সমালোচকদের কড়া জবাব বেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমালোচকদের জবাব দিলেন বেল পারফরম্যান্স দিয়েই। ছবি: এএফপি
সমালোচকদের জবাব দিলেন বেল পারফরম্যান্স দিয়েই। ছবি: এএফপি

রিয়াল বেটিসের বিপক্ষে বিশাল জয়টাকে সবাই কোন দৃষ্টিতে দেখতে পারেন? কোচ হিসেবে রাফায়েল বেনিত্তেজের প্রথম জয়, নাকি অজস্র সমালোচনায় গ্যারেথ বেলের কড়া জবাব হিসেবে! হামেস রদ্রিগেজও প্রসঙ্গও তো এখানে টানতে হয়। নিজের দ্বিতীয় মৌসুমের শুরুতেই যে তিনি জানান দিয়ে দিলেন অন্যের ছায়া হয়ে থাকার দিন আগেই পার করে এসেছেন তিনি।
বেটিসের বিপক্ষে রিয়ালের জয়টা ৫-০ গোলের বড় ব্যবধানে। খেলা শুরুর দ্বিতীয় মিনিটেই গোল করে দলকে প্রতিপক্ষের ওপর চেপে বসার যে সুযোগটা করে দিয়েছিলেন, দলের বাকি ফরোয়ার্ডরা সে সুযোগটা নিয়েছে বেশ ভালোভাবেই। রদ্রিগেজ করেছেন ২ গোল। বেনজেমা একটি। খেলা শেষ হওয়ার আগে বেল নিজেও আরও একটি গোল করে দলের বড় জয়ে রেখেছেন অনন্য ভূমিকা। একই সঙ্গে তাঁকে নিয়ে সাম্প্রতিক যে সমালোচনাটা হচ্ছিল, তার একটা মোক্ষম জবাবও তিনি দিয়ে দিয়েছেন।
লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে নবাগত স্পোর্টিং গিজনের বিপক্ষে গোলশূন্য ড্রটা কোচ বেনিত্তেজকে যথেষ্ট বিব্রত করেছিল। কালকের এই বড় জয় নিশ্চয়ই রিয়াল কোচের জন্য বড় ধরনের স্বস্তি হয়ে এসেছে। বেটিস ম্যাচ স্বস্তি হয়ে এসেছে কলম্বিয়ান সেনসেশন হামেস রদ্রিগেজের জন্য। দারুণ দুটো গোলে রদ্রিগেজ কাল নিজেকে চিনিয়েছেন নতুন করেই।
বেটিস অবশ্য ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিল। রাফায়েল ভারানে ডি বক্সের মধ্যে বেটিসের জর্জ মলিনাকে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি না বাজিয়ে পারেননি। সেই পেনাল্টিটি গোলে পরিণত করতে ব্যর্থ হন রুবেন কাস্ত্রো। রিয়াল গোলরক্ষক কেইলর তাঁর বাম দিকে শুয়ে পড়ে দলকে বাঁচান গোল হজমের হাত থেকে। সূত্র: এএফপি।