সমর্থকদের দায় ক্লাবের কাঁধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে বর্ণবাদী আচরণের বিরুদ্ধে লড়াইয়ে নতুন ইতিহাস সৃষ্টি করল ব্রাজিল। দেশটির সর্বোচ্চ ক্রীড়া আদালত পরশু বিখ্যাত ক্লাব গ্রেমিওকে বহিষ্কার করেছেন ব্রাজিল কাপ থেকে। কিছুদিন আগে দলটির কিছু সমর্থক সফরকারী সান্তোসের গোলরক্ষককে উদ্দেশ করে বর্ণবাদী স্লোগান দেওয়াতেই এই শাস্তি।
ঘটনাটি ঘটেছিল ২৮ আগস্ট ব্রাজিল কাপের শেষ ষোলোর প্রথম লেগে। ঘরের মাঠে ০-২ গোলে হেরেছিল গ্রেমিও। আর গ্যালারি থেকে সান্তোসের গোলরক্ষক আরানহাকে উদ্দেশ করে ‘বানর’ বলে শোর তোলা হয়।
আদালত শুধু ক্লাবকেই শাস্তি দেননি, কিছু চিহ্নিত সমর্থককেও লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করেছেন। রায়ে বলা হয়, ‘ব্রাজিল কাপ থেকে গ্রেমিওকে বহিষ্কার ও ৫০ হাজার রেইস জরিমানা করার সিদ্ধান্ত সর্বসম্মতভাবেই নেওয়া হলো। এ ছাড়া যেসব সমর্থককে চিহ্নিত করা গেছে এবং যাদের চিহ্নিত করা হবে, সবাইকে ৭২০ দিনের জন্য স্টেডিয়ামে নিষিদ্ধ করা হলো।’
ম্যাচ রিপোর্টে ঘটনাটা ঠিকঠাক তুলে না ধরায় রেফারিকে ৯০ দিনের জন্য এবং সহকারীদের ৬০ দিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এএফপি, রয়টার্স।