সমর্থককে লাথি মারলেন এভরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমর্থককে লাথি মেরে মাঠের বাইরে চলে যাচ্ছেন এভরা। ছবি: এএফপি।
সমর্থককে লাথি মেরে মাঠের বাইরে চলে যাচ্ছেন এভরা। ছবি: এএফপি।

ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি এরিক ক্যান্টোনাকে মনে করিয়ে দিলেন প্যাট্রিস এভরা। তবে নেতিবাচক খবরে। সমর্থকদের সমালোচনার মুখে মেজাজ সামলাতে পারেননি। ফরাসি ডিফেন্ডার গতরাতে ইউরোপা লিগের খেলায় নিজ দলেরই এক সমর্থককে লাথি মেরে লাল কার্ড দেখেছেন!

অলিম্পিক মার্শেইয়ের হয়ে খেলা ৩৬ বছর বয়সী এই ডিফেন্ডার ম্যাচের অর্ধেক সময়ও মাঠে থাকতে পারেননি। পর্তুগিজ ক্লাব ভিটোরিয়া গেমারাস ম্যাচটি জিতেছে ১-০ ব্যবধানে। ফরাসি পত্রিকা ‘লেকিপ’ জানিয়েছে, সমর্থকেরা গা গরম অনুশীলনের সময় থেকেই এভরাকে উত্ত্যক্ত করছিলেন। সাবেক ইউনাইটেড ফুটবলার একপর্যায়ে সমর্থকদের সঙ্গে কথা বলে বিষয়টি সামাল দিতে যান। এরপর হুট করেই এই কেলেঙ্কারি ঘটান এভরা। ভিডিও ফুটেজে দেখা গেছে, এক সমর্থককে লক্ষ্য করে রীতিমতো ‘অ্যাক্রোবেটিক কিক’ ঝেড়ে দিয়েছেন পাঁচবার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়নস লিগ শিরোপাজয়ী এই ডিফেন্ডার।

এভরার (বাঁয়ে পেছনে) লাথি-কেলেঙ্কারির দৃশ্য। ছবি: এএফপি।
এভরার (বাঁয়ে পেছনে) লাথি-কেলেঙ্কারির দৃশ্য। ছবি: এএফপি।

মার্শেই কোচ রুডি গার্সিয়া এই ঘটনায় যারপরনাই হতাশ। তিনি বলেছেন, ‘এটা সুস্পষ্ট। প্যাট অনেক অভিজ্ঞ এবং তাঁর প্রতিক্রিয়া দেখানো উচিত হয়নি। অপমান যত চমকপ্রদ বা খারাপই হোক না কেন, কোনোভাবেই পাত্তা দিতে নেই। তাঁর অবশ্যই মেজাজ ঠান্ডা রাখতে শেখা উচিত।’

এই ঘটনা ফিরিয়ে আনছে এরিক ক্যান্টোনার কুংফু কেলেঙ্কারিকে। ১৯৯৫ সালের জানুয়ারিতে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে এক ইউনাইটেড সমর্থকের বুকে ‘কুংফু কিক’ মেরেছিলেন ক্যান্টোনা। লাল কার্ড তো দেখেছেনই, এফএ কর্তৃক নয় মাস নিষিদ্ধ হয়েছিলেন। প্রায় ২২ বছর পর আরেক ফরাসি ও সাবেক ইউনাইটেড ডিফেন্ডারের এমন ঘটনার শাস্তির ব্যাপারে ভেবে দেখছে উয়েফা। আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। সূত্র: বিবিসি স্পোর্টস।