সভাপতির হাতে জেলার ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগে বাফুফের নির্বাচনে কাজী সালাউদ্দিনের দিকে ছোড়া সমালোচনার সবচেয়ে বড় তিরটি ছিল, জেলায় ফুটবল নেই। তিনি ঠিকমতো জেলার দিকে নজর দেননি। এবার তাই বাফুফের জেলা লিগ কমিটির প্রধানের দায়িত্বটা নিজের হাতেই রাখলেন বাফুফের পুনর্নির্বাচিত সভাপতি। এই দায়িত্বটা আগেরবার ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের সভাপতি মনজুর কাদেরের হাতে।
তবে জেলা লিগ কমিটির প্রধানের পদে বদল এলেও বাফুফের গুরুত্বপূর্ণ স্ট্যান্ডিং কমিটির প্রধানের পদে রয়ে গেছেন পুরোনোরাই। গত চার বছরে ওইসব কমিটি সাফল্য দেখাতে পারেনি। তবু পুরোনোদের ওপরই আস্থা রাখা হয়েছে। কাল বাফুফের নতুন কমিটির দ্বিতীয় সভা ডাকাই হয়েছিল কমিটিগুলোর প্রধানের নাম চূড়ান্ত করতে।
২১টি কমিটির প্রধানের মধ্যে মিডিয়া কমিটি ও জরুরি কমিটি আগের মতো সালাউদ্দিন নিজের কাছেই রেখেছেন। পেশাদার লিগ কমিটির প্রধান যথারীতি জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদী। জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান বাদল রায়।
নতুন গঠিত টেকনিক্যাল কমিটির প্রধান তাবিথ আউয়াল, টুর্নামেন্ট কমিটির মহিউদ্দিন মহি, মহানগরী লিগ কমিটির হারুনুর রশিদ, পাইওনিয়ার লিগ কমিটির শওকত আলী খান জাহাঙ্গীর। রেফারিজ কমিটিতে ইকবাল হোসেন, অর্থ কমিটিতে সালাম মুর্শেদী, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটিতে হারুনুর রশিদ, ফুটসাল ও বিচ কমিটিতে সত্যজিৎ দাস রুপু, জেলা মনিটরিং কমিটিতে বাফুফের গত কমিটির সদস্য সাংসদ সামশুল হক চৌধুরী। এ ছাড়া বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের মেয়াদ বাড়ানো হয়েছে আরও দুই বছর।
তবে আলোচ্য সূচিতে না থাকায় জাতীয় দল নিয়ে কোনো কথা হয়নি সভায়। ‘বিবিধ আলোচনা’য়ও উপেক্ষিত জাতীয় দল। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছিলেন অনেকেই।
তাজিকিস্তান থেকে ৫ গোলের লজ্জা নিয়ে দেশে ফিরেছে জাতীয় দল। কিন্তু বাফুফের ভবনে কমিটি গঠন নিয়ে কর্মকর্তাদের তোড়জোড় দেখে কে বলবে জাতীয় দল আরও ভঙ্গুর হয়ে পড়েছে!