সমালোচনা হবেই, মেনে নিয়েছেন রোনালদো

গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ যেন ধ্বংসস্তূপ থেকে ফিরে আসা। প্রিমিয়ার লিগের আগের ম্যাচে লিভারপুলের কাছে ৫-০ গোলে উড়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এত বড় হারের পর আত্মবিশ্বাস তলানিতে নেমে যাওয়াটাই স্বাভাবিক। দলের খেলোয়াড়, কোচ—সমালোচনার হাত থেকে বাঁচতে পারেননি কেউ।

সেই ধ্বংসস্তূপ থেকে উঠে দাঁড়িয়ে পরের ম্যাচেই টটেনহামকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে ইউনাইটেড। একটি করে গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, এদিনসন কাভানি ও মার্কাস রাশফোর্ড।

রোনালদো শুধু গোল করেননি; দ্বিতীয়ার্ধে রক্ষণচেরা পাসে কাভানিকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি
ছবি : রয়টার্স

৩৯ মিনিটে দুর্দান্ত এক ভলিতে বড় জয়ের শুরুটা করেছেন রোনালদোই। ব্রুনো ফার্নানদেজের আলতো চিপে দুরূহ কোণ থেকে ডান পায়ের জোরালো শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়িয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের মাঠে বড় জয়ের পর সমালোচকদের জবাব দিতেই পারতেন রোনালদো। কিন্তু এই তারকা বলেছেন, খারাপ খেললে সমালোচনা হবে, এটা মানতে হবে।


কাল রোনালদো শুধু গোল করেননি; দ্বিতীয়ার্ধে রক্ষণচেরা পাসে কাভানিকে দিয়ে করিয়েছেন দলের দ্বিতীয় গোলটি। এমন জয়ের পর কিছুটা হলেও লিভারপুলের বিপক্ষে বড় হারে কিছুটা প্রলেপ দেওয়া গিয়েছে। অন্তত সমর্থকদের তো অন্তত কিছুটা স্বস্তি দেওয়া গেল।

লিভারপুলের বিপক্ষে বড় হারের পর রোনালদো ও ইউনাইটেডকে ঘিরে ধরেছিল সমালোচনা
ছবি : রয়টার্স

লিভারপুলের বিপক্ষে বড় হারের পর রোনালদো ও ইউনাইটেডকে ঘিরে ধরেছিল সমালোচনা। ম্যাচ শেষে রোনালদো বলেছেন, ‘সব সময় সমালোচনা থাকবে। আমি এগুলো পাত্তা দিই না। কারণ, ১৮ বছর ধরে ফুটবল খেলছি। সুতরাং আমি জানি, এক দিন (মানুষ বলবে) আমরা ভালো খেলেছি। অন্যদিন (তারাই বলবে) আমরা জঘন্য। আমি এগুলো জানি এবং এগুলো মেনেই আমাদের চলতে হবে। কিন্তু সমর্থকেরা যখন প্রশংসা করে ও খুশি থাকে, তখন সব সময় ভালো লাগে। কখনো জীবনটা সে রকম যায়। কখনো আমাদের খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যে জন্য আমাদের বদলাতে হয় এবং আজ আমরা সেটাই করেছি।’

টটেনহামের বিপক্ষে তাঁরা যে চাপে ছিলেন, সেটি স্বীকার করেছেন রোনালদো, ‘দল কিছুটা চাপে ছিল। কিছুটা হতাশ ছিল। কিন্তু আমরা জানি, আজ আমরা ভালো জবাব দিতে পেরেছি। আমরা ভালো খেলেছি। ম্যাচের শুরুটা হয়েছে ভালো।’


নিজের পারফরম্যান্স সম্পর্কে রোনালদোর মূল্যায়ন, ‘অবশ্যই আমার কাজ হলো অভিজ্ঞতা কাজে লাগিয়ে, গোল করে ও গোলে সহায়তা করে দলকে সাহায্য করা এবং আজ সেটিই করেছি। আমি খুবই খুশি। তবে আমার ব্যক্তিগত মতামত হলো দলীয়ভাবে দুর্দান্ত খেলেছি আমরা।’