সম্পর্কের কারণে টিকে আছেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ
প্রথম ছয় ম্যাচে তিনটি হার, একটি ড্র। তিনটি হারই আবার ঘরের মাঠে। যার মধ্যে আছে টটেনহামের কাছে ৬-১ গোলে উড়ে যাওয়া ম্যাচটিও। ম্যানচেস্টার ইউনাইটেডের মৌসুমের শুরুটা হয়েছে খুব বাজেভাবে। সেই ধাক্কা কিছুটা হলেও কাটিয়ে উঠেছে ওলে গুনার সুলশারের দল। তবে ১২ ডিসেম্বর নিজেদের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির সঙ্গে ড্র করার পর আবার সমালোচনার তির ছুটে যাচ্ছে ইউনাইটেডের কোচ সুলশারের দিকে।
ফুটবল পণ্ডিত থেকে শুরু করে সাধারণ ফুটবল অনুসারী—সব শ্রেণির মানুষই সুলশারের সমালোচনায় মুখর। ইউনাইটেডের সাবেক কোচ লুইস ফন গালই হয়তো সবচেয়ে তীক্ষ্ণ তিরটা ছুড়েছেন। ডাচ কোচ মনে করেন, সম্পর্কের কারণেই এখনো ম্যানচেস্টার ইউনাইটেডের চাকরিটা বেঁচে আছে সুলশারের।
প্রিমিয়ার লিগে ১২ ম্যাচ খেলে ২৩ পয়েন্ট ইউনাইটেডের। পয়েন্ট তালিকায় অবস্থান সপ্তমে। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে পিছিয়ে আছে তারা ৮ পয়েন্টে। ইয়ুর্গেন ক্লপের দল অবশ্য দুটি ম্যাচ বেশি খেলেছে। ১৪ ম্যাচ খেলে ৩১ পয়েন্ট গত মৌসুমের চ্যাম্পিয়নদের। কিন্তু পয়েন্ট তালিকায় অবস্থান যা–ই হোক, সব মিলিয়ে ইউনাইটেডের পারফরম্যান্সে খুশি নন ফন গাল। বিশেষ করে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ডার্বি ম্যাচে ইউনাইটেডের রক্ষণাত্মক ফুটবল দেখে হতাশ ওল্ড ট্রাফোর্ডের সাবেক কোচ।
সুলশারের সমালোচনা করে ফন গাল বলেছেন, ‘এমনিতে মৌসুম চলার সময়ে ইউনাইটেড কোচ বরখাস্ত করবে না। সুলশারকে তো নয়ই। আমি সংবাদমাধ্যমে সুলশার আর তার ভবিষ্যৎ নিয়ে সব খবরই দেখি। সুলশার ইউনাইটেডের একজন সাবেক খেলোয়াড়। এ কারণে অন্য যে কারও মতো এত সহজে তাকে বরখাস্ত করবে না ক্লাব।’
তবে দল ক্রমাগত বাজে খেলে যেতে থাকলে শেষ পর্যন্ত সুলশার টিকে থাকতে পারবেন বলে মনে করেন না ফন গাল। নিজের অভিজ্ঞতা থেকে ফন গাল বলেছেন, ‘আমাকে বরখাস্ত করার সময়ও তারা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেছে। একই ব্যাপার সুলশারের ক্ষেত্রেও ঘটতে পারে।’ ২০১৬ সালে বরখাস্ত হওয়ার ঠিক আগে ইউনাইটেডকে এফএ কাপ জিতিয়েছিলেন ফন গাল। কিন্তু সব মিলিয়ে সেই মৌসুম ইউনাইটেডের জন্য খুব বাজে কেটেছিল।
সুলশারের ভবিষ্যৎ নিয়ে কথা বলার পর সিটির বিপক্ষে ইউনাইটেডের পারফরম্যান্স বিশ্লেষণ করেছেন ফন গাল। সেই ম্যাচে ইউনাইটেডের খেলায় হতাশ সাবেক কোচ বলেছেন, ‘পুরো ইউনাইটেড দল মিলে সেদিন শুধু রক্ষণই করেছে।’
ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো নয় ফন গালের। তার ওপর তিনি ছিলেন ইউনাইটেডের সাবেক কোচ। এরপরও এখন ফন গাল সিটিরই সমর্থন করেন। কেন, সেই ব্যাখ্যাও দিয়েছেন, ‘ইউনাইটেডের চেয়ে সিটির খেলাই আমার কাছে বেশি উপভোগ্য। এ কারণেই ইউনাইটেডের চেয়ে আমি সিটির পক্ষেই বেশি কথা বলি।’
দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ের দিনও ইউনাইটেডের সাবেক কোচ ফন গাল সিটির সমর্থনই করেছিলেন। বিষয়টি নিয়ে তিনি বলেছেন, ‘সত্যি বলছি, ইউনাইটেড প্রতি–আক্রমণের চিন্তা মাথায় নিয়ে শুধু রক্ষণই করে গেছে। ডার্বি ম্যাচে ইউনাইটেড এমনভাবে খেলেছে যে তারা যেন সিটির ভৃত্য!’