সভাপতি পিকে বনাম সভাপতি রামোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কে জানে, ভবিষ্যতে দুজনের এমন ঝগড়াঝাঁটি দেখা যেতে পারে প্রেসিডেন্টস বক্সেও। ফাইল ছবি
কে জানে, ভবিষ্যতে দুজনের এমন ঝগড়াঝাঁটি দেখা যেতে পারে প্রেসিডেন্টস বক্সেও। ফাইল ছবি

ধরুন সময়টা ২০২৫ সালের এপ্রিল। স্পেন, এমনকি পুরো বিশ্বের তাবৎ ফুটবলপ্রেমীর চোখ সান্তিয়াগো বার্নাব্যুতে। একটা চাপা উত্তেজনা। এল ক্লাসিকো হবে, রিয়াল মাদ্রিদের মাঠে খেলবে বার্সেলোনা। মাঠে তারকার ছড়াছড়ি। ডাগআউটও কম যায় না, দুই দলের কাছে ৯০ মিনিটে ধ্রুপদি ফুটবলেরই আশা। কিন্তু বারবার ক্যামেরাটা টেনে নিয়ে যাচ্ছে বার্নাব্যুর প্রেসিডেন্টস বক্সেও। কিছু একটা হচ্ছে সেখানে। এ কী! দুই প্রেসিডেন্টের মধ্যে একটু লেগে গেল বোধ হয়! একজন রেফারিং নিয়ে কিছু একটা বলছেন, আরেকজন হাত দিয়ে ইশারা করছেন, ‘এখনো আগের মতোই বকবক করছ তুমি!’ 

দুই প্রেসিডেন্টের নাম—সার্জিও রামোস ও জেরার্ড পিকে!
নিছক কল্পনা। তবে এমনটা হতেও পারে। পিকে বার্সেলোনার সভাপতি হতে চান, সেটি তো এখন ‘ওপেন সিক্রেট’। এবার রামোসও ঠারেঠোরে জানিয়ে দিলেন, মাঠ ছাড়ার পর মাদ্রিদের বোর্ডরুমে গিয়ে বসার ইচ্ছে আছে তাঁরও।
টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেছে। সেটি উপলক্ষে গতকাল ফলোয়ারদের সঙ্গে একটা প্রশ্নোত্তর পর্বের আয়োজন করেছিলেন রামোস। স্বাভাবিকভাবে তিনি মাদ্রিদ সভাপতি হবেন কি না, প্রশ্নটা এল। আসবে না-ই বা কেন? পিকের সঙ্গে তাঁর যেমন খুনসুটি-বন্ধুত্ব-শত্রুতার মিশেলের সম্পর্ক, সেটি দুই দলের প্রেসিডেন্টস বক্সেও টেনে নিয়ে গেলে তা দেখার মতোই তো হবে!
এই টুইটারেই পিকে-রামোসের পাল্টাপাল্টি নিয়ে কয়েক পৃষ্ঠা লেখা যাবে। কখনো সেটি মজার হয়, কখনো তাতে মিশে যায় রিয়াল-বার্সার ‘শত্রুতা’ও। এই মৌসুমেই তো রিয়ালের পক্ষে রেফারির অনেক সিদ্ধান্ত গেছে ইঙ্গিত করে অনেক টুইট করেছেন পিকে, রামোস সেগুলোর বেশির ভাগেরই জবাব দিয়েছেন মজা করে। আর সর্বশেষ এল ক্লাসিকোতে দেখা গেল সেটির কদর্য রূপ। লাল কার্ড দেখে বের হওয়ার সময় পিকের দিকে তাকিয়ে রামোস হাতে ইঙ্গিত করলেন, যেটির অর্থ দাঁড়ায়, ‘তোমার বকবকানিতে কাজ হয়েছে। রেফারি এবার তোমাদের পক্ষেই সিদ্ধান্ত দিয়েছে।’
আবার ডাগআউট পেরিয়ে বের হওয়ার সময়ও প্রেসিডেন্টস বক্সের দিকে দেখিয়ে ইঙ্গিত করলেন পিকেকে। এর আগের এল ক্লাসিকোতে যে মাঠ থেকে রিয়াল বক্সের দিকে তাকিয়ে ইঙ্গিত করেছিলেন পিকেও, যেটির অর্থ ছিল, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের গুটি চালনাতেই রেফারির সিদ্ধান্ত রিয়ালের পক্ষে যাচ্ছে।
তা দুজনের এই খুনসুটি, যুদ্ধ প্রেসিডেন্টস বক্সেও গড়াবে? পিকের মতো রামোসেরও ইচ্ছে আছে ক্লাবের সভাপতি হওয়ার? ৩১ বছর বয়সী রিয়াল ডিফেন্ডার অবশ্য প্রশ্নটার উত্তর দিলেন প্রচ্ছন্ন ইঙ্গিতে, ‘হা হা হা হা! এখনই কীভাবে বলি! তবে এই মুহূর্তে নিজেকে সেখানে ভাবছি না।’
সভাপতি হবেন কি হবেন না, তা রেখে দিলেন সংশয়ে। তাহলে কোচ হবেন? সেটিও ভবিষ্যতের হাতেই রেখে দিলেন রামোস, ‘এখনো অনেক সময় বাকি। কিছুই এখনো চিন্তা করিনি। তবে ওটাও একটা বিকল্প। এখনো কয়েক মৌসুম খেলার বাকি আছে। আশা করি, মাদ্রিদেই অবসর নিতে পারব...তারপর দেখা যাক কী হয়!’ সূত্র: গোলডটকম।