সময়মতোই আসছে সকারুরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তাকে কারণ দেখিয়ে বাংলাদেশে আসেনি অস্ট্রেলিয়া ক্রিকেট দল। নিরাপত্তাভীতি পেয়ে বসেছিল অস্ট্রেলিয়া ফুটবল দলকেও। তবে সংশয় কেটে যাওয়ায় ২০১৮ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে সময়মতোই বাংলাদেশে আসছে সকারুরা।
নিরাপত্তা নিয়ে সংশয় জানিয়ে ফিফার কাছে নিরপেক্ষ ভেন্যুতে বাংলাদেশের ম্যাচটি আয়োজনের প্রস্তাব দিয়েছিল অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন (এফএফএ)। ফিফা সেই প্রস্তাবে সম্মতি না জানালেও অস্ট্রেলিয়ার একটু দ্বিধা ছিলই। তারা এ নিয়ে নিরন্তর যোগাযোগ রেখে যাচ্ছিল ফিফার সঙ্গে। শেষ পর্যন্ত এফএফএ দুজন নিরাপত্তা পর্যবেক্ষককে পাঠায় বাংলাদেশে। এঁদের দুজনের পর্যবেক্ষণের ভিত্তিতেই অবশেষে নিশ্চিত হলো বাংলাদেশে অস্ট্রেলিয়া ফুটবল দলের সফর।
পরশু রাতে ঢাকায় এসেছেন এফএফএর নিরাপত্তা শাখার প্রধান মাইক স্যালিভা ও নিরাপত্তা কর্মকর্তা লিয়াম রায়ান। কাল সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও বিভিন্ন নিরাপত্তাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে সভায় বসেছিলেন তাঁরা। ১৪ নভেম্বরই অস্ট্রেলিয়া দল ঢাকায় আসছে কি না এমন প্রশ্নে তাঁরা কাল একটা কথাই বললেন, ‘ইয়েস।’ ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচটি শেষ হওয়া পর্যন্ত এই দুজনই ঢাকায় থেকে যাচ্ছেন।
নিরাপত্তার বিষয়টি নিয়ে বিস্তারিত বলতে চাননি স্যালিভা। শুধু বলেছেন, ‘আমরা জানতে চেয়েছি কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে।’ গৃহীত ব্যবস্থায় পরোক্ষে নিজেদের সন্তুষ্টিই প্রকাশ পেল এই নিরাপত্তা কর্মকর্তার কথায়, ‘অতীতে এ দেশে ক্রীড়া ইভেন্ট আয়োজনে নিরাপত্তা বিষয়ে যা যা করা হয়েছে সবই শুনলাম আমরা। আমাদের ভালোই লেগেছে।’ তাহলে ক্রিকেট দল কেন এল না? এই প্রশ্নের জবাব দিলেন একটি বাক্যে, ‘কোনো মন্তব্য করব না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে অস্ট্রেলিয়া দলকে সম্ভাব্য সেরা নিরাপত্তাই দেওয়ার আশ্বাস দিয়েছেন, ‘অতীতে এ ধরনের বড় ক্রীড়া ইভেন্ট আয়োজনে আমাদের অভিজ্ঞতার কথাও বলেছি প্রতিনিধিদলকে। সব শুনে তারা সন্তুষ্ট।’ মন্ত্রী বলেছেন, বাড়তি কোনো চাহিদার কথা তাঁরা বলেননি।
এফএফএর দুই সদস্যের প্রতিনিধিদলটি সচিবালয় থেকে বাফুফে ভবনে এসে পড়েন বিশাল এক সাংবাদিক গোষ্ঠীর সামনে। তবে সেখানে তাঁরা কোনো কথা বলেননি। বাফুফের পক্ষ থেকে সহসভাপতি বাদল রায় জানালেন ম্যাচ নিয়ে সর্বশেষ অগ্রগতি, ‘হাইপ্রোফাইল ম্যাচের সবকিছুই এখন পর্যন্ত ঠিকঠাক এগোচ্ছে। প্রতিনিধিদলকে খুশিই মনে হলো আমাদের। কোনো উদ্বেগ বা আশঙ্কা দেখিনি।’
সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে কথা বললেন বাফুফের সদস্য, এএফসির নিরাপত্তা কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ কমিশনার শেখ মারুফ হাসান, ‘ফিফা-এফসির নির্দেশনা অনুযায়ী সবই আমরা করছি। আশা করছি অস্ট্রেলিয়া দল সম্পূর্ণ নিরাপদেই থাকবে বাংলাদেশে।’
হোটেল, অনুশীলন ভেন্যু, স্টেডিয়াম ইত্যাদি দেখতে গত রাতেই এফএফএর আরেকজন প্রতিনিধির ঢাকায় আসার কথা। আগামীকাল ফিফার একজন নিরাপত্তা কর্মকর্তা আসবেন। অস্ট্রেলিয়া যেহেতু আসছেই, তাই এটিকে রুটিন কাজই বলছে বাফুফে।