সমর্থকদের ভালোবাসায় আপ্লুত সেই হুয়ানফ্রান

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওই মুহূর্তটি সান সিরোর সবাইকেই ছুঁয়ে গিয়েছিল। পেনাল্টি মিস করার পর কান্নায় ভেঙে পড়ছেন অ্যাটলেটিকো মাদ্রিদ ডিফেন্ডার হুয়ানফ্রান। ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ যখন উল্লাসে ব্যস্ত, হুয়ানফ্রান এগিয়ে গেলেন সান সিরোর শোকবিহ্বল অ্যাটলেটিকো সমর্থকদের কাছে। হাত জোড় করে ক্ষমা চাইলেন। অ্যাটলেটিকো সমর্থকেরাও আবেগটা ধরে রাখতে পারলেন না। ভেজা চোখে সবাই একসঙ্গে দাঁড়িয়ে সম্মান জানালেন ঘরের ছেলেকে। ফুটবল–ইতিহাসেই এই ছবিটা আলাদা জায়গা করে নিয়েছে।
কাল আবার অ্যাটলেটিকোর ওয়েবসাইটে সমর্থকদের কাছে আবেগঘন একটা চিঠি লিখেছেন হুয়ানফ্রান। ওই হারের দুঃস্বপ্ন এখনো তাঁকে তাড়া করে ফিরছে, ‘ক্ষমা চাইতে আসার পর তোমরা আমাকে যে ভালোবাসা দিয়েছ, সেটা আমি কখনোই ভুলতে পারব না। আমার চোখের জলটা হাজারো অ্যাটলেটিকো সমর্থকের চোখে দেখেছি। এই ব্যাপারটা আমাকে গভীরভাবে বিষাদগ্রস্ত করেছে।’ সমর্থকদের ধন্যবাদ জানাতেও ভোলেননি, ‘আমাদের ওপর বিশ্বাস রাখার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাটলেটিকো খুবই বিশেষ একটা দল, তা প্রমাণ করার জন্যও সবাইকে ধন্যবাদ। আমাদের হৃদয় বাকিদের চেয়ে অনেক বড়।’
পরপর দুই ফাইনালে হেরে যাওয়ার আসলেই কোনো সান্ত্বনা হয় না। এই পরাজয় আরও অনেক দিন অ্যাটলেটিকোর হৃদয় খুঁড়ে বেদনা জাগাবে। তবে হুয়ানফ্রান এই হতাশার অনিকেত প্রান্তরে দাঁড়িয়েও শুনছেন আশার সুর, ‘দুই বছর আগে বলেছিলাম, আমরা আবার ফাইনালে ফিরব। আজ আমি বলছি, আজ হোক কাল হোক আমাদের অধিনায়ক গ্যাবি চ্যাম্পিয়নস লিগের ট্রফিটা হাতে নেবেই।’
অ্যাটলেটিকো সমর্থকেরা এখন সেই দিনেরই অপেক্ষায়।