সমস্যা এনরিকেরই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্সার অন্দরের সমস্যা এনরিকের জন্যই!  ছবি: ইন্টারনেট
বার্সার অন্দরের সমস্যা এনরিকের জন্যই! ছবি: ইন্টারনেট

কী ঘটে চলেছে বার্সেলোনার সুখের সংসারে! সারা বিশ্বের তাবৎ বার্সা-ভক্তেরই মনের ভেতর এখন ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। লিওনেল মেসির সঙ্গে কোচ লুইস এনরিকের দ্বন্দ্ব নিয়ে কম জলঘোলা হচ্ছে না বিশ্ব মিডিয়ায়। এনরিকে কিংবা মেসি নিজেদের অবস্থান থেকে যতই ব্যাপারটি অস্বীকার করুন, বার্সেলোনার অন্দরটা যে সমস্যাসংকুল-এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় এই মৌসুমে দলটির পারফরম্যান্সের অ-ধারাবাহিকতাই। 
সমস্যা মেসির, নাকি এনরিকের-এ প্রশ্নও ঘুরেফিরে উঠছে। কবে স্টোক সিটির স্প্যানিশ ফুটবলার বোয়ান কারকিচের ভাষ্য অনুযায়ী সমস্যাটা নাকি লুইস এনরিকেরই। বার্সেলোনার সাবেক এই ফুটবলার মেসির সঙ্গেও কিছু দিন খেলেছেন। বার্সা ‘বি’ টিমের কোচ হিসেবে ক্যারিয়ারের শুরুতে তিনি পেয়েছিলেন এই এনরিকেকেই। নিজের অভিজ্ঞতা থেকেই বোয়ানের মন্তব্য, ‘আমি যত দূর এনরিকেকে চিনি, খেলোয়াড়দের সঙ্গে তিনি একেবারেই খোলামেলা নন। আমি মেসি ও অন্যান্য বার্সা ফুটবলারের সঙ্গে একসময় সাজঘর ভাগাভাগি করে এসেছি। তখন তো কোনো সমস্যা দেখিনি। তাহলে এখন কেন এই সমস্যা। কোনো সন্দেহ নেই সমস্যাটা এনরিকেরই তৈরি করা। ’
কোচ হিসেবে এনরিকের আচার-আচরণ খেলোয়াড়দের নাকি বেশ অসুবিধার-এমন মন্তব্য বোয়ানের। তিনি মনে করেন, যে কোচ তাঁর দলের খেলোয়াড়দের সঙ্গেই ঠিকমতো কথাবার্তা বলেন না, তাঁর অধীনে খেলাটা বেশ কষ্টসাধ্যই। বোয়ানের মতে, ‘এনরিকে খুব সম্ভবত বার্সেলোনাতেও এমন আচরণ করা শুরু করেছে। ‘বি’ টিমের খেলোয়াড়েরা নতুন। তাঁদের সঙ্গে এমন করলে হয়তো পার পাওয়া যায়, কিন্তু বার্সেলোনা মূল দলের তারকাদের সঙ্গে একই আচরণ করলে সমস্যা তৈরি হওয়াটাই স্বাভাবিক। ’
মেসির সঙ্গে এনরিকের সমস্যাটাও বোয়ানের মতে এটিই, ‘মেসি দলে গুরুত্ব পেতে চায়। আর তার মতো খেলোয়াড়ের জন্য এটাই স্বাভাবিক। আপনি কোচ হিসেবে মেসিকে পাত্তা দেবেন না, তা কী করে হয়! প্রত্যেক খেলোয়াড়ই কোচের কাছ থেকে একপর্যায়ে পিঠ চাপড়ানি আশা করে। আশা করে উদ্বুদ্ধ হওয়ার জন্য কিছু বক্তব্য। এনরিকে এই ব্যাপারগুলো সন্তর্পণে এড়িয়ে চলছেন। নিজের অভিজ্ঞতা থেকে আমি ব্যাপারটা বুঝতে পারছি।’ সূত্র: গোল ডটকম।