সমকামীদের সমর্থন না দিয়ে প্রেসিডেন্টকে পাশে পাচ্ছেন মেসি-নেইমারদের সতীর্থ

ইদ্রিসা গেছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু বেকায়দায়ই পিএসজির ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গানা গে।

শনিবার মঁপেলিয়েরের বিপক্ষে ম্যাচ ছিল পিএসজির। এ ম্যাচে সংখ্যালঘু যৌনপ্রবৃত্তির মানুষের (সমকামিতা, রূপান্তরকামিতা, উভকামিতা, উভলিঙ্গত্ব) সমর্থনে একটি জার্সি পরে নেমেছিল পিএসজি। ইদ্রিসা গানা গে ম্যাচটা ‘ব্যক্তিগত কারণে’ খেলতে পারেনি বলে জানান পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। তখন থেকেই শুরু হয়েছে সমালোচনা। ‘এলজিবিটিকিউ’ সম্প্রদায়ের প্রতি বিদ্বেষমূলক মনোভাব থেকেই জার্সিটি না পরতে ইদ্রিসা গে ম্যাচটি খেলেননি বলে মনে করা হচ্ছে।

রেডিও চ্যানেল আরএমসিসহ বেশ কিছু সংবাদমাধ্যম জানায়, জার্সিটি না পরতে ম্যাচটি ইচ্ছা করে খেলেননি সেনেগালিজ মিডফিল্ডার। ফরাসি ফুটবলে এই বিতর্কের মধ্যেই দেশের প্রেসিডেন্টকে পাশে পেলেন ইদ্রিসা গানা গে। সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি সল কাল টুইট করেন, ‘ইদ্রিসা গানা গে-কে আমি সমর্থন করি। তার ধর্মীয় বিশ্বাসকে সম্মান করতে হবে।’

গত বছর সমকামীবিদ্বেষীদের বিপক্ষে লড়াইয়ের জন্য নিবেদিত একটি দিনে ম্যাচ খেলেছিল পিএসজি। ইদ্রিসা গানা গে সে ম্যাচটিও খেলেননি।

সেনেগালে ইদ্রিসা গানা গে এবং তাঁর সতীর্থরা বেশ জনপ্রিয়। গত ফেব্রুয়ারিতে ইদ্রিসা-সাদিও মানেরা দেশকে প্রথমবারের মতো আফ্রিকান কাপ অব নেশনস জেতান।

সেনেগালে প্রায় ৯৫ শতাংশ অধিবাসী মুসলিম। সেখানে সমকামিতাকে বিচ্যুতি হিসেবে ধরা হয়। ‘প্রকৃতিবিরুদ্ধ’ এমন আচরণের শাস্তি হিসেবে সেনেগালে এক থেকে পাঁচ বছর কারাবাসের আইন রয়েছে।

সমকামীদের সমর্থনে এই জার্সি পরে সেদিন খেলতে নেমেছিল পিএসজি
ছবি : রয়টার্স

তবে ইদ্রিসা গানা গে-র পাশে অনেকেই আছেন। সোমবার দেশটির ক্রীড়ামন্ত্রী মাতার বা বিবৃতিতে বলেছেন, ‘সে ফুটবল খেলতে ক্লাবে সই করেছেন। নিজের বিশ্বাসের বিরুদ্ধে যায় এমন কিছু করতে সে সই করেনি।’ দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহামেদ বৌন আবদাল্লাহ টুইট করেন, ‘নিজের অবস্থানে অনড় থাকো।’ সাহিত্যে সম্মানসূচক পুরস্কার নিউস্তাদ ইন্টারন্যাশনাল জয়ী লেখক বুবাকার বরিস দিওপ টুইট করেন, ‘ইদ্রিসা গানা গে-র প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি।’

ইদ্রিসা গানা গে নিজে এখনো এ নিয়ে কিছু বলেননি। সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, তাঁর কাছের লোকদের সঙ্গে যোগাযোগ করেও এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।