সভাপতি প্রার্থী নুরুলের 'ডিগবাজি'
হঠাৎ করেই বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনে তাঁর আবির্ভাব। সভাপতি পদে প্রার্থী হয়ে যান দ্বিতীয় বিভাগের দল টঙ্গী ক্রীড়াচক্রের সভাপতি নুরুল ইসলাম। কাজী সালাউদ্দিনের মতো প্রার্থীর বিপক্ষে জয়ের আশাবাদও ব্যক্ত করেন। তবে প্রার্থী হয়ে যতটা চমক দেখিয়েছেন, তারচেয়ে বেশি চমক দেখালেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে।
‘ফুটবল বাঁচাও’ আন্দোলনের নেতা মনজুর কাদেরের অফিসে গিয়ে আজ নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন নুরুল ইসলাম। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় যেহেতু আগেই শেষ, তাই ব্যালট পেপারে তাঁর নাম থাকছেই।
নির্বাচন থেকে সরে যাওয়ার প্রসঙ্গে প্রথম আলোকে নুরুল বলেছেন, ‘আমার ক্লাব আমাকে বলেছে, ফুটবল বাঁচাও পরিষদকে সমর্থন দিতে। এ কারণেই সরে গেলাম। সভাপতি পদে কামরুল আশরাফ খানের পক্ষে কাজ করব আমি।’ তবে তাঁর এই নাটকীয়ভাবে সরে যাওয়া নিয়ে ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে নানা গুঞ্জন। অনেকে বলছে, ‘সমঝোতা’ করেই তিনি আর নির্বাচন করছেন না।
অথচ গতকাল সকাল ১০ দশটায় এই প্রতিবেদককে নিজের নির্বাচনী ভাবনার কথা জানিয়েছিলেন। বলেছিলেন, বাফুফের শীর্ষ পদে নির্বাচন না করলে নাকি ফুটবলের উন্নয়নে কাজ করা সম্ভব নয়। এ কারণেই সভাপতি পদে তাঁর প্রার্থিতা। প্রচার পেতেই তাঁর এই নির্বাচনে আসা—এমনটা নাকচ করে দিয়ে বলেছিলেন, ‘ আমি প্রচারের জন্য আসিনি। আমি ফুটবল উন্নয়ন চাই। এ জন্যই একটা পক্ষের সঙ্গে যুক্ত হয়েছি।’
একজন সরে দাঁড়ানোয়, বাফুফের নির্বাচনে সভাপতি পদে প্রার্থী রইলেন তিনজন—কাজী সালাউদ্দিন, কামরুল আশরাফ খান ও গোলাম রব্বানী হেলাল। ভোটগ্রহণ ৩০ এপ্রিল।