সমালোচনা করায় ইনবক্সে গালি দিয়েছেন মেসি

বার্সা ছেড়ে গত আগস্টে পিএসজিতে যোগ দেন মেসিছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমালোচনায় তাহলে এতটাই বিরক্ত হন লিওনেল মেসি। এমনই যে পিএসজির আর্জেন্টাইন ফরোয়ার্ডের ভব্যতাবোধই ঠিক থাকে না! লিভারপুল ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার জেমি ক্যারাঘারের দাবি শুনে তেমনই মনে হবে। ক্যারাঘার বলছেন, গত বছর মেসির পিএসজি যাওয়া নিয়ে সমালোচনা করার পর ইনস্টাগ্রামের ইনবক্সে মেসি তাঁকে ‘গাধা’ বলেছেন!

নিজের চোখে ২০২১ সালের বর্ষসেরা দলে মেসিকে রাখেননি ক্যারাঘার। স্কাই স্পোর্টসের ‘ফ্রাইডে নাইট ফুটবলে’ নিজের সেই বর্ষসেরা দলে মেসিকে না রাখার ব্যাখ্যা দিতে গিয়েই তাঁকে মেসির এভাবে গালাগালি করার কথা জানিয়েছেন ক্যারাঘার।

গত আগস্টে বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক শেষে মেসি চলে যান নেইমার, কিলিয়ান এমবাপ্পের ক্লাব পিএসজিতে। আগস্টেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও দলবদল করেন। জুভেন্টাস ছেড়ে ৩৬ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ড ফিরে আসেন ম্যানচেস্টার ইউনাইটেডে। কার দলবদলটা বেশি ভালো হয়েছে, এ নিয়ে তখন আলোচনা শুরু হয়। আর মেসি-রোনালদোর মধ্যে আলোচনা মানে তো ‘কে সেরা’ বিতর্ক আসবেই!

ক্যারাঘার সব সময়ই দুজনের মধ্যে মেসিকে সেরা বলে মেনেছেন। এমনকি ২০০৫ চ্যাম্পিয়নস লিগজয়ী লিভারপুলের সাবেক ডিফেন্ডারের চোখে মেসি সর্বকালেরই সেরা। কিন্তু মেসির পিএসজি যাওয়া কিংবা রোনালদোর ইউনাইটেডে ফেরা—কোনো দলবদলই ঠিক হয়নি বলে তখন মত দিয়েছিলেন ক্যারাঘার। সে নিয়ে যে মেসি এমন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন, সেটি এবার ক্যারাঘার জানালেন তাঁর চোখে ২০২১ সালের বর্ষসেরা দলের ঘোষণায়।

স্কাই স্পোর্টসে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করছেন ক্যারাঘার। তাঁর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক রাইটব্যাক গ্যারি নেভিলের বিতর্ক জমে অনেক, সেগুলো আলোচনার খোরাকও জোগায়। গত আগস্টেই যেমন, রোনালদো ইউনাইটেডে ফেরার পর আবার ইংলিশ সংবাদমাধ্যমে ‘রোনালদো না মেসি—কে সেরা’ বিতর্ক আবার উসকে যায়।

গত মৌসুমে যখন মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। দুজনই এবার ক্লাব বদলেছেন
ফাইল ছবি: এএফপি

ইউনাইটেডে রোনালদোর সাবেক সতীর্থ নেভিল তো সব সময়ই রোনালদোর পক্ষে, ক্যারাঘার তখন মেসির শ্রেষ্ঠত্বের যুক্তি তুলে ধরে নেভিলকে পর্যুদস্ত করেন।
সেই ক্যারাঘারই বর্ষসেরা দলে মেসিকে না রাখায় অবাক হয়ে যান নেভিল। সেখান থেকেই কথার শুরু। সঞ্চালক ডেভিড জেমসের সঙ্গে নেভিল ও ক্যারাঘারের কথোপকথন তুলে ধরেছে ইংলিশ দৈনিক ডেইলি মিরর—

ক্যারাঘার: মেসি নেই দলে। মৌসুমের শুরুতে আমরা তর্কে জড়িয়েছিলাম, মেসি না রোনালদো? তখন আমি মেসির পক্ষে ছিলাম। ও (নেভিল) রোনালদোর পক্ষে ছিল। তবে দুর্ভাগ্যবশত, যদিও ও (মেসি)...

নেভিল: ও (মেসি) তোমার ওপর খুশি নয়। তাই না?

ক্যারাঘার: না। ও মোটেও আমার ব্যাপারে খুশি নয়।

নেভিল: কেন?

ক্যারাঘার: মৌসুমের শুরুতে রোনালদোর সমালোচনা করেছিলাম আমি। বলেছিলাম ইউনাইটেডের জন্য ওকে দলে নেওয়া ভালো হয়নি। মেসির উদাহরণ দিয়েছিলাম তখন। আমার কাছে মনে হয়নি পিএসজির জন্যও মেসিকে দলে নেওয়া ভালো হয়েছে।

লিভারপুলের কিংবদন্তি অধিনায়ক ও বর্তমানে অ্যাস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ডের সঙ্গে ক্যারাঘার (বাঁয়ে)
ছবি: ক্যারাঘারের টুইটার

জোনস: ওটা ছিল মানডে নাইট ফুটবলে (স্কাই স্পোর্টসের আরেক অনুষ্ঠান), তাই না?

ক্যারাঘার: হ্যাঁ। এরপর ইনস্টাগ্রামে আমি একটা ব্যক্তিগত বার্তা পেলাম...

জোনস: ওর কাছ থেকেই?

ক্যারাঘার: ওর কাছ থেকেই—মেসি। ব্যক্তিগত বার্তা আমি প্রকাশ্যে দেখাব না। তবে ও আমাকে বলতে গেলে গাধাই বলেছে।

জোনস: তার মানে মেসিও এসব অনুষ্ঠান দেখে?

ক্যারাঘার: ও মানডে নাইট ফুটবল দেখেছে। আশা করি ও ফ্রাইডে নাইট ফুটবলও দেখবে। কারণ, লিওনেল, আমি তোমাকে খুব পছন্দ করি। সর্বকালের সেরা তুমি। তোমার তুলনায় আমি গাধাই, সেটা আমি মানি। তবে তুমি এই দলে (ক্যারাঘারের বর্ষসেরা দল) জায়গা পাচ্ছ না। তুমি খুব একটা ভালো খেলোনি। গ্রীষ্মে যদিও কোপা আমেরিকা জিতেছ, কিন্তু সেটা আমার পছন্দের খেলোয়াড় মো সালাহকে দলের বাইরে রাখার মতো যথেষ্ট ছিল না।

পরে এই আলোচনার ভিডিও টুইটারে দিয়ে ক্যারাঘার লিখেছেন, ‘লিওনেল মেসির মতো কিংবদন্তির কাছে গাধা বলে গালি খেয়ে সম্মানিত বোধ করছি।’