সভাপতির লড়াই শুধু দুজনের মধ্যে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ হওয়ায় মিশেল প্লাতিনি বাধ্য হয়েছেন এ মাসে হতে যাওয়া ফিফার সভাপতি নির্বাচন থেকে সরে দাঁড়াতে। সাবেক উয়েফা সভাপতি না থাকায় বাকি পাঁচ প্রার্থীর নির্বাচনী লড়াইটা বেশ উন্মুক্তই মনে হচ্ছে। তবে এটা শুধু বাইরে থেকে। আসলে নাকি লড়াইটা হবে এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি বাহরাইনের শেখ সালমান ও উয়েফার জিয়ান্নি ইনফান্তিনোর মধ্যে। দাবিটা স্বয়ং বাহরাইনের শেখের!
ইনফান্তিনো আর সালমান ছাড়াও এখন পর্যন্ত প্রার্থী আছেন দক্ষিণ আফ্রিকার টোকিও সেক্সওয়েল, ফিফার সাবেক মহাসচিব ফ্রান্সের জেরোম শ্যাম্পেন ও সর্বশেষ নির্বাচনে ব্ল্যাটারের প্রতিদ্বন্দ্বী জর্ডানের প্রিন্স আলী। তবে ইনফান্তিনোকে ছাড়া বাকিদের শক্ত প্রতিদ্বন্দ্বী মনে করেন না সালমান, ‘আমি যেটা বুঝি, জিয়ান্নি ইউরোপের সমর্থন পাচ্ছে। আমার পেছনে আছে এশিয়া। আমি যা শুনছি এবং বুঝছি, লড়াইটা আসলে আমাদের দুজনের মধ্যে। প্রার্থী পাঁচজন, কিন্তু লড়াইয়ে আছি দুজনই।’ এই দুজনের মধ্যেও আবার নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী সালমান, ‘আমি যখন নির্বাচন করার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই জানি যে আমার খুব ভালো সম্ভাবনা আছে। দিন দিন সেই অবস্থান আরও ভালো হচ্ছে।’
অবশ্য এটা শুধুই সালমানের নিজের দাবি। এখন পর্যন্ত যা বাস্তবতা, তাতে উয়েফা সরাসরিই ইনফান্তিনোকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। ফিফা কংগ্রেসের ২০৯ ভোটের ৫৩টি উয়েফার। আবার কয়েক দিন আগে আফ্রিকাও ঘোষণা দিয়েছে, তারা টোকিও সেক্সওয়েলের চেয়ে তাদের ইনফান্তিনোকেই বেশি পছন্দ। নির্বাচনে আফ্রিকা মহাদেশের ভোট ৫৪টি। সেই ভোটগুলো যাতে ভাগাভাগি না হয়, সে জন্য সেক্সওয়েলকে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর অনুরোধ করার কথাও ভাবছে সিএএফ। তবে এতে দমে না গিয়ে সেক্সওয়েল বলে দিয়েছেন, ‘আমি নির্বাচন করবই। কোনোভাবেই সরে দাঁড়াচ্ছি না।’
শেষ পর্যন্ত ইনফান্তিনো জিতে গেলে আবারও একজন ইউরোপীয়ই হবে ফিফার সর্বময় কর্তা। তবে ফিফা সভাপতি সব সময় ইউরোপ থেকে হতে হবে—এই ধারণাতেই বিশ্বাসী নন সেক্সওয়েল। ভ্যাটিকানে একজন আর্জেন্টাইনের পোপ হওয়ার উদাহরণ টেনে বলেছেন, ‘আমি তো মনে করি, ভ্যাটিকান না সরিয়েও আপনি পোপ বদলাতে পারেন।’ এএফপি।