কাতানিয়া, আতালান্তা, সেভিয়া— ইউরোপের শীর্ষ লিগের দুই লিগে এক দশক ধরে খেলছেন আলেহান্দ্রো গোমেজ। সমর্থকদের কাছে পাপু গোমেজ বলেই যাঁর বেশি পরিচিতি। মাঝখানে এক বছর ইউক্রেনের লিগে কাটিয়ে এসেছেন, সেখানেও তাঁর পারফরম্যান্স বাহবা পাওয়ার মতোই। তার পরও মেসি, হিগুয়েইন, আগুয়েরো, দি মারিয়ারা থাকায় জাতীয় দলে সেভাবে কখনোই ডাক পাননি। ডাক পেলেও নিয়মিত নিজেকে তুলে ধরার সুযোগ পাননি।
সে পাপুই আজ উদ্ধার করেছেন আর্জেন্টিনাকে। তাঁর একমাত্র গোলেই প্যারাগুয়েকে হারিয়ে এবারের কোপায় নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। তিন ম্যাচে সাত পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষেই আছেন মেসিরা।
পাপুর এ ম্যাচে খেলাও নিশ্চিত ছিল না। লাওতারো মার্তিনেজের ফর্মহীনতা, ল সেলসো-নিকোলাস গঞ্জালেসদের চোট মূল একাদশের দুয়ার খুলে দেয় পাপুর সামনে। আর কী দুর্দান্তভাবেই না কোচ লিওনেল স্কালোনির আস্থার প্রতিদান রাখলেন তিনি!
ম্যাচের ১০ মিনিটে গোল আদায় করে নেন। এতে অবশ্য আনহেল দি মারিয়ার অবদানই বেশি। ডান প্রান্ত থেকে দারুণ এক পাস বাড়ান দি মারিয়া। তবে পাপুর ফিনিশিংটা ছিল দেখার মতো। অবদান রয়েছে মেসিরও। মাঝমাঠে প্যারাগুয়ের এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান উইংয়ে দি মারিয়াকে পাসটি দিয়েছিলেন মেসি। গোলকিপার আন্তোনি সিলভার ওপর দিয়ে দুর্দান্ত এক চিপ করে গোলটি করেন পাপু।
গোল পেয়ে যথারীতি বেশ খুশি ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। এমন মুহূর্তে স্মরণ করেছেন জাতীয় দলে ব্রাত্য হয়ে থাকার সেই দিনগুলো। ভালো খেলছেন, কিন্তু জাতীয় দলের ডাক আসছে না; ধৈর্য ধরা ছাড়া তখন আর কী-ইবা করার ছিল পাপুর।
আজ সেই ধৈর্যের ফলই পেয়েছেন বলে মনে করেন তিনি, ‘আমি অনেক খুশি। আমি এই সুযোগের অপেক্ষায় ছিলাম। এই জয়ের কারণে আমি অনেক বেশি খুশি। পরিবার আর বন্ধুদের কথা মনে পড়ছে। আমাকে এই অবস্থায় আনার পেছনে যাঁদের অবদান, তাঁদের কথা মনে পড়ছে। আমি যখন সুযোগ পেতাম না, তখন ধৈর্য ধরেছি।’
গোলে অ্যাসিস্ট করা দি মারিয়ার কথাও ভোলেননি পাপু, ‘দি মারিয়ার অ্যাসিস্টটা দুর্দান্ত ছিল। আমাকে শুধু বলে পা দিতে হয়েছে আর ঠিক জায়গায় শট করতে হয়েছে। দল আবারও জিতেছে, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে অনেক। এখন বিশ্রামের সময়। এরপর দেখা যাবে কী হয় সামনে।’
সব সময় ভালো খেললেও পাপু বিশেষ করে নজরে আসেন ২০১৭ সালের পর। ইতালিয়ান ক্লাব আতালান্তা যে দৃষ্টিনন্দন আর কার্যকরী ফুটবল খেলছে গত কয়েক মৌসুম ধরে, তাঁর পুরোভাগে ছিলেন ছোটখাটো এ ফরোয়ার্ড। দলের অধিনায়কও ছিলেন, তখন থেকেই কথা ওঠে, এত দুর্দান্ত খেলার পরও কেন পাপু ডাক পাচ্ছেন না জাতীয় দলে।
শেষমেশ আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলি ২০১৭ সালে প্রথম দলে ডাকেন তাঁকে। সিঙ্গাপুরের বিপক্ষে প্রীতি ম্যাচে অভিষেক ঘটে এই ফরোয়ার্ডের। বদলি হিসেবে মাঠে নেমে সেদিন একটা গোল করেছেন, আরেকটা করিয়েছিলেন। পরে আরও কয়েকটা ম্যাচে সুযোগ পেলেও তেমন কার্যকরী ছিলেন না।
ফলাফল? মূল একাদশের পরিকল্পনায় কখনই পাপুকে নিয়ে সেভাবে পরিকল্পনা সাজাননি সাম্পাওলি কিংবা স্কালোনি। তবে আজ যেভাবে গোল করলেন, তাতে পাপুকে নিয়ে স্কালোনির চিন্তার দুয়ার নতুন করে খুলে যেতে বাধ্য।
ওদিকে গোলে সহায়তা দেওয়া দি মারিয়াও দলের জয়ে বেশ খুশি, ‘আমার মনে আজকের জয়টা আমাদের প্রাপ্য ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছি গোল করার, কিন্তু একটা সুযোগই কাজে লাগাতে পেরেছি। আমরা বেশ ভালোভাবে ম্যাচ শুরু করেছি, গোল করার চেষ্টা করেছি ও প্রথম থেকেই ম্যাচটা আমাদের পকেটে পোরার চেষ্টা করেছি।’