সমঝোতা না করে বিপাকে জাহিদ
বাফুফের শৃঙ্খলা কমিটি তাঁকে এক সপ্তাহ সময় দিয়েছিল। সেই সময় পার হয়েছে ৩১ ডিসেম্বর। কিন্তু মোহামেডানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাননি জাহিদ হোসেন। নিয়ম অনুযায়ী শৃঙ্খলা কমিটি খুব সম্ভবত ৫ জানুয়ারি সভায় বসে এই উইঙ্গারের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
জাহিদ গত মৌসুমে এক টাকা বাকি রেখেও দলবদলে মোহামেডানের হয়ে সই করতে রাজি ছিলেন না। শেষ পর্যন্ত চুক্তির পুরো টাকাই (প্রায় ৩৫ লাখ) হাতে পেয়ে নাম লেখান মোহামেডানে। মোহামেডানের অভিযোগ, বিশাল অঙ্কের টাকা নিয়েও তিনি নানা অজুহাতে ঠিকমতো খেলেননি। চোটের কথা বলে অনেক ম্যাচে বাইরে ছিলেন।
অনুশীলনেও ছিলেন গরহাজির। এ নিয়ে মোহামেডান বার চারেক কারণ দর্শানোর নোটিশ দিলেও জাহিদ উত্তর দেননি। মোহামেডান তাই দুই বছর নিষিদ্ধ করেছিল তাঁকে। কিন্তু ক্লাব কোনো খেলোয়াড়কে সরাসরি শাস্তি দিতে পারে না, সেটি দিতে পারে বাফুফে। তাই ব্যাপারটা গড়ায় দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার কাছে। এখন ঘটনাপ্রবাহ দেখে বাফুফের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানিয়েছেন, জাহিদের শাস্তি পাওয়ার সম্ভাবনাই বেশি।