সমালোচনায় ক্ষুব্ধ ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসুত ওজিল
মেসুত ওজিল

বিশ্বকাপের ফর্মটা ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের পক্ষে অনুপস্থিত—মেসুত ওজিলকে নিয়ে এমন সমালোচনাটা যথেষ্টই ডালপালা গজিয়েছে। কিন্তু এই জার্মান ফুটবল তারকা মনে করেন তাঁকে নিয়ে গণমাধ্যমের অতি-সমালোচনাটা একটু বাড়াবাড়িই। একই সঙ্গে তিনি কোনো রাখঢাকা না রেখেই বলেছেন, এই মুহূর্তে বিশ্বের সেরা ‘১০ নম্বর’ তিনিই।

গত মৌসুমে আর্সেনালে নাম লেখানোর সময়টা মনে করিয়ে দিয়ে ওজিল বলেছেন, ‘রিয়াল থেকে আর্সেনালে আসার সময়টা খুব বাজে ফর্মে ছিলাম। কিন্তু আর্সেনালের জার্সি গায়ে খুব দ্রুতই নিজেকে ফিরে পেয়েছি। দেশের হয়েও নিজেকে উজাড় করে দিয়েছি। বিশ্বকাপ বাছাইপর্বে আট গোল করে দলকে বিশ্বকাপে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছি। বিশ্বকাপ খেলে শিরোপার স্বাদও নিয়েছি। এই মুহূর্তে আমার ফর্ম নিয়ে যেসব কথা হচ্ছে, ব্যাপারটা আমাকে যথেষ্টই দুঃখ দিয়েছে।’

গণমাধ্যমের সমালোচনার জবাব দিতে গিয়ে কিছুটা আবেগপ্রবণই ওজিল। ইংলিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি রাখঢাকের আবরণে বেঁধে রাখতে চাননি, ‘দেখুন জোয়াকিম লো আমাকে জার্মান দলে লেফট উইঙ্গার হিসেবে খেলিয়েছেন। আমি জানি এই জায়গাটা অনেক কঠিন। তার পরও দলের স্বার্থে হাসিমুখে আমি আমার অসুবিধা মেনে নিয়েছি। বিশ্বকাপে আমি তো খারাপ খেলিনি। হ্যাঁ, হয়তো আরও গোল পেতে পারতাম, গোলে আরও শট নিতে পারতাম। আমি কিন্তু এই মুহূর্তে বিশ্বের সেরা ১০ নম্বর জার্সিধারী। আমার উপস্থিতি দলকে যথেষ্টই উজ্জীবিত করতে পারে।’

গণমাধ্যমে তাঁর ফর্ম নিয়ে যাবতীয় সমালোচনাকে ‘নেতিবাচক’ই মনে করেন তিনি, ‘এই সমালোচনা নেতিবাচক ছাড়া আর কিছুই নয়। অনেকটা অপ্রয়োজনীয়। আমি জার্মান ফুটবলের কাঙ্ক্ষিত তারকা ছিলাম, এখন সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছি। পুরো বিষয়টিই আমার জন্য যথেষ্ট দুঃখেরই।’

আর্সেনালকে এই মৌসুমে চ্যাম্পিয়ন করাতে চান ওজিল। চ্যাম্পিয়নস লিগেও তাঁর দল ভালোই খেলবে বলে প্রত্যাশা তাঁর, ‘আর্সেনাল খুব ভালো দল। চ্যাম্পিয়ন হওয়ার মতোই। দলটির দিকে তাকিয়ে দেখুন আলেক্সিজ সানচেজ, জ্যাক উইলশেয়ার, অ্যারন রামসি, থিও ওয়ালকট, আমি—কোন জায়গায় সমস্যা। এই দল নিশ্চিতভাবেই চ্যাম্পিয়নস লিগে অনেক দূরই যাবে। লিগ নিয়ে তো আমি যথেষ্টই আশাবাদী।’ সূত্র: রয়টার্স