সমর্থকদের কারণে বোকার শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাস্তিটা একরকম অনুমিতই ছিল। কাল নিশ্চিত হয়েছে সেটিই। কোপা লিবার্তাদোরেস থেকে বোকা জুনিয়র্সকে বহিষ্কার তো করা হয়েছেই, তাদের জরিমানাও দিতে হবে দুই লাখ ডলার। দর্শকশূন্য স্টেডিয়ামে খেলতে হবে নিজেদের পরের চার ম্যাচে। আর প্রতিপক্ষের মাঠে পরের চার ম্যাচে বোকার কোনো সমর্থক থাকতে পারবে না। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়ে দিয়েছেন বোকার প্রেসিডেন্ট।
ঘটনাটা দুই দিন আগের। কোপা লিবার্তাদোরেসের শেষ ষোলোর ফিরতি ম্যাচে রিভার প্লেটের সঙ্গে নিজেদের স্টেডিয়ামে খেলছিল বোকা। বিরতির সময় রিভার প্লেট খেলোয়াড়েরা যখন টানেল দিয়ে যাচ্ছিলেন লকার রুমে, তাঁদের ওপর চড়াও হন বোকা-সমর্থকেরা। গ্যালারি থেকে পানির বোতল, ইটের ভাঙা টুকরো ছোড়া তো হয়েছেই, ছিটিয়ে দেওয়া হয়েছে মরিচের গুঁড়াও। আহত খেলোয়াড়দের নিয়ে যেতে হয়েছে হাসপাতালে।
রিভার প্লেটের চিকিৎসক দল জানিয়েছে, অনেকের চোখের ক্ষতি হয়েছে, সেরে উঠতে সময় লাগবে। ওই ম্যাচটাও শেষ পর্যন্ত বাতিল হয়ে গেছে।
দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় রিভার প্লেট এখন সরাসরি উঠে গেল কোয়ার্টার ফাইনালে। সেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিলের ক্রুজেইরো। রয়টার্স।