সমতায় শেষ মাদ্রিদ ডার্বি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যাচের অন্তিম মুহূর্ত, নিজেদের মাঠে জয় দেখছে রিয়াল মাদ্রিদ। ঠিক তখনই আঁতোয়ান গ্রিজমান-ঝলক। দুর্দান্ত এক গোলে সান্তিয়াগো বার্নাব্যুকে চুপ করিয়ে দিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা শেষ করেছে ১-১ সমতায় l রয়টার্স
ম্যাচের অন্তিম মুহূর্ত, নিজেদের মাঠে জয় দেখছে রিয়াল মাদ্রিদ। ঠিক তখনই আঁতোয়ান গ্রিজমান-ঝলক। দুর্দান্ত এক গোলে সান্তিয়াগো বার্নাব্যুকে চুপ করিয়ে দিলেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচটা শেষ করেছে ১-১ সমতায় l রয়টার্স

পেপেকে ডার্বি জয়ের মিষ্টি স্বাদটা পেতে দিলেন না আঁতোয়ান গ্রিজমান!
গুঞ্জন যদি সত্যি হয়, তাহলে এই মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদের সঙ্গে দশ বছরের সম্পর্কটায় ইতি টানছেন পেপে। আর চ্যাম্পিয়নস লিগে রিয়ালের সঙ্গে অ্যাটলেটিকো মাদ্রিদের দেখা না হলে কালকের ম্যাচটিই হয়ে থাকবে তাঁর শেষ মাদ্রিদ ডার্বি। ৫২ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে সেটিকে রাঙিয়ে রাখার সব উপলক্ষও সাজিয়ে রেখেছিলেন ৩৪ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডার। কিন্তু ডার্বি জয়ের মিষ্টি স্বাদটা আর পাওয়া হলো না তাঁর। ম্যাচ শেষ হওয়ার পাঁচ মিনিট আগে গোল করে তাতে তেতো স্বাদ ঢেলে দিলেন গ্রিজমান।
লিগে আগের পাঁচ ম্যাচের চারটিতেই গোল খায়নি ডিয়েগো সিমিওনের দল। অন্যদিকে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের টানা ৫১ ম্যাচে গোল করার রেকর্ডটা আশা দেখাচ্ছিল রিয়ালকে। ম্যাচটা তাই অ্যাটলেটিকোর রক্ষণের সামনে রিয়ালের আক্রমণের পরীক্ষাই হওয়ার কথা ছিল। হলোও তেমনই, কিন্তু তাতে শেষ পর্যন্ত সমতাই থাকল।
শুরুর দিকে অবশ্য ম্যাচটাকে মাদ্রিদ ডার্বি বলেই মনে হচ্ছিল না। বলের দখল রিয়ালেরই বেশি ছিল, কিন্তু অ্যাটলেটিকোর জমাট রক্ষণ ভাঙার জন্য শেষ পাসটাই হচ্ছিল না ঠিকমতো। কিন্তু এই ম্যাড়মেড়ে চেহারাটাই কেমন বদলে গেল প্রথমার্ধের শেষ ২০ মিনিটে! রিয়ালেরই আধিপত্য ছিল বেশি। ২৮ মিনিটে রোনালদোর সঙ্গে দুর্দান্ত ওয়ান-টুর পর করিম বেনজেমার গোলমুখী শট ঠেকিয়ে দেন অ্যাটলেটিকো গোলকিপার ইয়ান ওবলাক। তার তিন মিনিট পর ওবলাককে ফাঁকি দেওয়া রোনালদোর জোরালো শটটায় গোল প্রায় নিশ্চিতও মনে হচ্ছিল, তখনই অ্যাটলেটিকোর ত্রাতা হয়ে আবির্ভূত ডিফেন্ডার স্তেফান সাভিচ! গোললাইন থেকে ফিরিয়ে দেন শটটা! অ্যাটলেটিকোও সুযোগ পেয়েছে, ৩৯ মিনিটে গ্রিজমানের শট ঠেকিয়ে দেন রিয়াল গোলকিপার কেইলর নাভাস।
দ্বিতীয়ার্ধে অবশেষে ওবলাক-বাধা পেরোয় রিয়াল, পেপের সৌজন্যে। বক্সের বাইরে টনি ক্রুসের ফ্রি-কিক দুর্দান্ত হেডে জালে জড়িয়ে দেন পেপে। তার কিছুক্ষণ পর অবশ্য নিজেদের বক্সে ক্রুসের সঙ্গেই ধাক্কায় ব্যথা পেয়ে মাঠ ছাড়তে হয় তাঁকে। তাতেই যেন নড়বড়ে হয়ে পড়ে রিয়ালের রক্ষণ! যার মূল্য দিতে হলো ৮৫ মিনিটে, অ্যাঙ্গেল কোরেয়ার থ্রু ধরে যখন বল জালে জড়িয়ে দেন গ্রিজমান।
এই ড্রয়ে ৩০ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, ৩১ ম্যাচে ৬২ পয়েন্ট অ্যাটলেটিকোর। কাল রাতে মালাগার সঙ্গে জিতে থাকলে এক ম্যাচ বেশি খেলে রিয়ালের সমান পয়েন্ট হয়ে গেছে বার্সেলোনার। তথ্যসূত্র: টেন ওয়ান।
এক নজরে
রিয়াল ১: ১ অ্যাটলেটিকো
সেভিয়া ৪: ২ দেপোর্তিভো
টটেনহাম ৪: ০ ওয়াডফোর্ড
ম্যান সিটি ৩: ১ হাল সিটি
স্টোক সিটি ১: ২ লিভারপুল
বোর্নমাউথ ১: ৩ চেলসি
বায়ার্ন ৪: ১ ডর্টমুন্ড