সম্প্রচারের স্বার্থে ঢাকার পরে সিলেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু কাপে দুই গ্রুপের খেলা দুই শহরে আয়োজনের পরিকল্পনাই নিয়েছিল বাফুফে। সেই অনুযায়ী ছয় দলকে দুই গ্রুপে ভাগ করে বাংলাদেশের গ্রুপের খেলা সিলেটে আয়োজনের প্রস্তুতি চলছিল।
তবে একটা সমস্যা নজরে এসেছে বাফুফের। দুই গ্রুপের খেলা একই সময়ে দুই শহরে আয়োজন করার জন্য টিভি সম্প্রচারের ব্যবস্থা নেই। এক ভেন্যুতে শেষ করার পরই আরেক ভেন্যুতে যাবে সম্প্রচার দল। তাই আগে ঢাকায়, তারপর সিলেটে খেলা আয়োজনের নতুন পরিকল্পনা করা হয়েছে।
১৬-১৮ জানুয়ারি তিন দিনে তিনটি ম্যাচ হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামে। তারপর ১৯-২১ জানুয়ারি তিনটি ম্যাচ সিলেটে। এক দিন বিরতি দিয়ে ২৩ জানুয়ারি প্রথম সেমিফাইনাল হবে সিলেটে। পরদিন ২৪ জানুয়ারি ঢাকায় দ্বিতীয় সেমিফাইনাল। দুদিন বিরতির পর ২৭ জানুয়ারি ঢাকায় ফাইনাল।
এই ফরম্যাটে টুর্নামেন্টে ৯ ম্যাচের ৫টি ঢাকায় হবে, ৪টি সিলেটে। স্বাগতিক বাংলাদেশ দলের একটি ম্যাচ ঢাকায়, অন্যটি সিলেটে হতে পারে। তবে এক ভেন্যুতে কোনো দলের দুটি ম্যাচও হওয়ার সম্ভাবনা আছে।
মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, বাহরাইনের আসা নিশ্চিত হয়েছে গতকাল পর্যন্ত। তবে পঞ্চম বিদেশি দলটি এখনো চূড়ান্ত হয়নি। পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু ২৫ জানুয়ারি দেশের মাটিতে প্রীতি ম্যাচ আছে বলে পাকিস্তান আসতে পারছে না।
বিকল্প হিসেবে মালদ্বীপকে আনার চেষ্টা চলছে। পরশু আমন্ত্রণও পাঠানো হয়েছে মালেতে। দু-এক দিনের মধ্যেই মালদ্বীপের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার অপেক্ষায় বাফুফে। তবে ফিফার হস্তক্ষেপে মালদ্বীপ ফুটবল ফেডারেশনের কমিটি বদল হওয়ায় শেষ পর্যন্ত নতুন কমিটি দল পাঠাবে কি না, তা নিয়েও খানিক সংশয় আছে।
যদিও বাফুফের আশা, মালদ্বীপকে পাওয়া না গেলে অন্য দল আনা যাবে। এর আগে কাতার বা লাওসকে আনার কথা বলা হয়েছিল। শেষ পর্যন্ত এই দুটির একটির দিকেও হাত বাড়াতে হবে পারে। তবে মালদ্বীপ ‘হ্যাঁ’ বললেই অন্য দল নিয়ে আর ভাববে না বাফুফে।