সময়মতোই শেখ কামাল ফুটবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাহনীর প্রতিষ্ঠাতা শেখ কামাল স্মরণে আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাটা মাস দুয়েক আগেই জানিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু অনেক দূর এগিয়েও টুর্নামেন্টটি আদৌ হবে কি না এমন সংশয়ও এসে পড়েছিল। ২০-৩০ অক্টোবর টুর্নামেন্টের সময়সূচি ঠিক করে ফেলার পরও দল নির্বাচন নিয়ে হচ্ছিল নানা নাটকীয়তা। একদিন একটি দলের নাম ঠিক করার পর বদলে যাচ্ছিল তা পরদিনই। একটা গোলকধাঁধাই চলছিল।
দেশের চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডির না থাকাটাও নিশ্চিত হয়ে গেছে তত দিনে। এ নিয়ে ক্লাবটির সভাপতি মনজুর কাদের ঝাঁজালো ভাষায় আক্রমণ করেন আয়োজক চট্টগ্রাম আবাহনীকে। শেখ জামালকে নাকি ভালোভাবে দাওয়াত করা হয়নি। লিগ রানার্সআপ শেখ রাসেল তো দাওয়াতই পায়নি।
তবে টুর্নামেন্ট নিয়ে সব সংশয় কাল দূর করলেন আয়োজকেরা। চট্টগ্রাম আবাহনীর সভাপতি সাংসদ এম এ লতিফ, ফুটবল চেয়ারম্যান তরফদার রুহুল আমিন, সংগঠক শাহাবউদ্দিন শামীমকে সঙ্গে নিয়ে বাফুফে ভবনে এসে ক্লাবের সদস্যসচিব ও সাংসদ শামসুল হক চৌধুরী জানালেন, টুর্নামেন্ট ঘোষিত সময়েই হচ্ছে। বাংলাদেশে কোনো ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক ক্লাব কাপ এটাই প্রথম।
টুর্নামেন্ট কমিটির প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পরশু তাঁর সঙ্গে আয়োজকেরা দেখা করার পর কাজে এসেছে গতি। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। আহ্বায়ক চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শেষ পর্যন্ত তিনটি স্থানীয় ও পাঁচটি বিদেশি দল নিয়ে হচ্ছে এই টুর্নামেন্ট। যদিও কথা ছিল চারটি করে দেশি-বিদেশি দল থাকবে। বিদেশি দল পাঁচটি হওয়ার কারণটা বললেন শামসুল হক চৌধুরী, ‘শেখ জামাল না আসায় আমরা একটি বিদেশি দল বেশি নিয়েছি।’ কিন্তু শেখ জামাল এল না কেন? তাঁর উত্তর, ‘ওদের তো চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছি। না এলে কী করব।’ কিন্তু শেখ জামাল সভাপতি বলেছেন, ঠিকভাবে তাদের আমন্ত্রণ জানানো হয়নি, কেউ তাঁর সঙ্গে কথা বলেনি। চিঠি একটা পাঠিয়েই কি দায়িত্ব শেষ হয়! এ ব্যাপারে শামসুল হক চৌধুরীর উত্তরটা হাসির রোল তুলল সংবাদ সম্মেলনে, ‘উনারা খেলবেন না। টাকা বেশি চান। আরে টাকাই কি সব! তবু আমরা অনেক চেষ্টা করলাম, কিন্তু শেষ পর্যন্ত এলেনই না। উনারা না এলে আমরা কি কোলে করে নিয়ে আসব!’
টুর্নামেন্ট আয়োজনের উদ্দেশ্যটা জানালেন তরফদার রুহুল আমিন, ‘আবাহনীর প্রতিষ্ঠাতা প্রয়াত শেখ কামালের নামটা আমরা ছড়িয়ে দিতে চাই এ অঞ্চলে। ভবিষ্যতে সারা বিশ্বেই ছড়াবে।’ চট্টগ্রামের দর্শকদের মাঠমুখী করাও অন্যতম লক্ষ্য। প্রতিবছরই এটি আয়োজনের প্রতিশ্রুতি দিলেন আয়োজকেরা। শেখ জামাল না থাকায় টুর্নামেন্টটা রং হারাতে পারে মানতেও রাজি নন তাঁরা। বরং ‘জাঁকজমকপূর্ণ, ‘সুন্দর, ‘মার্জিত’ টুর্নামেন্টই আশাই করা হচ্ছে। দলগুলোর অংশগ্রহণ ফি ৫ হাজার ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ২৫ ও রানার্সআপ ১০ হাজার ডলার।
১২ অক্টোবর ঢাকার একটি হোটেলে ড্র, টুর্নামেন্ট ভেন্যু চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ১৭ অক্টোবরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন মুম্বাই থেকে আসা শিল্পীরা।

শেখ কামাল ফুটবল টুর্নামেন্ট
৮ দলের সংখ্যা
বাংলাদেশের ৩
বিদেশের ৫

বাংলাদেশের
ঢাকা আবাহনী, ঢাকা মোহামেডান, চট্টগ্রাম আবাহনী
বিদেশের
কলকাতা ইস্ট বেঙ্গল, কলকাতা মোহামেডান, ডি স্পিঙ্গার বাজান ক্লাব (আফগানিস্তান), করাচি ইলেকট্রিক ফুটবল ক্লাব (পাকিস্তান),
সলিড এফসি (শ্রীলঙ্কা)।
ম্যাচের ভেন্যু: এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম