সরনার মহত্ত্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঠরযন্ত্রণা কাকে বলে, সেটা জেনেছিলেন শৈশবে। দারিও সরনার জন্ম যুদ্ধবিধ্বস্ত যুগোস্লাভিয়ায়। পৃথিবীর রুক্ষ চেহারাটা তাই দেখা হয়ে গেছে ছেলেবেলাতেই। পরে অবশ্য তাঁর জন্মভূমি ক্রোয়েশিয়া আলাদা হয়ে যায় যুগোস্লাভিয়া থেকে। ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার এরপর ফুটবল থেকে যশ-অর্থ সবকিছুই পেয়েছেন। কিন্তু সংগ্রামমুখর দিনগুলোর কথা ভোলেননি। সরনা তাই ইউক্রেনের দোনেৎস্কের শিশুদের জন্য ২০ টন কমলালেবু কিনে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তাঁর জন্মশহর মেতকোভিচ থেকে ট্রাকে পাঠানো হবে এই উপহার। কিন্তু এত জায়গা থাকতে দোনেৎস্ক কেন? এই শহরের ক্লাব শাখতারের হয়ে খেলেন সরনা, ক্লাবের প্রতি কৃতজ্ঞতা থেকেই এটা করার সিদ্ধান্ত নিয়েছেন। গৃহযুদ্ধ চলছে ইউক্রেনে, চরম সংকটে পড়েছে দোনেৎস্ক শহর। রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় নিজেদের স্টেডিয়ামে খেলতে পারছে না শাখতার। সরনার উপহারটা এর চেয়ে ভালো সময়ে হতে পারত না! ইএসপিএন।