সরে গেল মেসির ছায়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিওনেল মেসির সঙ্গে মাঠে, মাঠের বাইরে তাঁর বন্ধুত্ব অনেক গভীর। কিন্তু নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার একটা বড় কারণও মেসি। ফুটবল বিশ্লেষকদের ধারণা অন্তত তা-ই। মেসি যত দিন আছেন, তত দিন বার্সেলোনায় মূল খেলোয়াড় হওয়া হবে না নেইমারের। এ কারণেই নাকি তাঁর পিএসজিতে যাওয়া। যেখানে দলটা গড়েই উঠবে তাঁকে ঘিরে। অনেকটা ব্রাজিল জাতীয় দলে যেমন, নেইমারই নিউক্লিয়াস!

বার্সেলোনায় মেসি-সুয়ারেজের পাশে নেইমার আরও শাণিত হয়েছেন ঠিকই। তবে পিএসজিতে যাওয়াই হয়তো ছিল তাঁর ক্যারিয়ারের পরের ধাপ। দলের মূল খেলোয়াড় হলেই যে সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠেন নেইমার। ব্রাজিলের জার্সিতে সেটির প্রমাণ রেখেছেন। ৭৭ ম্যাচে ৫২ গোল, ব্রাজিলকে এনে দিয়েছেন ২০১৩ কনফেডারেশনস কাপ ও ২০১৬ অলিম্পিকের অধরা সোনা।

বার্সেলোনাতেও একই অবস্থা। চোট-নিষেধাজ্ঞায় মেসি যখন মাঠে ছিলেন না, সে সময়ই আপন আলোয় জ্বলে উঠেছেন নেইমার। পরিসংখ্যানই তা বলে। বার্সায় লিগ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে ১৭৮ ম্যাচে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল ৮৯টি, সতীর্থদের ৫৩টি গোলের শেষ পাসও ছিল তাঁর। অর্থাৎ গড়ে প্রতি ম্যাচে ০.৫ গোল, ‘অ্যাসিস্ট’ ০.৩টি। কিন্তু এর মধ্যে মেসি ছিলেন না, এমন ২২টি ম্যাচের পরিসংখ্যান? গোল ২০টি, অ্যাসিস্ট ১০টি। অর্থাৎ ম্যাচপ্রতি ০.৯১ গোল, অ্যাসিস্ট ০.৪৫!