক্সের বাইরের ভলিতে গোল—নিশ্চয়ই এখনো ভুলে যাননি সেদিন গ্যালারিতে উপস্থিত দর্শকেরা। অথচ বাংলাদেশের স্ট্রাইকারদের গোল করার ব্যর্থতাই কোচদের বেশি দুশ্চিন্তায় ফেলে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের আট ম্যাচে মাত্র দুটি গোল করতে পেরেছেন বাংলাদেশের স্ট্রাইকাররা।
লিগে গোল করার অভ্যাস গড়ে তুলেছেন চট্টগ্রাম আবাহনীর সবুজ। এবার প্রতি ম্যাচেই গোল করেছেন। আফিজ ওলাদিপো, মুফতা লাওয়াল, উদোকা এলিসনদের টপকে প্রতি ম্যাচে সবুজের গোল পাওয়াটা চট্টগ্রাম আবাহনীর কোচ সাইফুল বারী টিটুর কাছে দারুণ ইতিবাচক, ‘দেশি ফুটবলাররা এবার বেশি খেলার সুযোগ পাচ্ছে। অনেক তরুণ ও অভিজ্ঞরা গোল করছে। আশার কথা, বিদেশিদের টপকে সবুজের মতো স্থানীয়রা গোল পাচ্ছে। অথচ জাতীয় দলে এই ফুটবলাররা গোল করা বলতে গেলে ভুলেই গিয়েছিল। এটাকে তাই ইতিবাচকভাবেই দেখছি।’
বিদেশি খেলোয়াড় কোটা কমানোর ফলেই স্থানীয়দের ভাগ্য খুলেছে। রহমতগঞ্জের কোচ কামাল বাবুর চোখে এটা দারুণ পদক্ষেপ, ‘বিদেশি কোটা বাড়ানো হলে আমরা দুজন স্ট্রাইকার বা একজন মিডফিল্ডার বিদেশি রাখতাম। স্থানীয়রা তাতে বঞ্চিত হতো। কোটা কমানোয় সুযোগ পেয়ে তারা ভালোভাবেই তা কাজে লাগাচ্ছে। এবার স্থানীয়দের গোলগুলোও হচ্ছে দর্শনীয়।’
এরই মধ্যে গোল পেয়েছেন সাইফ স্পোর্টিংয়ের হয়ে খেলা জাতীয় দলের তপু বর্মণ, জুয়েল রানা। রহমতগঞ্জের রাশেদুল ইসলাম শুভ, ফরাশগঞ্জের তাহিদুর জামান গোল করে হারিয়েছেন আবাহনীকে। গোল করেছেন শেখ জামালের নুরুল আবসার, মুক্তিযোদ্ধার আমজাদ আলী। বাংলাদেশের ফুটবলাররা গোল করতে পারেন না, এই অপবাদ কি তাহলে ঘুচতে চলেছে অচিরেই?