সময় হলেই ডাক পাবেন তেভেজ

আলেসান্দ্রো সাবেলার সময় আর্জেন্টিনা দলে ব্রাত্য ছিলেন। ২০১১ সাল থেকে এ পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে চাপানো হয়নি কার্লোস তেভেজের। খেলা হয়নি বিশ্বকাপেও। বিশ্বকাপেই সাবেলা-যুগ শেষ হওয়ার পর তেভেজ-ভক্তদের আশা ছিল, নতুন কোচের নতুন দিনগুলোতে আবার আর্জেন্টিনা দলে ফিরবেন। কিন্তু জেরার্ডো মার্টিনো আশ্বাস দিলেও ফেরা হয়নি তেভেজের। অথচ ক্লাবের জার্সি গায়ে কী দুর্দান্ত ফর্মেই না আছেন!
আর্জেন্টিনার নতুন কোচ মার্টিনো আশ্বাস দিয়েছেন, এখনই সুযোগ শেষ হয়ে যায়নি। দরজা তেভেজের জন্য খোলাই আছে। সময় হলেই জাতীয় দলে আবারও ডাক পাবেন এই ফরোয়ার্ড। আর্জেন্টাইন একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে আলাপচারিতায় মার্টিনো তেভেজের প্রশংসাই করেছেন, ‘আমার মনে হয় তেভেজ এমন একজন খেলোয়াড় যে মুখের কথার চেয়ে মাঠের খেলাতেই বেশি বিশ্বাস করে। মাঠের লড়াইয়েও সে দারুণ ধারাবাহিক।’
তেভেজকে দলে না নেওয়ার ব্যাখ্যাও দিয়েছেন মার্টিনো, ‘তেভেজের মতো একই ধরনের কিছু খেলোয়াড় আর্জেন্টিনা দলে আছে। ওরাও ভালো খেলছে। ওদের কেউ বাদ পড়লে তেভেজ দলে আসবে। সময় হলেই তেভেজ দলে সুযোগ পাবে। দুশ্চিন্তার কোনো কারণ নেই।’
তেভেজ প্রসঙ্গে ওই টেলিভিশন চ্যানেলের সাক্ষাৎকারে একটা বিতর্কিত বিষয়েরও মুখোমুখি হতে হয়েছে মার্টিনোকে। সম্প্রতি গুজব উঠেছে, বিশ্বকাপের পর জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটিতে নাকি তেভেজকে দলে নিতে চেয়েছিলেন মার্টিনো। কিন্তু দলের কয়েকজন সিনিয়র খেলোয়াড় বেঁকে বসেন। এ কারণে সিদ্ধান্তটি পাল্টাতে হয়। তবে কি তেভেজকে দলে চাইছেন না মেসি-আগুয়েরোরাই? ব্যাপারটি সম্পূর্ণ অস্বীকার করেছেন মার্টিনো, ‘হ্যাঁ, এমন গাল-গল্প আমিও শুনেছি। কিন্তু সবাইকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচের আগে খেলোয়াড়দের সঙ্গে এমন কোনো বৈঠকের অস্তিত্বই নেই। পুরো বিষয়টিই গুজব ও বানোয়াট।’ সূত্র: রয়টার্স।