সমর্থনের যোগ্য নয় ইন্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় স্থানে থাকা রোমার বিপক্ষে ম্যাচ। ড্র করলেই সিরি ‘আ’র শিরোপা নিশ্চিত হতো জুভেন্টাসের। কিন্তু রোমা সেটা হতে দিল না! ৩-১ গোলে ম্যাচ জিতে শুধু জুভেন্টাসের অপেক্ষাই বাড়াল না, বাঁচিয়ে রাখল নিজেদের শিরোপা জয়ের আশাও।
৩৬টি করে ম্যাচ খেলার পর আপাতত জুভেন্টাসের পয়েন্ট ৮৫, রোমার ৮১। টানা ষষ্ঠবারের মতো সিরি ‘আ’র শিরোপা জিততে বাকি দুই ম্যাচে অন্তত ৩ পয়েন্ট লাগবে জুভেন্টাসের। আর ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল পা ফসকালে সম্ভাবনা বেড়ে যাবে রোমার। জুভেন্টাস পরের ম্যাচটা খেলবে ক্রনতোনের বিপক্ষে নিজের মাঠে, শেষ ম্যাচটা খেলতে হবে বোলোনিয়ার মাঠে গিয়ে। তবে অ্যালেগ্রি মনে হয় না শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে চাইবেন। নিজের মাঠে শিরোপা উৎসব করার একটা বাড়তি আনন্দ আছে না!
একই রাতে সিরি ‘আ’তে সবচেয়ে নাটকীয় ঘটনার জন্ম দিয়েছেন ইন্টার মিলান সমর্থকেরা। পুরো মৌসুমে ইন্টারের বাজে পারফরম্যান্সের ‘প্রতিবাদে’ পরশু সাসসুয়োলোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই মাঠ ছেড়ে বেরিয়ে গেছেন তারা! কিন্তু এই ম্যাচটাও জিততে পারেনি ইন্টার, হেরেছে ২-১ গোলে!
সর্বশেষ আট ম্যাচের ছয়টিতেই হার, দুটি ড্র। চ্যাম্পিয়নস লিগের আশা অনেক আগেই শেষ, পয়েন্ট তালিকার আটে থাকা ইন্টারের ইউরোপা লিগে খেলার সম্ভাবনাও ক্ষীণ। এই মৌসুমেই মোট তিনজন কোচ বরখাস্ত হয়েছেন, গত মঙ্গলবার সর্বশেষ বরখাস্ত হয়েছেন স্টেফানো পিওলি। সব মিলিয়ে সমর্থকেরাও এখন প্রিয় ক্লাবের ওপর বিরক্ত। সান সিরোতে সাসসুয়োলোর বিপক্ষে ম্যাচের ২৫ মিনিটের সময় হঠাৎই একটা বড় ব্যানার উড়ল গ্যালারিতে। তাতে লেখা, “তোমরা আমাদের সমর্থনের যোগ্যই নও। আমরা শুধু ‘হ্যালো’ বলতে এসেছিলাম, এখন মধ্যাহ্নভোজে যাচ্ছি!’
এরপরই মাঠ প্রায় ফাঁকা করে দিয়ে সবাই দল বেঁধে বেরিয়ে যান স্টেডিয়াম থেকে। রয়টার্স।