সরছেন না ফন গাল

চেলসির সঙ্গে ম্যাচের আগে কোচ ও খেলোয়াড়দের পথ দিয়ে মাঠে ঢুকলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। শুরু হয়ে গেল ফিসফাস, মাঝদরিয়ায় খাবি খেতে থাকা দলকে উদ্ধারের জন্য তাহলে কি আবার ফিরবেন ফার্গি? শেষ পর্যন্ত সেটা অবশ্য গুঞ্জন বলেই প্রমাণিত হয়েছে। টানা চার ম্যাচের হারের বৃত্ত থেকে অবশ্য বেরোতে পেরেছে ইউনাইটেড, চেলসির সঙ্গে গোলশূন্য ড্র করেছে। ফন গাল এ-যাত্রা টিকে যাবেন কি না, সেটা অবশ্য বলা মুশকিল। তবে নিজ থেকে সরে দাঁড়াচ্ছেন না, সেটা নিশ্চিত করে দিয়েছেন।
দুই দিন আগের কথাটার সঙ্গে ঠিক মেলানো যাচ্ছে না, তাই না? ফন গাল আভাস দিয়েছিলেন, তাঁকে ছাঁটাই করার আগে নিজেই সরে যেতে পারেন। পরশুর ম্যাচের পর যে পায়ের নিচের মাটি শক্ত হয়েছে সেটা বলা যাচ্ছে না। এই মৌসুমে অবনমনের সঙ্গে যুদ্ধ করতে থাকা চেলসির সঙ্গে নিজেদের মাঠে ড্র করাটাও খুব ভালো ফল নয়। তবে জয় না পেলেও রুনিরা অন্তত আগের ম্যাচগুলোর চেয়ে ভালো খেলেছেন। পোস্ট ও চেলসি গোলরক্ষক বাধা না হয়ে দাঁড়ালে ইউনাইটেড গোল পেতেই পারত। ফন গাল সেটাকেই ঢাল হিসেবে দাঁড় করালেন, ‘আপনারা দেখেছেন, খেলোয়াড়েরা আমার জন্য লড়াই করে যাচ্ছে। তারা ভালো খেলেছে। এমনকি এই ফলের পরেও সমর্থকেরা প্রশংসা করেছে।’
নিজ থেকে যে সরে দাঁড়াচ্ছেন না, সেটাও পরিষ্কার করে বলে দিলেন, ‘বোর্ড ও খেলোয়াড়দের ওপর আমার আস্থা আছে। এ রকম চাপের মধ্যে থেকেও খেলোয়াড়েরা এমন খেললে আমার পদত্যাগ করার তো কোনো কারণ নেই। হয়তো প্রচারমাধ্যম সেটা চাইতে পারে, কিন্তু আমি এটা করব না।’
গোলশূন্য ড্রতে কৃতিত্বটা যাদের বেশি হওয়ার কথা, পরশুর ম্যাচে আলো ছড়িয়েছেন দুই দলের গোলরক্ষকই। চেলসির থিবো কোর্তোয়া যেমন নিশ্চিত গোল ঠেকিয়ে দিয়েছেন, ইউনাইটেডের ডেভিড ডি গিয়াও দুর্দান্ত কিছু সেভ করেছেন। ইউনাইটেডের দুটো শট বার ও পোস্টে ধাক্কা লেগে ফিরেও এসেছে। ফন গাল তাই ভাগ্যকেই দুষলেন, ‘আমাদের শট পোস্টে লেগেছে, বড় একটা সুযোগও নষ্ট করেছি দ্বিতীয়ার্ধে, দুটি পেনাল্টিও পাইনি। ভাগ্যের সাহায্যটা আমরা একদমই পাচ্ছি না।’
চেলসি কোচ গাস হিডিঙ্ক চোট-জর্জর দল নিয়ে ড্র করেই খুশি, ‘আমি খুশি, কারণ আমাদের জন্য পরিস্থিতিটা কঠিন ছিল। আমাদের অনেক খেলোয়াড়ই চোট ও নিষেধাজ্ঞার কারণে মাঠের বাইরে ছিল।’ এএফপি।