সমালোচনা পাত্তা দেন না রুনি

আর তিনটি গোল হলেই ম্যানচেস্টার ইউনাইটেডে কিংবদন্তি ববি চার্লটনের গড়া ২৪৯ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। ইউনাইটেডের প্রতিটি ম্যাচের আগে তো ওয়েইন রুনিরই বেশি আলোচনায় থাকার কথা!
আছেনও। তবে যেভাবে থাকতে চেয়েছিলেন, মোটেও সেভাবে নয়। কদিন ধরে রুনি শিরোনামে আসছেন শুধু তাঁকে নিয়ে চলা সমালোচনার কারণে। ইউনাইটেডের মূল একাদশ থেকেও কেন হোসে মরিনহো তাঁকে বাদ দিচ্ছেন না, এ নিয়েও কত কটূক্তি! এত এত সমালোচনার মুখে আর চুপ থাকতে পারলেন না ইংলিশ স্ট্রাইকার। কড়া ভাষায় জানিয়ে দিলেন, ওসব ‘বাজে কথা’য় তিনি কান দেন না।
সর্বশেষ ম্যাচে নর্দাম্পটনের বিপক্ষে জয়ের আগে এক সপ্তাহে টানা তিনটি ম্যাচ হেরেছে ইউনাইটেড। মরিনহোর দলের হঠাৎ এই পথ হারানোয় সবচেয়ে বেশি দায়টা গেছে রুনির কাঁধেই। স্ট্রাইকার পরিচয় ছেড়ে হয়ে গেছেন মিডফিল্ডার, তাতে কতটা অবদান রাখতে পারছেন সেটিও পড়ছে সমালোচকদের আতশি কাচের নিচে। তবে সবকিছুর জবাব রুনি দিয়েছেন। প্রিমিয়ার লিগে আজ লেস্টারের বিপক্ষে ম্যাচটা সামনে রেখে ইউনাইটেড টিভিতে এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ক্যারিয়ারজুড়েই এমন সমালোচনা শুনে এসেছি আমি। গত কয়েক দিনে হয়তো একটু বেশিই, তবে ফুটবল এমনই। আমি আমার কোচ ও সতীর্থদের কথা শুনি, আমার আশপাশের লোকজনের কথা শুনি। কিন্তু এর বাইরে আরও অনেক লোক কি বলছে তাতে খুব একটা কান দিই না, কারণ এর বেশির ভাগই বাজে কথা।’
ব্যাখ্যা দিলেন নিজের ‘মিডফিল্ডার’ পরিচয়েরও, ‘আমি সব জায়গাতেই খেলতে পারি। কোচও আগেই পরিষ্কার করে বলেছিলেন যে, হয় সবার ওপরে নয়তো নাম্বার টেন হিসেবে খেলব আমি। আমাকে ওখানেই দেখতে চান তিনি।’
এবার মাঠেও জবাব দেওয়ার পালা, রুনি! স্কাই স্পোর্টস।